তাবু স্মৃতি স্কুল টুর্নামেন্টে মুসলিম মিশন চ্যাম্পিয়ন
ফরিদপুরে টিআর চৌধুরী তাবু স্মৃতি স্কুল টুর্নামেন্ট ১০ জুলাই শেষ হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর মুসলিম মিশন এবং রানারআপ হয়েছে ময়েজ উদ্দীন উচ্চবিদ্যালয়। ফাইনাল খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে মুসলিম মিশন ময়েউদ্দীনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফরিদপুর স্টেডিয়ামে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। ১৮ জুন ফরিদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়। এতে দুটি গ্রুপে আটটি দল অংশ নেয়। অন্য দলগুলো হলো: ঈশান ইনস্টিটিউশন, সাদীপুর উচ্চবিদ্যালয়, চর টেপাখোলা উচ্চবিদ্যালয়, ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর উচ্চবিদ্যালয় ও কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট।সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির ও মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. মুজিবুল হক।