তামাক দারিদ্র্য বাড়ায়
বাংলাদেশে একজন পুরুষ ধূমপায়ী জামাকাপড়, স্বাস্থ্য ও শিক্ষা খাতে মাথাপিছু যে খরচ করে, তার দ্বিগুণেরও বেশি খরচ করে ধূমপানের পেছনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সিস্টেমেটিক রিভিউ অব দ্য লিংক বিটুইন টোব্যাকো অ্যান্ড পোভার্টি’ শীর্ষক পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটি এ বছরই সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত হয়েছে।বাংলাদেশকে দরিদ্রতম দেশগুলোর একটি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ ধূমপায়ীর সংখ্যার বিচারে বিশ্বে দেশটির অবস্থান সপ্তম। এ দেশে সবচেয়ে দরিদ্র শ্রেণীর মধ্যে ধূমপায়ীর হার বেশি। পরিবারগুলো গড়ে পারিবারিক খরচের ২ দশমিক ৮ শতাংশ ধূমপানের জন্য খরচ করে।প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের আয়-উপার্জন, বিড়ি-সিগারেটের ব্যবহার এবং ধূমপানসংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করেছে। ধূমপান একটি জটিল সমস্যা। এটি একটি নেশা, কারও কাছে আনন্দের উৎস। বলা হচ্ছে, পৃথিবীর ১১০ কোটি (১ দশমিক ১ বিলিয়ন) ধূমপায়ীর ৮২ শতাংশ বাস করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। প্রতিবছর পৃথিবীব্যাপী ৫০ লাখ মৃত্যুর কারণ তামাক ও তামাকজাত পণ্য। অনেক দেশের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, নিম্ন আয়ের পরিবারগুলো পারিবারিক খরচের একটি গুরুত্বপূর্ণ অংশ খরচ করে ধূমপান বা তামাক ও তামাকজাত পণ্যের পেছনে। এই খরচ দারিদ্র্য আরও তীব্র করে এবং জীবনযাত্রার মান আরও খারাপ করে তোলে।বাংলাদেশের প্রসঙ্গ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন দরিদ্র ধূমপায়ী ধূমপানের খরচ বাঁচিয়ে প্রতিদিন একটি বা দুটি শিশুর খাদ্যে বাড়তি ৫০০ ক্যালরি যোগ করতে পারেন। স্বাস্থ্যগত সমস্যা: বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ মারা যায় তামাকসংক্রান্ত রোগে। ত্রিশোর্ধ্ব যত মানুষ মারা যান, তার ১৬ শতাংশ তামাকের ব্যবহার-সংক্রান্ত কারণে। এ ছাড়া তামাক ব্যবহারের কারণে প্রতিবছর অসুস্থ হয় ১২ লাখ মানুষ।কিশোর-কিশোরীদের মধ্যে (১৩-১৫) বাড়ির বাইরে পরোক্ষভাবে ধূমপানের শিকার হয় ৪২ শতাংশ এবং বাড়িতে ৩৫ শতাংশ। আর প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪৫ শতাংশ বাড়ির বাইরে প্রকাশ্য স্থানে এবং ৬৩ শতাংশ কর্মক্ষেত্রে পরোক্ষভাবে ধূমপানের শিকার।আর্থিক ক্ষতি: তামাকের কারণে প্রতিবছর ক্ষতি হয় ৬৫ কোটি মার্কিন ডলারের বেশি। তামাক সেবন-সংক্রান্ত অসুস্থতা থেকে মৃত্যু বা অক্ষম হয়ে আয় বন্ধ হয়ে যাওয়ায় এই ক্ষতি হয়।ধূমপানসংশ্লিষ্ট কারণে যত মানুষ মারা যায়, তার অর্ধেকের মৃত্যু হয় জীবনের সবচেয়ে কর্মক্ষম সময় অর্থাৎ ৩০ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে। এতে করে উচ্চ জনসংখ্যার উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক সুযোগ হারায়।একজন মানুষের মাসিক সংসার খরচের ১০ শতাংশ ব্যয় হয় তামাকজাত পণ্য ব্যবহারে অসুস্থতার চিকিৎসায়।পরিবেশের ক্ষতি: বাংলাদেশে প্রতিবছর যে বনভূমি ধ্বংস হয়, তার ৩০ শতাংশ ধ্বংস হয় তামাকজাত পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতের কারণে। এ ছাড়া ধূমপানের কারণে অগ্নিকাণ্ড ও তামাকজাত পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতের ফলে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়।