তানভীরের বিরুদ্ধে আরও দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির মূল হোতা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের বিরুদ্ধে আজ সোমবার নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে ১১টি মামলা হয়।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সাভার থানায় আরেকটি মামলা হয়েছে। সংশ্লিষ্ট দুটি থানা মামলার বিষয়টি নিশ্চিত করেছে।তানভীর মাহমুদকে গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে র‌্যাব গ্রেপ্তার করে। রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ব্লক-সির ৮ নম্বর লেনের ১২ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুদকের করা মামলার অপর আসামি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদকেও গ্রেপ্তার করে র‌্যাব। তুষার আহমেদ সম্পর্কে তানভীর মাহমুদের ভায়রা।এই দুজনের কাছ থেকে পাঁচটি ব্ল্যাকবেরি মুঠোফোন, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুই লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তানভীর ও তুষারকে গ্রেপ্তারের পর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল জানিয়েছিলেন, উদ্ধার হওয়া পিস্তলটি অবৈধ।তানভীর মাহমুদ সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকটির রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাত্ করেছেন। গত ২৪ মে হলমার্ক গ্রুপের কারসাজি নিয়ে প্রথম আলোয় প্রথম সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রায় সাড়ে তিন মাস ধরে গণমাধ্যমে আলোচিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য তানভীরকে তলব করে। গত ২ সেপ্টেম্বর একটি নম্বর ছাড়া পাজেরো গাড়িতে দুদক কার্যালয়ে হাজির হন তানভীর। এরপর ২ অক্টোবর জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির ডাকে হাজির হয়ে ঋণ-প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি স্বীকার করেন তিনি। ৪ অক্টোবর তানভীর ও তাঁর স্ত্রী ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।