প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সেঞ্চুরি আগেই পেয়েছিলেন দুটো। কিন্তু সেই দুটো সেঞ্চুরিতে মন ভরার কথা নয় তাঁর। প্রথমটি আয়ারল্যান্ডের বিপক্ষে, পরের প্রতিপক্ষের নাম ছিল জিম্বাবুয়ে। সদ্য সমাপ্ত সিরিজের প্রথম ম্যাচেই করা সেঞ্চুরিটি আলাদা তৃপ্তি নিশ্চয়ই এনে দেবে তাঁকে। এই সেঞ্চুরিটা যে বড় দলের বিপক্ষে। ১২০ বলে ১৩টি চার আর ৩ ছক্কায় খেলা ১২৫ রানের ইনিংসটি তিনি খেলেছেন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই। যে ভঙ্গিতে তেড়েফুঁড়ে বেরোয় প্রচণ্ড আত্মবিশ্বাস, বোলারদের দলে-পিষে ফেলার তীব্র আকাঙ্ক্ষা। সাইডবটম-ব্রড-সোয়ানদেরও পরিচয় হলো সেই অভিজ্ঞতার সঙ্গে। নাক উঁচু ব্রিটিশরাও তাই বাধ্য হলো দুর্বিনীত তামিম ইকবালকে সমীহ করতে। তামিমের ক্ষুধা কি এতেও মিটেছে। না মিটলে বাংলাদেশের জন্য সেটাই সবচেয়ে বড় সুখবর।