তামাকচুল্লিতে ১৩ লাখগাছ!
দেশের পশ্চিম ও পার্বত্যাঞ্চলের নয় জেলায় তামাক শুকানোর জন্য এ বছর ৬১ লাখ ৩৭ হাজার মণ কাঠ পোড়ানো হয়েছে। এর জন্য প্রায় ১৩ লাখ ৬৩ হাজার গাছ কাটা পড়েছে। এসব এলাকায় একধরনের চুল্লিতে আগুনের তাপে তামাকের পাতা শুকানো হয় আর চুল্লিতে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয়। দেশের বাকি এলাকায় রোদে শুকানো হয় তামাকপাতা। এককভাবে সবচেয়ে বেশি তামাক উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় চুল্লিতে ব্যবহার করা হয় ধঞ্চে, পাটকাঠি ও খড়-বিচালি।কৃষি অধিদপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও চলনবিল এলাকায় ১২ হাজার ২৭৪ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১৫ হাজার ৭৫৩ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমির তামাক শুকাতে একটি চুল্লি লাগে। প্রতিটি চুল্লিতে মৌসুমে গড়ে ৫০০ মণ কাঠ পোড়ানো হয়। সে হিসাবে এ বছর কাঠ পোড়ানো হয়েছে ৬১ লাখ ৩৭ হাজার মণ। করাতকলের মালিকেরা জানান, সাত-আট বছর বয়সী একটি গাছে চার থেকে পাঁচ মণ কাঠ হয়। সে হিসাবে ৬১ লাখ ৩৭ হাজার মণ কাঠ পেতে গাছ লাগছে প্রায় ১৩ লাখ ৬৩ হাজার ৭৭৭টি।তবে স্থানীয় কৃষক, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, মাঠকর্মী, কৃষি কর্মকর্তা এবং তামাক কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে প্রথম আলোর প্রতিনিধিরা যে তথ্য পেয়েছেন, তাতে এ বছর এই নয়টি জেলায় ২৬ হাজার ৩৮৮ হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছে। সে হিসাবে এই এলাকার তামাকচুল্লিতে এবার কাঠ পুড়েছে এক কোটি ৩১ লাখ ৯৪ হাজার মণ। গাছের সংখ্যা হিসাব করলে ২৯ লাখ ৩২ হাজার।তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি একাধিক সংস্থাও তামাক চাষের জমির পরিমাণ জরিপ শুরু করেছে। তাদের প্রাথমিক হিসাবে তামাকে ব্যবহূত জমির পরিমাণ এই দুই হিসাবের চেয়ে বেশি। সে হিসাবে কাঠ পোড়ানো ও গাছ নিধনের চিত্র আরও ভয়াবহ হওয়ার কথা।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘তামাক চাষকে আমরা উদ্বুদ্ধ করি না। শুধু একটা হিসাব রাখি।’বনের গাছ চুল্লিতে: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফারুয়া বিলে তামাকের চুল্লি জ্বালানোর কাজ করেন আহমদ সবুর। এই চুল্লিমিস্ত্রি জানান, প্রায় আড়াই একর বা এক হেক্টর (২ দশমিক ৪৭ একরে ১ হেক্টর) জমিতে উৎপাদিত কাঁচা তামাকপাতা শুকাতে একটি চুল্লি লাগে। এই পরিমাণ জমির তামাক শুকাতে ১০ থেকে ১২ বার একটি চুল্লি জ্বালাতে হয়। একেকবার চুল্লি জ্বালাতে ৬০-৭০ মণ কাঠ লাগে। ১০-১২ বার চুল্লি জ্বালাতে লাগে ৬০০-৭০০ মণ কাঠ।খাগড়াছড়ির দীঘিনালার সুধী মেম্বারপাড়ার রতন বড়ুয়া দুই বছর তামাকের চুল্লিতে কাজ করেছেন। তিনি জানান, তাঁর এলাকায় এক হেক্টর জমির তামাকপাতা একটি চুল্লিতে ৮-১০ বারে শুকানো হয়। প্রতিবার ৪৫-৫০ মণ হিসাবে ৪৫০-৫০০ মণ জ্বালানি কাঠ লাগে তাঁর।