তানোরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আবু সুফিয়ান (৩০) নামের ওই শিক্ষক তানোরের ইলামদহি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তানোর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, আবু সুফিয়ানের কাছে স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী প্রাইভেট পড়ত। গতকাল রাত আটটার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে শিক্ষক সুফিয়ান ওই ছাত্রীর সঙ্গে রওনা হন। রাস্তায় তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে ওই ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রীটি বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। রাতেই পরিবারের পক্ষ থেকে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে পুলিশ আজ তানোর বাজার এলাকা থেকে শিক্ষক সুফিয়ানকে গ্রেপ্তার করে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশের কাছে ওই শিক্ষক মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি এখন মেয়েটিকে বিয়ে করতে চান। কিন্তু মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। তা ছাড়া ধর্ষণের মামলা আপসযোগ্য নয়। আজই তাঁকে রাজশাহী বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।