তামাক চাষে কৃষকের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় অন্তত সাত হাজার হেক্টর ধানি জমিতে এবার বোরো চাষ হয়নি। ধানের পরিবর্তে এ জমিতে লাগানো হয়েছিল তামাক। ছত্রাকজনিত কারণে এই তামাক আবাদও মার খেয়েছে। ফলে এবার ওই জমিগুলোতে তামাক কিংবা ধান কোনো আবাদই হয়নি। কৃষকেরা জানান, লাভের স্বপ্ন দেখিয়ে টোবাকো কোম্পানির প্রতিনিধিরা বোরোর পরিবর্তে তাঁদের তামাক চাষে উৎসাহিত করেন। কৃষকেরাও বাড়তি লাভের আশায় ধানি জমিতে ব্যাপকহারে তামাক লাগান। কিন্তু বিগত শীত মৌসুমে তামাক খেতে দেখা দেয় ছত্রাক জাতীয় রোগ। টোবাকো প্রতিনিধিদের পরামর্শে ওষুধ ছিটিয়েও কাজ হয়নি। ছত্রাকের কারণে খেতে তামাকগাছ বাড়েনি। পাতা কুঁকড়ে হলুদ হয়ে তামাক গাছগুলো ক্রমান্বয়ে মরে যায়। এ ছাড়াও খেতে দেখা দিয়েছিল পচন রোগ। সরকারি কৃষি বিভাগ তামাকের রোগ দমনে তাঁদের তেমন কোনো সহায়তা করেনি। তবু কৃষকেরা আশা করেছিল, শীত কেটে গেলে হয়তো কিছু তামাক পাতা পাওয়া যাবে। কিন্তু কৃষকদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে ঠিক কী পরিমাণ জমিতে তামাক চাষ হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান কৃষি বিভাগে নেই। তবে বিভিন্ন টোবাকো কোম্পানির কর্মীরা জানান, ওই দুই উপজেলায় অন্ততপক্ষে সাত হাজার হেক্টর জমিতে তামাক লাগানো হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষি কর্মকর্তা জানান, এ কারণে ৫০ হাজার মেট্রিক টন ধান কম উৎপাদিত হবে। তারাগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার জানান, তামাক চাষ করলে আবাদি জমি ও পরিবেশের ক্ষতি হয়। তাই কৃষি বিভাগ তামাক চাষের বিরোধিতা করে। কিন্তু তামাক চাষের পরিসংখ্যান কৃষি বিভাগে না থাকলেও এ উপজেলায় অন্তত আড়াই হাজার হেক্টর জমিতে এবার তামাক চাষ করে কৃষকেরা মার খেয়েছেন বলে তাদের কাছে তথ্য আছে। বদরগঞ্জের আমরুলবাড়ী গ্রামের কৃষক আবদুল ওয়াহেদ (৪২) ৪৫ শতক ধানি জমিতে এবার অতিরিক্ত লাভের আশায় তামাক লাগিয়েছিলেন। তিনি জানান, ধানের চেয়ে তামাক চাষে চার-পাঁচ গুণ লাভ বেশি বলে তাঁকে স্বপ্ন দেখান একটি টোবাকো কোম্পানির প্রতিনিধিরা। কিন্তু তামাকে পচন দেখা দেওয়ার পর তামাক নষ্ট করে বোরো চাষ করতে চাইলেও টোবাকো কোম্পানির প্রতিনিধিরা তাঁকে তা করতে দেননি।তারাগঞ্জের মেনানগর গ্রামের কৃষক নাজমুল হক (৪৮) তাঁর ৫৫ শতক জমিতে তামাক চাষ করে এবার বিপাকে পড়েছেন। তিনি বলেন, ‘পেত্যেক দিন আলোয়ার (তামাক) স্যারেরা আসি মোক কইছিল ভূঁইয়োত আলোয়া দেও। ধানের চাইতে লাব বেশি পাইমেন। হামরা বাড়ি আসি আলোয়া কিনি নিয়া যামো। তোরা খালি আবাদ করো। এ্যালা আলোয়াও মরি গ্যালো, ভুঁইয়োত ধানও আবাদ করবার পাইনো না। এবার হামার চাইরো প্যাকে লস।’ একই গ্রামের আরেক কৃষক ময়নুল ইসলাম (৩৮) বলেন, ‘ভূঁইয়োত আলোয়ার আবাদ করবার কারণে এবার ধানের বেচন ফেলাই (বোরো বীজতলা) নাই। পরে ঠান্ডাত আলোয়া কোঁকড়া নাগি মরি গেইছে। বেচন বগরে ওই ভূঁইয়োত ধানও গাড়বার পারি নাই। ৬০ শতক মাটিত আলোয়া দিয়া লচ খাচি কম করি ৩০ হাজার টাকা।’বদরগঞ্জের রামনাথপুরের কৃষক সোহেল (৫০) বলেন, ‘ওরা (তামাকের মাঠকর্মীরা) কইচেলো আলোয়াত খিব লাব। লোবোত পড়ি ধান না দিয়া ভূঁইয়োত এবার আলোয়া দেনো। কিন্তুক গাছ না বাড়ার কারণে পরে আলোয়া মারি ফেলে ভূঁইয়োত ধান আবাদ করবার চাইছেনে। তাঁক ফির ছারেরা (তামাক কর্মী) দেয় নাই। কইচেলো শীত কাটি গেইলে গাছ বাড়বে। কিন্তুক বাড়ে নাই। ওমার বুদ্ধি ধরি এইবার আলোয়া আবাদ করি হামার সর্বনাশ হয়া গ্যালো।’বদরগঞ্জের দামোদরপুর, রাধানগর, রামনাথপুর, মধুপুর, কালুপাড়া এবং তারাগঞ্জের ইকরচালী, হাড়িয়ারকুঠি, সয়ার, আলমপুর ও কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ ফাঁকা পড়ে রয়েছে। কৃষকেরা জানান, এসব মাঠে তামাক লাগানো হয়েছিল। কিন্তু তা মরে যাওয়ায় মাঠ ফাঁকা পড়ে রয়েছে। সময় পেরিয়ে যাওয়ায় তামাক মরে যাওয়া জমিতে পরে আর বোরোও লাগাতে পারেননি কৃষকেরা। বদরগঞ্জের ব্রিটিশ টোবাকো কোম্পানির প্রতিনিধি আবদুর রউফ জানান, উপজেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে এবার তামাক লাগানো হয়েছিল। কিন্তু পচন রোগে তা নষ্ট হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলা দুটির ১৫টি ইউনিয়নে অনেক আগে তামাক চাষ হতো। মাঝে কৃষি বিভাগসহ বিভিন্ন এনজিওর তামাকবিরোধী প্রচারণায় তামাক চাষ কমে। বর্তমানে সচেতনতামূলক তেমন প্রচারাভিযান না থাকায় আবার তা বেড়েছে। বদরগঞ্জ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘ধানি জমিতে কৃষকেরা তামাক চাষ করায় এবার এলাকায় খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। ঘাটতি মোকাবিলায় ভবিষ্যতে পরিবেশের ক্ষতিকর তামাক চাষ প্রতিরোধে সরকারের নির্দেশনা দরকার।’ তারাগঞ্জের ঢাকা টোবাকো কোম্পানির মাঠ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘বিরূপ আবহাওয়ায় এবারই প্রথম তামাকে ছত্রাক রোগ দেখা দেয়। পরে তাতে কীটনাশক স্প্র্রে করেও কাজ হয়নি। আমরা কোম্পানির পক্ষ থেকে তামাক চাষে সহযোগিতা করতে কৃষকদের মধ্যে নগদ অর্থ ও সার ঋণে বিতরণ করেছি। কিন্তু এবার আবাদ মার খাওয়ায় কৃষকের পাশাপাশি আমাদের কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তারাগঞ্জ কৃষি কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, ‘তামাক পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই কৃষকদের নিরুৎসাহিত করার পাশাপাশি রোগ দমনে আমরা কৃষকদের কোনো পরামর্শ দিইনি।’