তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ সরকারের: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ২০০৫ সালে তড়িঘড়ি করে তামাক নিয়ন্ত্রণ আইন করায় এতে কিছু ত্রুটি আছে। ধূমপানের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হলেও আইনে তামাকপাতা, জর্দা ও গুল—এসব বিষয়ের কোনো উল্লেখ ছিল না। এ কারণেই বর্তমান সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই আইনের খসড়া তৈরি করে ফেলেছে।আজ সোমবার বিকেল তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক প্রদর্শনী ও এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।কামরুল ইসলাম আরও বলেন, আশা করা যায়, তামাকপাতা, জর্দা ও গুলের বিষয়টি এই আইনে অন্তর্ভুক্ত থাকবে এবং এসবের প্যাকেটের গায়ে ধূমপানে যেসব ক্ষতি হয়, তার ছবি থাকবে। সিগারেটের প্যাকেটের গায়ে যে সতর্কবার্তা লেখা থাকে, তা দরিদ্র ও নিরক্ষর মানুষ খুব একটা বুঝতে পারে না। এ কারণেই ধূমপানে যেসব ক্ষতি হয়, তার ছবি প্যাকেটের গায়ে থাকার ব্যাপারে আইন করা হচ্ছে বলেও তিনি আশা প্রকাশ করেন।সেমিনারে সাংসদ এস এম আকবর, জিয়াউল হক মৃধা, সুলতানা বুলবুল ও জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম বক্তব্য দেন।