তামাকের বিষে নীল নারীশিশু
তামাক শুকানোর চুল্লি ও তামাকজাত দ্রব্য প্রক্রিয়াজাত করার কারখানার মালিকেরা কম মজুরি দিয়ে নারীশিশুদের কাজ করান। এ কারণেই তামাক কারখানায় কর্মরত নারী ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে বেশি। তামাকচাষি পরিবার ও কারখানার লোকজনের শ্বাসকষ্ট, হাঁপানি, মাথা ঘুরানোর মতো রোগবালাই লেগেই থাকে। তামাকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্রঙ্কাইটিস ও ক্যানসারের মতো মরণব্যাধি হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। রংপুর অঞ্চলে তামাকচাষিদের মধ্যে ‘বার্জারস’ নামে এক ধরনের রোগের প্রকোপ দেখা যায়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার পুরার চর গ্রামের নূরজাহান বেগম (৫৬) গত বছর জুলাই মাসে ডান পায়ের বৃদ্ধাঙুলে পচন নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বাড়ির পাশেই নিজেদের তামাকখেতে খালি পায়ে যেতেন তিনি। প্রথমে ওই আঙুলে ছোট ফুসকুড়ি ও চুলকানি হয়। একপর্যায়ে আঙুল থেকে রস বেরুতে থাকে। সেখান থেকে ঘা। শুরুতে কবিরাজি চিকিৎসা করিয়েছেন। ফল না পেয়ে এসেছেন হাসপাতালে। ততদিনে নূরজাহানের বৃদ্ধাঙুলের একাংশ খসে পড়েছে। হাড়ে পচর ছড়িয়ে পড়ায় বাধ্য হয়ে চিকিৎসকেরা নূরজাহানের হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলেন। সম্প্রতি নূরজাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পা না কাটিলে বাঁচায় গেল না হয়। এখন লাঠিত ভর কইরে চলাফেরা করা নাগে।’ রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আবু তালেব জানান, সচেতনতার অভাবে লোকজনের এমন হয়। এই রোগে শেষমেশ পা কাটতে হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম এ কাদের তালুদকার বলেন, বার্জারস রোগে আক্রান্ত হয়ে প্রতি মাসে গড়ে ১০০ রোগী চিকিৎসা নিতে আসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামের নাজের আলী নিজ বাড়িতেই তামাক সাজানোর কাজ করেন। ২১ মে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর পাশে তামাকপাতার গোছা নিয়ে নাড়াচাড়া করছে দুই বছরের একটি শিশু। নাম তার রাজীব। নাজেরের নাতি। দাদার দিকে তামাকের আঁটি এগিয়ে দিচ্ছিল শিশুটি। মাঝেমধ্যে কাশি দিয়ে উঠছে রাজীব। তার মা মমতা খাতুন জানান, গোটা বাড়িতেই তামাক। বাচ্চাদের রাখবেন কোথায়! ক্ষতি হচ্ছে জেনেও কিছুই করার নেই! তামাকের সঙ্গে বসবাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা গ্রামের চাষিদের। কয়েকজন কৃষকের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের ভেতর থরে থরে তামাকপাতা সাজিয়ে রাখা হয়েছে। ঘরময় তামাকের উৎকট গন্ধ। চাষি নূর হোসেন জানান, পুরো দুই-আড়াই মাস ঘরে তামাক থাকে। মে মাসের মাঝামাঝি তামাক কোম্পানির লোকজন এসে কিনে নিয়ে যায়।যেসব শ্রমিক সিগারেট বা বিড়ি কারখানায় কাজ করছেন, তাঁদের অবস্থা আরও নাজুক। নীলফামারীর কয়েকটি বিড়ি কারখানা ঘুরে দেখা গেছে, শ্রমিকদের কেউই মুখোশ (মাস্ক) ব্যবহার করেন না। শ্রমিক বলরাম রায় ও প্রদীপ রায় বলেন, ‘বছর দুই আগে সরকারি লোকজন এসে তাঁদের মাস্ক দিয়ে গেছে। কিন্তু সেগুলো কারখানার কর্মকর্তারা ব্যবহার করেন। আমাদের দেন না। সর্দি-কাশি, জ্বর, মাথাব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট তাঁদের লেগেই থাকে।’ সংশ্লিষ্ট কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা রাজি হননি। লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলায়ও বেশ কয়েকটি বিড়ির কারখানা রয়েছে। এসব কারখানায় ১৪ বছরের কম বয়সী অনেক শিশুকে কাজ করতে দেখা গেছে। শুধু তামাকচাষি ও শ্রমিকেরাই নন, তামাক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও সমানভাবে স্বাস্থ্যঝুঁকিতে আছেন। তামাক শুকানো ও বাজারজাত করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ডাউলী গ্রামের রাশেদ মোল্লা জানান, লাগাতার তামাকের সংস্পর্শে থাকায় অনেক সময় মাথা ঘুরে পড়ে যান। পেটে ব্যথা অনুভব করেন। মানিকগঞ্জ সদর হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার বলেন, ‘তামাকে অনেক রকম রাসায়নিক পদার্থ আছে। এর মধ্যে নিকোটিনসহ ডজনখানেক রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য অধিক ক্ষতিকর। এসব পদার্থ সরাসরি স্নায়ুতে ক্ষতিকর প্রভাব ফেলে। এর প্রভাবে মাথা ঝিমঝিম, পেট ব্যথা, বুক ধরফর, শ্বাসকষ্ট, বমিসহ ফুসফুস ও হূদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।’ পার্বত্যাঞ্চলে তামাক চুল্লিতে শুকানো হয়। তামাকচুল্লির ধোঁয়া জনস্বাস্থ্যর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর চুল্লির ধোঁয়ায় শ্রমিকদের পাশাপাশি আশপাশের লোকজনের শ্বাসকষ্ট ও বুকের ব্যথা হচ্ছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তামাক শুকানোর মৌসুমে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাজমা রোগীর সংখ্যা বেড়ে যায়। অনেকে একাধিকবার হাসপাতালে আসেন। রাঙামাটির বাঘাইছড়ির তামাকচুল্লির শ্রমিক নূরুল হক বলেন, ‘চুল্লিতে ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। মুখে কাপড় বেঁধে কাজ করি। তারপরও অনেক কষ্ট হয়।’চট্টগ্রামের ফটিকছড়িতে তামাক তোলা ও পাতা শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। একটি চুল্লিতে ১০-১২ জন শ্রমিক কাজ করে। এর অর্ধেকই শিশু। শিশুশ্রমিক ফাহিম ও এনায়েত জানায়, দৈনিক ৭৫ থেকে ১০০ টাকা পায় তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিভাগের পরামর্শক তরুণ কান্তি ঘোষ প্রথম আলোকে জানান, কাজ করার সময় নাক দিয়ে তামাকের গুঁড়া শরীরের ঢোকে। প্রসূতি নারীরা এ কাজ করলে তাঁদের গর্ভের সন্তান স্থায়ীভাবে রোগাক্রান্ত হতে পারে। এমনকি প্রসূতির শরীরে পানিশূন্যতা দেখা দিলে গর্ভের শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারে। এ ধরনের বেশকিছু রোগীকে তিনি চিকিৎসা দিয়েছেন বলেও জানান।