তামাকপণ্যের মোড়কে সচিত্র সতর্কবাণীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেটসহ তামাকজাত অন্যান্য পণ্যের মোড়কের গায়ে এর ক্ষতিকর দিক-সম্পর্কিত সচিত্র স্বাস্থ্য-সংক্রান্ত সতর্কবাণী সংযোজন বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির পক্ষ থেকে তামাকজাত পণ্যের সব ধরনের বিজ্ঞাপনের প্রচার নিষিদ্ধ করে আইন তৈরির দাবিও করা হয়। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ক্যাব আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়।ক্যাবের দাবির প্রতি সমর্থন জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি প্রণীত হয়েছিল ২০০৫ সালে। তাড়াহুড়োর কারণে আইনটিতে বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে। এই আইনে সিগারেট সেবন এবং এর প্রচারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও আইনে তামাকপাতা, গুল এবং জর্দার ব্যবহার সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সে জন্য সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আইনটির খসড়া এরই মধ্যে চূড়ান্ত করেছে। আশা করি, সংশোধিত আইনে এসব সীমাবদ্ধতা থাকবে না।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তামাকপণ্য ব্যবহারের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। ধূমপায়ীদের সতর্ক করার জন্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে উত্পাদিত সিগারেটের মোড়কে এসব রোগের সচিত্র ছবি থাকে। আশা করি, আমাদের সংশোধিত আইনেও সচিত্র ছবি ছাপানো বাধ্যতামূলক করা হবে।’কামরুল ইসলাম বলেন, বর্তমানে সিগারেটের মোড়কে লেখনীর মাধ্যমে যে সতর্কবাণী রয়েছে, তা গ্রামের অল্প শিক্ষিত ও নিরক্ষরদের জন্য যথেষ্ট নয়। সচিত্র ছবি থাকলে মানুষ ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে অনেক সহজে বুঝতে পারবে।জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা ইকবাল মাসুদ। তিনি জানান, বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ ৪৩টি দেশ সিগারেটের মোড়কে সচিত্র স্বাস্থ্য-সতর্কবাণী প্রচার করছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালও এই আইন কার্যকর করেছে। তিনি আরও জানান, ক্যাবের জরিপে দেখা গেছে, ৯৭ শতাংশ ধূমপায়ী মনে করে, সিগারেটের মোড়কে সচিত্র সতর্কবাণী থাকলে তারা ধূমপান ত্যাগে উত্সাহিত হবে।অনুষ্ঠানে সাংসদ জিয়াউল হক মৃধা বলেন, বিদ্যমান দুর্বল আইন দিয়ে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আইন সংশোধন করে তামাক চাষ নিষিদ্ধ করতে হবে। ঢাকাসহ সারা দেশে বড় বড় বিল বোর্ডের মাধ্যমে সচিত্র সতর্কবাণী প্রচার করতে হবে।সেমিনারে আরও বক্তব্য দেন সাংসদ সুলতানা বুলবুল, এম এস আকবর, ক্যাবের সভাপতি কাজী ফারুক প্রমুখ।