তামাক নিয়ন্ত্রণ আইন আটকে দিয়েছে অর্থ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয় সংশোধিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন আটকে দিয়েছে। অভিযোগ উঠেছে, অর্থ মন্ত্রণালয় তামাক উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর স্বার্থে আইনটি সংশোধনে বাধা দিচ্ছে।তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ ও সংশোধিত আইনটি পাশাপাশি রাখলে পার্থক্য চোখে পড়ে। ২০০৫-এর আইনে শাস্তি ও জরিমানা পর্যাপ্ত ছিল না। তা ছাড়া সরাসরি কোম্পানিকে জরিমানা করা যেত না। সংশোধিত আইনে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করাসহ সরাসরি শাস্তির বিধান সংযোজন করা হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টোব্যাকো ট্যাক্স সেলের প্রধান সমন্বয়ক আবদুর রউফ প্রথম আলোকে বলেছেন, আইন অমান্য করার দায়ে বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সংশোধনীতে যে শাস্তির প্রস্তাব করা হয়েছিল, তা কমিয়ে দেওয়া হয়েছে। জরিমানা কত কমানো হয়েছে, সংশোধিত আইনটির ভবিষ্যৎ কী, জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিস্তারিত কিছু বলেননি। গত ২৮ মে বিদ্যুৎ ভবনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিল্পের সমস্যা হবে—এমন কোনো পদক্ষেপ এখন নেওয়া যাবে না।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাজস্ব হারানোর ভয়ে অর্থ মন্ত্রণালয় তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সন্তুষ্ট রাখতে চায়। তাঁদের বক্তব্য হলো, তামাক ব্যবহারের ফলে বছরে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়। এ খাত থেকে বছরে আয় হয় দুই হাজার ৪০০ কোটি টাকা। এ যুক্তিতে এ বছর ৪০ জন সাংসদ তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়ে এনবিআরকে চিঠি দিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে, গত ১৮ ডিসেম্বর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) প্রস্তাবিত সংশোধিত আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে অর্থমন্ত্রীকে চিঠি দেয়। ওই চিঠিতে প্রতিষ্ঠানটি দাবি করে, সিগারেট কোম্পানিগুলো রাজস্বের ১১ ভাগের জোগানদাতা, এর মধ্যে ৭ ভাগ জোগান দেয় বিএটি একা।বিএটির ওই চিঠির ওপর অর্থমন্ত্রী লিখেছেন, ‘জরুরি ভিত্তিতে পরীক্ষা করে পেশ করুন। কার উদ্যোগে সংশোধনটি হচ্ছে?’ সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সভাতেও অর্থমন্ত্রী সংশোধনীটির বিরোধিতা করেন। তবে গত বছরের ২৮ জুলাই সংশোধনীতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এনবিআর এক দফা তাদের অবস্থান অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে। অর্থ মন্ত্রণালয় মে মাসের মাঝামাঝি নতুন কিছু পর্যবেক্ষণসহ আইনটি এনবিআরে পাঠিয়েছে। এনবিআর এখনো ওই নথির ওপর কাজ শুরু করেনি। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আইনটি মন্ত্রিসভায় পাস না হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করেছেন। তবে তিনি বলেছেন, বাজেটের পর সংশোধনীটির একটা কিনারা হবে। কেন সংশোধনী, কোথায় আপত্তি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক আজম-ই-সাদত প্রথম আলোকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলে (এফসিটিসি) বাংলাদেশ স্বাক্ষর করেছে ২০০৩ সালে। এফসিটিসির শর্ত মানতে আগের আইনে সংশোধনী আনা জরুরি ছিল। ২০০৯ সাল থেকে আইনটি সংশোধনের কাজ শুরু হয়। ওই প্রক্রিয়ায় অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন। সংশোধনীতে শাস্তির ক্ষেত্রে ব্যক্তির চেয়ে কোম্পানিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং জরিমানা বাড়ানো হয়েছে। তামাকজাত পণ্যের প্যাকেট ও কৌটায় ছবিসহ নতুন সতর্কবাণী লেখা, পণ্যের যেকোনো ধরনের বিজ্ঞাপন, প্রচারণা, বিপণন কৌশল কঠোরভাবে নিয়ন্ত্রণ (তামাকজাত দ্রব্যে লাইট, মাইল্ড, লো-টার, এক্সট্রা, আল্ট্রা ইত্যাদি ব্যবহার) করার বিধান রাখা হয়েছে। পরোক্ষ ধূমপানের শিকার থেকে নারী, শিশুসহ সব অধূমপায়ীকে রক্ষার জন্য শত ভাগ ধূমপানমুক্ত এলাকা নিশ্চিত করতে কোনো নির্ধারিত ধূমপান এলাকা না রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া পাবলিক প্লেস ও জনপরিবহনকে আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা এবং তামাকজাত পণ্যে ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে সংশোধনীতে।সংশোধিত আইনে আইনভঙ্গের জন্য তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের পরিবর্তে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা জরিমানা এবং ওই পণ্য বাজেয়াপ্ত ও ধ্বংস করার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই ধরনের অপরাধ করলে শাস্তি ও জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে বাড়ানোর কথা বলা হয়েছে।সংশোধিত আইনে আরও বলা হয়েছে, তামাকজাতীয় ফসল বা দ্রব্য উৎপাদনের জন্য ভর্তুকি বা সহযোগিতা দেওয়া যাবে না। তামাক ও তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধি ও শুল্কমুক্ত তামাক বিক্রি বন্ধে এফসিটিসি অনুসারে নীতিমালা প্রণয়ন ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে বিএটি বলেছে, এফসিটিসির নীতিমালা অনুযায়ী কর বৃদ্ধি করলে এ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর্তৃত্ব থাকবে না। করনীতিতে রাজস্ব বোর্ডের কর্তৃত্ব বজায় রাখতে এবং আন্তর্জাতিক নীতিমালা বাংলাদেশে প্রণয়নের বাধ্যবাধকতা থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে মুক্ত রাখতে তামাক ও তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি এফসিটিসি নীতিমালা অনুযায়ী করার আইন প্রণয়ন করা উচিত হবে না। বিএটি তামাকজাতীয় ফসল বা তামাকজাত দ্রব্য উৎপাদনের জন্য ভর্তুকির বিধান না রাখার বিরোধিতা করেছে। চিঠিতে আরও বলেছে, তামাকজাত দ্রব্যের মতো একটি ‘আইনসম্মত’ দ্রব্যের প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা মুক্ত বাণিজ্যের বিরুদ্ধে অবস্থানের সমতুল্য এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনসংক্রান্ত আইনভঙ্গের জরিমানা এক হাজার থেকে ১০ লাখ টাকা করা হয়েছে—এটি অবাস্তব।ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ সংশোধনে গঠিত ওয়ার্কিং গ্রুপের সদস্য টোব্যাকো ফ্রি কিডসের এদেশীয় পরিচালক তাইফুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার তামাক কোম্পানির কথায় শেষ পর্যন্ত একটি দুর্বল তামাক নিয়ন্ত্রণ আইনের জন্ম দিতে যাচ্ছে।