তাপসের ওপর বোমা হামলার বিচার যথাযথভাবেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, কোনো সেনা কর্মকর্তা যদি অন্যায়-অপরাধ করেন, তবে সেনা আইনেই তাঁর বা তাঁদের বিচার হয়। সেনা কর্তৃপক্ষ অবশ্যই দেখেশুনে সাক্ষ্য নিয়ে এ বিচার করেছে।’ সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনায় পাঁচজন সেনা কর্মকর্তার কারাদণ্ড প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন। আজ শনিবার তিনি টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমাজকে কলুষিত করে নয়, বরং সমাজকে এগিয়ে নেয়, এ ধরনের যাত্রাশিল্পকে আমরা স্বাগত জানাব। তবে যাত্রা, মেলা ইত্যাদির নামে কোথাও যেন জুয়াখেলা না হয়, সে দিকে বিশেষ দৃষ্টি রাখা হবে।’ তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে কোরবানির পশুর হাট এবং পশু পরিবহনে পুলিশি পাহারার ব্যবস্থা করা হবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতারাসহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।