তানোরে ৯০ কিমি বিদ্যুৎ লাইন বসানোর কাজ চলছে
রাজশাহীর তানোরে যত্রতত্র বিদ্যুতের লাইন টানার জন্য খুঁটি পোঁতা হচ্ছে। অথচ বিদ্যুতের অভাবে এখানকার কৃষক বোরোর জমিতে ঠিকমতো সেচই দিতে পারছেন না।রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, তানোরে ৯০-৯৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন বসানোর কাজ চলছে। এর মধ্যে ৬৫ কিলোমিটার বিতরণ লাইন ও ৩০ কিলোমিটার উত্স লাইন।তানোর উপজেলার কলমা ইউনিয়নের চৈতপুর, বংপুর, হরিদেবপুর, চন্দনকোঠা, দরগাডাঙ্গা প্রভৃতি এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর কাজ সবচেয়ে বেশি চলছে। হরিদেবপুর গ্রামের কৃষক ইমরুল হক বলেন, বিদ্যুতের অভাবে তাঁরা জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না। এরই মধ্যে পানির স্তর নিচে নেমে যাওয়ায় জমি ভেজাতে সময় লাগছে বেশি।চন্দনকোঠা গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংকটের কারণে কৃষকদের সেচ দেওয়ার নামে হয়রানি হচ্ছে। লো-ভোল্টেজের কারণে সেচযন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে আবার নতুন খুঁটি গাড়া হচ্ছে। কীভাবে এই বাড়তি চাহিদা মোকাবিলা করা হবে, তাঁরা বুঝতে পারছেন না। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, তাঁরা তানোরে ২০০৯-১০ অর্থবছরে প্রায় ৯৫ কিলোমিটার লাইন টানার কাজ করছেন। এর মধ্যে ৬৫ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন ও ৩০ কিলোমিটার উত্স লাইন। নওগাঁর নিয়ামতপুর এলাকা থেকে এই উত্স লাইনের মাধ্যমে তাঁরা ১৫-১৬ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাবেন। ডিসেম্বরের মধ্যে এই সুবিধা পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। এমনিতেই বিদ্যুৎ নেই, বাড়তি লাইন টেনে কীভাবে চাহিদা মোকাবিলা করা সম্ভব, জানতে চাইলে সারোয়ার হোসেন বলেন, শুধু সেচের সময়ই এই ঘাটতি দেখা দেয়। নওগাঁর গ্রিড থেকে বাড়তি বিদ্যুৎ পেলে এ সমস্যা কমে আসবে। এ ছাড়া আরও একটি নতুন গ্রিড থেকে ২০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যেতে পারে।