তামাক চাষ বাড়ছে নীলফামারীতে
নীলফামারী জেলায় তামাক চাষ বাড়ছে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র অনুযায়ী জেলায় তামাক চাষ কমেছে, কিন্তু মাঠপর্যায়ে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তার বিপরীত চিত্র দেখা যায়। তামাক উত্পাদনকে কেন্দ্র করে প্রতিবছর জেলার যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য তামাক মাড়াইয়ের কারখানা। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে তামাক চাষ করতে দেখা যায়। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে পর্যাপ্ত সেচসুবিধা নেই সেখানে তামাক চাষে ঝুঁকে পড়ছেন কৃষকরা। কৃষকরা বলছেন, সম্পূরক সেচসুবিধা নিশ্চিত করা গেলে তাঁরা তামাকের বদলে ধান চাষ করবেন। জেলার প্রায় প্রতিটি উপজেলায় তামাক চাষের ব্যাপকতা চোখে পড়ে। গত মঙ্গলবার সকালে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ওই গ্রামের মৃত আবদুল মামুদের ছেলে কৃষক নজরুল ইসলাম (৪৫) তাঁর পরিবারের অন্য সদস্যদের নিয়ে তামাক গাছের গোড়ায় পানি দিচ্ছেন। তিনি পাশের পুকুর থেকে ভারে (কাঁধে) করে পানি আনছেন। এ সময় তাঁর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘নালার পানি দেয়, দেয় না। ওই আশা বাদ দিয়া তামাক কইরছি। আলু কইরছি। এঠে মটর দিয়া পানি দিলে পানি থাকে না।’ নজরুলের তামাক ক্ষেতের মাত্র ২০০ গজের মধ্যে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের একটি শাখা খাল রয়েছে। কিন্তু কখনো কখনো ওই খালে পানি দেওয়া হয়। আবার কখনো হয় না। এ সময় ওই খালটি দেখা যায় সংস্কারের অভাবে সেচ দেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।কৃষক নজরুল জানান, তিনি তিন বিঘা জমিতে তামাক এবং দুই বিঘায় আলু চাষ করেছেন। আলু তুলে সেখানে পাট করবেন বলেও জানান তিনি। গত বছর তিনি দুই বিঘা জমিতে তামাক করলেও এ বছর তিন বিঘায় করেছেন।সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই হাতিবান্ধা গ্রামের মতিউর রহমান (৩২) তাঁর স্ত্রী ও দুজন কামলাকে নিয়ে তাঁদের তামাক গাছের গোড়ায় পানি ঢালছিলেন। এ সময় কথা বললে মতিউর বলেন, ‘দুই বিঘা জমিত তামাক কইরছি। এক বিঘা জমিত ইরি করমো। কারণ, পানির সমস্যা। স্যালো দিয়া পোশায় না, তেলের দাম বেশি। এক বিঘা জমি দোলাত আছে সেইটাত পানি কম লাগে বলে ইরি করা যাবে। এ বছর পল্লী বিদ্যুতে মটরের জন্য আবেদন কইরছি, লাইন পাই নাই। আগামী বছর মটরের লাইন দিবার চাইছে। মটর পাইলে তিন বিঘায় ইরি করমো।’ গত বছর তিনি এক বিঘা জমিতে তামাক করলেও সেচ সমস্যার কারণে এবার এক বিঘা ইরির আবাদ কমিয়ে দুই বিঘায় তামাক চাষ করেছেন। মতিউর আরও বলেন, ‘তামাক ওঠার পর ওই জমিত পাট করা যাইবে। পাটের দামও ভালো, খড়িও পাওয়া যায়।’ দুই বিঘা জমিতে তামাক চাষে তার আনুমানিক খরচ হবে ৮ হাজার এবং বিক্রি হবে প্রায় ২০ হাজার টাকার মতো বলেও আশা করছেন তিনি।নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘এ বছর জেলায় তামাক চাষ হয়েছে ছয় হাজার ৩৫০ হেক্টর। গত বছর ছিল ছয় হাজার ৭০০ হেক্টর।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপে এ তথ্য পাওয়া যায় বলে তিনি জানান। তিনি জেলায় তামাক চাষ কমেছে দাবি করে বলেন, ‘১৯৯৪-৯৫ সালে জেলায় ১৫ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। ২০০৮ সালে কমিয়ে-সাত হাজার ২৫০ হেক্টর হয়। সে সময় ভার্জিনিয়া জাতের তামাকে রোগনাশক সার সিগারেট কোম্পানি সরবরাহ করত। সেটা বন্ধ হওয়ায় ভার্জিনিয়া চাষ বন্ধ হয়েছে। তিনি বলেন, ‘নিম্নশ্রেণীর বর্গাচাষিরাই সাধারণত তামাক চাষ করে। কারণ তাঁরা পরিবারের সবাই মিলে এ কাজে সহযোগিতা দিতে পারে। অনেকে আগাম তামাক তুলে ইরি করে, আবার যেসব জমিতে বিলম্বে করে, সেসব জমিতে তামাক ওঠার পর পাট-ভুট্টা চাষ করবে। আর তামাকের দাম বেশি হওয়ায় কৃষকরা তামাক চাষে বেশি আগ্রহী।’উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুল হুদা আরও বলেন, ‘এ অঞ্চলের অনেক মানুষ তামাকের ব্যবসা করে কোটিপতি হয়েছে। তামাক চাষকে নিরুত্সাহিত করতে আমরা কৃষকদের সরিষা, ভুট্টা ও শীতকালীন মরিচ, টমেটো, সবজি চাষের পরামর্শ দিই। এসব ফসলে তামাকের চেয়ে লাভ বেশি।’নীলফামারীতে এখন স্থায়ীভাবে কারখানা করে তামাক মাড়াই করছে—নাসির বিড়ি ফ্যাক্টরি, আকিজ, আফিল, আজিজ, ইনতাজ, রাসেদা বিড়ি, সোনালী বিড়িসহ বিভিন্ন সিগারেট ও বিড়ি কোম্পানি। পাশাপাশি স্থানীয়ভাবে হাজী তয়েজ, ময়েজসহ বেশ কিছু ব্যবসায়ী শহরের আবাসিক এলাকায় তামাকের গুদাম করে তামাক সংরক্ষণ ও মাড়াইয়ের কাজ করছে।শহরের গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও প্রধান সড়কের পাশে এসব কারখানা স্থাপন করে তামাক মাড়াই করা হলেও তাদের দেখার মতো কেউ নেই। অতি সম্প্রতি জেলা সদরের কচুকাটায় আবাসিক এলাকায় তামাক মাড়াই বন্ধে আদালতের শরণাপন্ন হয় এলাকাবাসী।এ ব্যাপারে নাসির বিড়ি ফ্যাক্টরি নীলফামারী অফিসের সিনিয়র সহকারী ম্যানেজার মকবুল হোসেন বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কোম্পানি ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও এজেন্টরা তামাক কিনে সংরক্ষণ ও মাড়াইয়ের কাজ করছে। তাঁদের কোম্পানি প্রতি বছর নীলফামারী থেকে ৫০ হাজার থেকে ৬০ হাজার মণ তামাক ক্রয় করে। এর কিছু এখানে মাড়াই করা হয়, কিছু নিয়ে যাওয়া হয়।’কৃষকদের কোনো সহযোগিতা করতে হয় কি না জানতে চাইলে বলেন, ‘নানা কারণে কৃষকেরা তাঁদের প্রয়োজনে তামাক চাষ করেন।’ তামাকের চাষ কমছে না কি বাড়ছে জানতে চাইলে বলেন, ‘উত্পাদন তুলনামূলক বাড়ছে।’ গত বছরের তুলনায় এ বছর আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।