তামাকজাত দ্রব্যের ওপর শুল্ক বাড়ানোর দাবি ফারুক খানের
তামাকজাত দ্রব্যের ওপর শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। আজ শনিবার দেশের রেস্তোরাঁগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করা ও ধূমপানের পরোক্ষ ক্ষতি সম্পর্কে সচেতনতার বিষয়ে আয়োজিত এক সেমিনারে ফারুক খান এ দাবি জানান। ঢাকা আহসানিয়া মিশন রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সেমিনারের আয়োজন করে। সভাপতিত্ব করেন ঢাকা আহসানিয়া মিশনের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। ফারুক খান বলেন, সংসদে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, এতে সিগারেটের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। তবে তা যথেষ্ট নয়। বাজেট নিয়ে সংসদে পরে যে আলোচনা হবে, সেখানে তামাকজাত দ্রব্যের ওপর শুল্ক বাড়ানোর কথা তিনি বলবেন। এ ব্যাপারে অন্য সাংসদেরও কথা বলার বিষয়ে তিনি উত্সাহিত করবেন।মন্ত্রী বলেন, জনসম্মুখে ধূমপান করলে ৫০ টাকা জরিমানার বিধানসংবলিত যে আইন আছে, সেখানে রেস্তোরাঁকে ‘পাবলিক প্লেস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী এক মাসের মধ্যে রেস্তোরাঁকে পাবলিক প্লেসের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। এতে আইনি ভিত্তি তৈরি হবে।