লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় মাস ধরে ছাত্রী অসুস্থতার ঘটনা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে দিনকে দিন আতঙ্ক বেড়েই চলছে। এ পর্যন্ত ওই বিদ্যালয়ে ৪৯ জন ছাত্রী অসুস্থ হয়েছে। ছয় মাস ধরে তারাই পর্যায়ক্রমে অসুস্থ হচ্ছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও চিকিৎসকেরা দফায় দফায় বিদ্যালয় পরিদর্শন করলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ছাড়া এ ঘটনাকে অনেকে ‘জিনের আছর’ মনে করে জিন তাড়াতে স্থানীয় ইমাম ও কবিরাজের কাছে ছুটছেন। তাঁদের পরামর্শে মিলাদ এবং দোয়া, ইমাম দিয়ে সূরা জিন পাঠ, তাবিজ ঝোলানোসহ ঝাড়ফুঁক করছেন। কিন্তু এতেও কোনো সুফল আসেনি।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় গত মার্চ মাসে সরকারিভাবে দুই সদস্যবিশিষ্ট একটি চিকিৎসকদল (মেডিকেল টিম) গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসক দলের প্রধান শিশুবিশেষজ্ঞ ইফতেখার উল হক খান বিদ্যালয়ে অবস্থান করেন। এ সময় তাঁর সামনেই ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তিনি চারজন ছাত্রীকে পরীক্ষামূলক চিকিৎসা দিয়ে বেলা একটার দিকে চলে যান।এভাবে একের পর এক ছাত্রী অসুস্থ হওয়ায় শিক্ষক ও অভিভাবকদের ধারণা, বিদ্যালয় প্রাঙ্গণে ‘জিন-পরি’ অবস্থান করছে। এ জন্য বিদ্যালয় এলে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, স্থানীয় ইমাম ও কবিরাজের পরামর্শে সম্প্রতি ৩৮ জন ইমাম দিয়ে বিদ্যালয়ে শেফা খতম পাঠ, মিলাদ ও দোয়া, ৪২ কেজি মিষ্টি বিতরণ, ১৫০টি তদবির দেওয়া তাবিজ পোড়ানো, সাতজন ইমাম দিয়ে সূরা জিন ১০১ বার দেখে দেখে পাঠ, সুতা দিয়ে তাবিজ ঝোলানো, জিনের বাদশাকে সতর্কের জন্য চিঠি, লালপতাকা বাঁশের খুঁটিতে ওড়ানো ও ঝাড়ফুঁকসহ তদবির দেওয়া হয়। কিন্তু এতেও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। জানা গেছে, বিদ্যালয় অঙ্গনের কথিত ‘জিন-পরি’ তাড়াতে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবকেরা চাঁদা তুলে কয়েকজন ইমাম ও কবিরাজের পরামর্শে এসব আয়োজন করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বেগে রয়েছেন। এ ব্যাপারে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন বলেন, ‘জিন-পরি তাড়াতে আমি বিদ্যালয়ে পাঁচ-ছয়বার গিয়েছি। সেখানে জিনের আস্তানা আছে। দিন যত যাচ্ছে, জিন তত উগ্র হচ্ছে। আমার পরামর্শক্রমেই শিক্ষক ও এলাকাবাসী শেফা খতম, বিদ্যালয়ে মিলাদ, তাবিজ পুড়িয়েছে। নিরুপায় হয়ে শেষমেশ সূরা জিন পাঠ ও জিনের বাদশাকে সতর্ক করে চিঠি ও লালপতাকা ঝুলিয়েছি। আমি জিন তাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, গত ২৪ মার্চ হঠাৎ ছাত্রীরা অসুস্থ হয়ে শ্রেণীকক্ষে পড়ে গড়াগড়ি করে। মুখ দিয়ে লালা ঝরে। অসংলগ্ন কথাবার্তা বলে। এ পর্যন্ত ৪৯ জন ছাত্রী অসুস্থ হয়। অসুস্থ ছাত্রীদের কেউ কেউ রাতে ঘুমের মধ্যে চিৎকার ও কান্নাকাটি করে। রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন, ‘দফায় দফায় এ বিদ্যালয়ে ছাত্রী অসুস্থের ঘটনা ঘটছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদ্যালয় পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আছি।’ইফতেখার উল হক খান বলেন, ‘এটি মানসিক রোগ হতে পারে। আমি পরীক্ষামূলক চার ছাত্রীকে রিবোট্রিল খাওয়ার পরামর্শ দিয়েছি। তারা অন্তত দু-তিন সপ্তাহ নিয়মিত ওষুধটি খেলে প্রতিকার মিলতে পারে। এ ছাড়া মানসিক ও মনোরোগ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি দল পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।’ লক্ষ্মীপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন শরীফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিকিৎসকদলসহ তাঁরা বিদ্যালয় পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, এটি ভয়ভীতিজনিত মানসিক চাপের কারণে, গণমনস্তাত্ত্বিক রোগ (মার্স সাইকোজনিক ইলনেস)। সাময়িকভাবে বিদ্যালয়টি বন্ধ রাখার পরামর্শ দেওয়ার কথাও তাঁরা ভাবছেন।অসুস্থ ছাত্রীরা: দ্বিতীয় শ্রেণীর ফারজানা; তৃতীয় শ্রেণীর পান্না আক্তার, খাদিজা আক্তার, সুইটি আক্তার, সুমি আক্তার, ফারজানা আক্তার, বিলকিছ, পপি, মরিয়ম; চতুর্থ শ্রেণীর মিতু আক্তার, ফাতেমা আক্তার, নাজমুছ সাকিব, পান্না আক্তার, সাজু আক্তার, আমেনা বেগম, শাহনাজ আক্তার, সোনিয়া আক্তার, সুমি আক্তার, ফাতেমা আক্তার, ফাতেমা, মিতু আক্তার, মিম আক্তার, নাছরিন আক্তার, নাছিমা আক্তার, বিলকিছ আক্তার, জেসমিন আক্তার, শিমু আক্তার ও খাদিজা আক্তার; পঞ্চম শ্রেণীর শাহিনুর আক্তার, রনি হোসেন, সাজু আক্তার, শান্তা আক্তার, সাথী আক্তার, রাজিম হোসেন, সালমা আক্তার রানী, পপি আক্তার, পপি, সালমা আক্তার, শিমু আক্তার, আসমা আক্তার, ইয়াছিন আক্তার, মরিয়ম আক্তার, লিমা আক্তার, মুক্তা আক্তার, হাছিনা আক্তার, জ্যোৎস্না আক্তার, সামিরা আক্তার, জ্যোৎস্না আক্তার ও মর্জিনা আক্তার।