তাই গড়ে একটি চুল্লিতে ৫০০ মণ কাঠ অর্থাৎ এক হেক্টরের তামাকপাতা পোড়াতে ৫০০ মণ কাঠ লাগছে বলা যায়। এর ভিত্তিতেই কাঠ ও গাছের হিসাবটি পাওয়া গেছে। খাগড়াছড়ির দীঘিনালার মধ্য বেরছড়ি এলাকার কৃষক আবদুর রহিম এবার প্রায় সাড়ে ছয় একর বা আড়াই হেক্টর জমিতে তামাকের চাষ করেছেন। তিনি দুটি চুল্লিতে এক হাজার মণ কাঠ পুড়িয়েছেন বলে প্রথম আলোকে জানান। তাঁর দাবি, এসব কাঠ তিনি কাঠুরেদের কাছ থেকে কিনেছেন। এর মধ্যে এক ট্রাক কাঠ তাঁকে তামাক কোম্পানি সরবরাহ করেছে। কাঠুরেরা কোথায় কাঠ পান, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা বন থেকে কেটে আনেন।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলা গ্রামের তামাকচাষি অরুণ চাকমা জানান, প্রায় আড়াই হেক্টর জমির তামাকপাতা শুকাতে তিনি দুটি চুল্লি ব্যবহার করেছেন। চুল্লি দুটি তিনবার জ্বালাতে প্রায় এক হাজার ২০০ মণ কাঠ লেগেছে। এসব কাঠ তিনি নিজস্ব বাগান এবং কিছু সংরক্ষিত বন থেকে সংগ্রহ করেছেন।একই উপজেলার মুসলিম ব্লক গ্রামের মো. মাসুদ আলম জানান, তিনি এবার তিন হেক্টর জমির তামাক শুকাতে তিনটি চুল্লি জ্বালিয়েছেন। আড়াই হাজার মণের বেশি কাঠ লেগেছে তাঁর। এসব কাঠ তিনি কাঠুরেদের কাছ থেকে কিনেছেন।বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ার চাষি রেমং মারমা জানান, তিনি ছয় একর (প্রায় আড়াই হেক্টর) জমিতে তামাকের চাষ করেছেন। তিনটি চুল্লি ছিল তাঁর। ৫০০-৬০০ মণ কাঠ লেগেছে প্রতিটি চুল্লিতে। আশপাশের বন থেকে এসব কাঠ কেটে এনেছেন। সদর উপজেলার সাইঙ্গা এলাকার ফোম্যাসিং জানান, এক একর জমির জন্য ছোট্ট একটি চুল্লি করেছিলেন। বাড়ির আশপাশ থেকে গাছ কেটে তিনি চুল্লি জ্বালিয়েছেন।চুল্লিতে সাধারণত গামারি, গর্জন, আকাশমণি, রেইন্ট্রি ও ফলদ গাছের কাঠ পোড়ানো হয়েছে। এসব কাঠের অধিকাংশই তাঁরা ১২০ থেকে ১৪০ টাকা মণ দরে কিনেছেন।মেহেরপুরের গাংনী উপজেলার কাঠুলি গ্রামের তামাকচাষি কাশের উদ্দিন বলেন, দেড় একর জমির তামাকের জন্য তিনি করেছিলেন দুটি চুল্লি। ২০০ মণ করে কাঠ পোড়ানো হয়েছে। এসব কাঠ তিনি দালালদের কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন। তাঁর এলাকায় একটি চক্র গাছ কেটে দালালদের মাধ্যমে তামাকচাষিদের কাছে বিক্রি করে বলে জানান তিনি।ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামের চাষি নজিয়ার রহমান বলেন, তাঁর এ বছর চার বিঘা (তিন বিঘায় এক একর) জমিতে তামাকের চাষ ছিল। চুল্লি ছিল একটি। কাঠ লেগেছে মোট ১২০ মণ। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ১২০ থেকে ১৩০ টাকা মণ দরে কাঠ কিনেছেন তিনি।