তানভীর হত্যা মামলায় গ্রেপ্তার রিফাত রিমান্ডে
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আটক রিফাত বিন ওসমানকে (২১) গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এরপর আজ বুধবার তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মনোয়ারা বেগম। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিফাত নারায়ণগঞ্জের কালীর বাজারের বাসিন্দা। তাঁর বাবার নাম ওসমান গণি ওরফে নবু।পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া রিফাত শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। গ্রেপ্তার দেখানোর আগে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিলেন। এরপর আজ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত সোমবার আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ সাতজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন তানভীরের বাবা রফিউর রাব্বি। এতে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী এবং যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে সুজন, ক্যাঙারু পারভেজের ঘনিষ্ঠ সহযোগী রাজীব দাস, সালেহ রহমান ওরফে সীমান্ত ও অয়ন ওসমানের সহযোগী রিফাতের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। হত্যাকাণ্ডে আরও অজ্ঞাতনামা আট থেকে ১০ জন জড়িত ছিল বলে লিখিত অভিযোগে বলা হয়।পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজীব ও সালেহ ঘটনার পরপরই দেশ ছেড়েছেন।এদিকে আজ বুধবার বিকেল চারটার দিকে তানভীরের বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তানভীর হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা এবং তাঁরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।গত ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর। এ ঘটনায় তানভীরের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর নারায়ণগঞ্জ মডেল থানায় মামলা করেন।