তামাবিল সীমান্তে যৌথ জরিপ বিক্ষোভের মুখে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তামাবিল এলাকায় ভারত-বাংলাদেশের যৌথ সীমান্ত জরিপ এলাকাবাসীর বিক্ষোভের মুখে স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ যৌথ জরিপ শুরু হয়েছিল। সকালে জরিপ শুরু হওয়ার পরপরই এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। এলাকাবাসীর ভাষ্য, জরিপে বাংলাদেশ অভ্যন্তরের ভূমি হাতছাড়া হওয়ার তৎপরতা দেখে তাঁরা বিক্ষোভ করেছেন।যৌথ জরিপকারী দল সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারত সীমান্ত নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় অপদখলীয় ভূমি যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর থেকে সীমান্তে উভয় দেশের ‘জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ’ সীমানা নির্ধারণের কাজ শুরু করে। গত ২ ও ৩ জুন জরিপকারী দলের উভয় দেশের কর্মকর্তারা সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সিলেটের তামাবিল ও ভারতের ডাউকিতে একাধিক বৈঠকের পর সিলেটের সীমান্ত এলাকার ১০টি স্থান চিহ্নিত করা হয়। গত ৪ ও ৫ জুন পাদুয়া সীমান্তের ১২৭০ নম্বর পিলার থেকে ১২৭১ এর সেভেন-এস পিলার পর্যন্ত বিএসএফ পোস্ট থেকে তিনটি স্থানে প্রায় ৩৫০ একর ভূমি বাঁশের খুঁটি বসিয়ে ভারতকে বুঝিয়ে দেওয়া হয়।এলাকাবাসীর বিক্ষোভ প্রসঙ্গে সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী বিভিন্ন সূত্রে জানা গেছে, সকালে ভারতের জরিপকারী দলের প্রধান গ্রীস কুমার ও বাংলাদেশ জরিপকারী দলের প্রধান ইকবাল হোসেনের নেতৃত্বে দুই দেশের জরিপকারীরা তামাবিল এলাকায় জরিপকাজে নামেন। তাঁরা তামাবিল শুল্কবন্দর এলাকার ১২৭৫ থ্রি-এস সীমান্ত পিলারের কাছে গিয়ে জরিপকাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন তামাবিল সীমান্তে তিন একর ভূমি জরিপের মাধ্যমে বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে জানিয়ে বিক্ষোভ করেন। তামাবিল, সোনাটিলা, আমসত্ত্বপুর, নলজুড়ি ও শান্তিনগর এলাকার শত শত মানুষ কয়লা ব্যবসায়ী এবং শ্রমিকেরা জরিপ চলমান এলাকায় জড়ো হলে দুপুর ১২টার দিকে জরিপকাজ বন্ধ রাখা হয়। তামাবিলে বিক্ষুব্ধ মানুষের অবস্থানের কারণে এবং পর্যায়ক্রমে বিক্ষোভের মুখে পৌনে একটার দিকে দুই দেশের জরিপকারীরা নো-ম্যান্স-ল্যান্ড ছেড়ে চলে যান। খবর পেয়ে সাবেক সাংসদ দিলদার হোসেন ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।যৌথ জরিপ দলে থাকা বাংলাদেশের কর্মকর্তা দবির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে আমরা এখানে এসেছি। সরকার যে সিদ্ধান্ত দেবে, ওই সিদ্ধান্তের আলোকে কাজ করা হবে।’ এলাকায় বিক্ষোভ পরিস্থিতি বিবেচনা করে গতকালের জরিপ স্থগিত রাখা হয়েছে। বিকেলে বিক্ষুব্ধ মানুষের প্রতি সমর্থন জানিয়ে তামাবিল স্থলবন্দরের কয়লা ব্যবসায়ী ও শ্রমিকদের একটি প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে জালালউদ্দিন, সারওয়ার হোসেন, মনিরুজ্জামান, কয়লা শ্রমিক সংগঠনের সভাপতি বাচ্চু মিয়া বক্তব্য দেন। বক্তারা বলেন, সরকার এ স্থলবন্দর থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। বর্তমানে তামাবিল স্থলবন্দরে যে ভূমি রয়েছে, তা ব্যবসায়ীদের স্থান সংকুলান হচ্ছে না। এ অবস্থায় তিন একর ভূমি হাতছাড়া হলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। এলাকাবাসী বিক্ষোভ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে সীমান্তক এলাকায় যৌথ জরিপ চলছে। স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হওয়ায় গতকাল জরিপ সম্পন্ন হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’ জরিপকাজ স্থগিত করার বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, ‘কবে নাগাদ জরিপ শুরু হবে, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’