ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাতটি অঙ্গরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিলেটের তামাবিল স্থলবন্দর। কিন্তু স্থলবন্দর ঘোষণার এক দশক পার হয়ে গেলেও কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। স্থলবন্দর কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা-কর্মচারী নেই, নেই কোনো কার্যক্রম। ট্রাকে পণ্য ওঠানো-নামানো হয় রাস্তার ওপর।স্থলবন্দরটি দিয়ে প্রতিদিন তিন থেকে চার শ পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। ভারত থেকে মূলত পাথর, কয়লা, চুনাপাথর আসে। আর বাংলাদেশ থেকে যায় ফলের রস, তৈরি পোশাকের টুকরা কাপড় (জুট) ও প্লাস্টিক পণ্য। মাঝেমধ্যে সিমেন্টও রপ্তানি হয়। ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়ার জন্য যে সাতটি সড়কপথ বিবেচনা করা হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো সামড্রুপ জংখর (ভুটান)-গোয়াহাটি (ভারত)-শিলং-তামাবিল-সিলেট-চট্টগ্রাম। প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে হিসেবেও সিলেট-তামাবিল পথটি রয়েছে। সিলেট বিভাগীয় শহর থেকে ৬০ কিলোমিটার দূরে তামাবিল স্থলবন্দর অবস্থিত। আর ভারতের অংশে রয়েছে মেঘালয়ের ডাউকি স্থলবন্দর।অবকাঠামো নেই: তামাবিল স্থলবন্দর পরিচালনার জন্য বেসরকারি অপারেটর নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। স্থলবন্দর কর্তৃপক্ষের কোনো অবকাঠামো নেই। লোকবল নিয়োগ দেওয়া হয়নি। অথচ বেনাপোল ও সোনামসজিদ স্থলবন্দরের পর সবচেয়ে বেশি পণ্য আসা-যাওয়া করে এই স্থলবন্দর দিয়ে। প্রতিদিন তিন থেকে চার শ পণ্যবাহী ট্রাক আসে। সরেজমিনে দেখা গেছে, এখানে একটি তিন রুমের একতলা ভবনে শুল্কায়নের কাজ চলে। শুল্কভবনের পাশেই পণ্যবাহী ট্রাকের ওজনযন্ত্রটি অকেজো পড়ে আছে। আমদানিকারকের ঋণপত্র দেখে পণ্যের চূড়ান্ত ওজন নির্ধারণ করা হয়। আবার আমদানিকারকেরা পণ্য খালাসের কয়েক দিন আগেই শুল্ক পরিশোধ করে ফেলেন। পণ্য আসার দিন শুধু কাগজপত্র দেখিয়ে খালাস করে নেন আমদানিকারকেরা। কোনো ধরনের পণ্য পরিদর্শন করেন না শুল্ক কর্মকর্তারা। কাস্টমস কর্মকর্তা মহসীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রতিদিন এত ট্রাক আসে, তাই দ্রুত কাজ করতে আগেই শুল্ক নেওয়া হয়। আর লোকবলের অভাবে সব ট্রাকের পণ্য কায়িক পরিদর্শন করা সম্ভব হয় না।রাস্তার ওপরে পণ্য ওঠানো-নামানো: পণ্য ওঠানো-নামানোর জন্য তামাবিল এলাকায় কোনো জায়গা (ইয়ার্ড) নেই। স্থলবন্দরে পৌঁছানোর চার-পাঁচ কিলোমিটার আগে থেকেই রাস্তার পাশে পণ্য খালাসের দৃশ্য দেখা যায় প্রতিদিন। নিয়মানুযায়ী ভারতীয় ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে পৌনে এক কিলোমিটারের মধ্যে পণ্য খালাস করার কথা। কিন্তু আমদানিকারকেরা নিজস্ব কিংবা ভাড়া করা জমিতে পণ্য খালাস করে থাকে।তামাবিল শুল্কভবনের পাশেই পাহাড়ের পাদদেশের কৃষিজমি নষ্ট করে আমদানি করা কয়লার ডিপো তৈরি করা হয়েছে। প্রায় পাঁচ একর জমিতে আমদানি করা কয়লা ট্রাকে ওঠানো-নামানো হয়। ফলে পুরো এলাকাটি পরিবেশদূষণের শিকার হচ্ছে।সিলেট আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক চন্দন সাহা প্রথম আলোকে বলেন, স্থলবন্দরের সব অবকাঠামো-সুবিধা থাকলে আমদানিকারক ও রপ্তানিকারকদের সুবিধা হতো। লোকবল-সংকট: তামাবিলে স্থলবন্দর কর্তৃপক্ষ কোনো লোকবল নিয়োগ দেয়নি। শুল্ক বিভাগেও পর্যাপ্ত লোকবল নেই। মাত্র একজন রাজস্ব কর্মকর্তা, ছয়জন পরিদর্শক ও সাতজন সেপাই রয়েছে। সেপাইদের এখানে পরিদর্শকের কাজ করতে হয়।