দেশে তামাকবিরোধী কার্যক্রম পরিচালনাকারী কোনো বেসরকারি সংস্থা তামাকের কারণে কী পরিমাণ গাছ কাটা পড়ছে, তার কোনো পরিসংখ্যান দিতে পারেননি। তবে ডব্লিউবিবি ট্রাস্টের (ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ) প্রকল্পের সমন্বয়কারী আমিনুল ইসলাম জানান, ১৯৯৯ সালে জিইটিএসটি নামে আন্তর্জাতিক একটি সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, শুধু তামাক চাষের কারণে বাংলাদেশে ৩০ শতাংশ বনজ সম্পদ নষ্ট হচ্ছে। তিনি বলেন, সে সময় পার্বত্য অঞ্চলে তামাকের চাষ হতো কম জমিতে। এখন তা বহুগুণ বেড়ে গেছে। তাই বলা যায়, তামাকের জন্য এখন অনেক বেশি পরিমাণে গাছ কাটা পড়ছে।বন কর্মকর্তাদের বক্তব্য: তামাকচুল্লিতে গাছ কেটে পোড়ানোর কথা স্বীকার করেছেন বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বন কর্মকর্তারা। তবে তাঁদের দাবি, এসব গাছ কাটা হচ্ছে ব্যক্তিমালিকানাধীন জায়গা থেকে। বন বিভাগের কোনো গাছ কাটা হচ্ছে না। বান্দরবানের লামায় এখন সবচেয়ে বেশি তামাকের চাষ হচ্ছে। লামার বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, তামাকচুল্লিতে পোড়ানো কাঠ গৃহস্থালি বন ও অশ্রেণীভুক্ত বন থেকে সংগ্রহ করা হয়। এই দুই ধরনের বন তাঁদের আওতাধীন নয় বলে জানান তিনি। এই কর্মকর্তা বলেন, ‘তামাক চাষের জন্য যেভাবে গাছ কাটা হয়, তাতে আমাদের কিছু করার নেই।’রাঙামাটির বিভাগীয় বন কর্মকর্তা সানাউল্লাহ পাটোয়ারী বলেন, ‘তামাকচুল্লিতে যেসব কাঠ পোড়ানো হয়, আইনি জটিলতার কারণে সেগুলো আমরা ধরতে পারি না।’তামাক নিয়ন্ত্রণে কাজ করা বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার প্রথম আলোকে বলেন, তামাকচাষিরা বাড়ির ফলদ ও বনজ গাছের পাশাপাশি বন ও পাহাড়ের গাছও কাটেন। বান্দরবান ও কক্সবাজারের চকোরিয়ায় মাতামুহুরী নদীর পাশে প্রচুর তামাকের চাষ হয়। সেখানে পাহাড়ি গাছ কেটে নদীতে ভাসিয়ে নিয়ে আসা হয় তামাকের চুল্লিতে ব্যবহারের জন্য।জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিব-উল আলম তামাক চাষের ওপর সরকারিভাবে কড়াকড়ি আরোপের সুপারিশ করেন। তিনি বলেন, ‘এক জমিতে তিন বছরের বেশি চাষ করা যাবে না—এমন আইন করা যেতে পারে।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, চাষ নিরুৎসাহিত করতে সরকার তামাকচাষিদের ভর্তুকি মূল্যে সার দেওয়া বন্ধ করে দিয়েছে। চলতি বছর তামাক চাষের এলাকায় কৃষকদের মাত্র দুই শতাংশ হারে ঋণ দিয়ে আদা ও হদুলের চাষে উৎসাহিত করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আবদুল কুদ্দুস, কক্সবাজার; বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান; সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি); ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম); পলাশ বড়ুয়া, দীঘিনালা (খাগড়াছড়ি); সৈকত দেওয়ান, খাগড়াছড়ি; আজাদ রহমান, ঝিনাইদহ; শাহ আলম, চুয়াডাঙ্গা ও তুহিন আরন্য, মেহেরপুর]