তামিম একা আর কী করবেন!
বাংলাদেশ করেছে ২২৮ রান। তামিম ইকবালের একারই ১২৫। বাকি থাকল ১০৩। দলের বাকি ১০ ব্যাটসম্যান আর অতিরিক্ত খাত মিলিয়ে এসেছে এটি। মিস্টার অতিরিক্তের রান ১০।ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের হার বাংলাদেশের জন্য অগ্রহণযোগ্য কিছু নয়। তবে হতাশার কথা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কালও সেই পুরোনো আফসোস নিয়েই মাঠ ছাড়তে হলো সাকিব আল হাসানকে —ইস্, যদি আরেকজন ব্যাটসম্যান ভালো রান করত!সেই আরেকজন ব্যাটসম্যান হতে পারতেন সাকিব নিজে, কিংবা মুশফিকুর রহিম বা নাঈম ইসলামদের কেউ। কিন্তু ব্যাটিং ব্যর্থতার যে ছকে কিছু দিন ধরেই আটকে আছে বাংলাদেশ, তা থেকে বের হতে পারলে তো? দেশের মাটিতে গত তিন জাতি সিরিজ কিংবা নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশের ব্যাটিং হয়ে ছিল ‘ওয়ান ম্যান শো’। কখনো সাকিব, কখনো মাহমুদউল্লাহ, কখনো বা ইমরুল কায়েস জ্বলে উঠে সম্ভাবনার প্রদীপ জ্বালিয়েছেন। কিন্তু শেষটা সেই আফসোস দিয়েই। যদি আরেকজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেত, যদি আরেকটা বড় ইনিংস হতো...।‘যদি’র খেলায় বাংলাদেশ কাল আরও একবার পরাজিত। সেই আরেকজন ব্যাটসম্যান খুঁজে পাওয়া গেল না এদিনও। তামিম একাই আরও একবার বুক চিতিয়ে লড়ে ওয়ানডেতে নিজের তৃতীয় সেঞ্চুরি করে ব্যাট হাতে উদ্বাহু হলেন, হলেন ম্যান অব দ্য ম্যাচ। তাতে বড় দলের বিপক্ষে এই বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি বন্ধ্যাত্ব ঘুচলেও বাংলাদেশের দিন ফিরল না। তামিমের ১২৫ রানের তৃপ্তির মধ্যেই ব্যথায় মোচড় দিয়ে ওঠে আরও একবার না হওয়ার অতৃপ্তি। ব্যক্তিগত নৈপুণ্যের বাদ্যি ঢাকা পড়ে যায় সম্মিলিত ব্যর্থতার হাহাকারে।অথচ ইংল্যান্ডকে দেখুন। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসেও বাংলাদেশেরই একটা মন্ত্র তাদের ধমনীতে—দশে মিলে করি কাজ...। গ্রায়েম সোয়ানের ৩২ রানে ৩ উইকেট নেওয়াটা যেমন অন্য ইংলিশ বোলারদের ছাপিয়ে খুব বড় কোনো সাফল্য নয়, ব্যাটিংয়েও তাই। অ্যালিস্টার কুক আর অভিষেক ম্যাচ খেলতে নামা ক্রেইগ কিসওয়েটার ৭৩ রানের ওপেনিং জুটি গড়ার পর নাঈম-সাকিবের স্পিনে ছোটখাটো একটা ধস। তাও ব্যক্তিগত ৬৪ রানে নাঈমের বলে কুকের এলবিডব্লুটা আম্পায়ার নাদির শাহ না দিলেও পারতেন। ব্যক্তিগত ২২ রানে সাকিবের বলে এউইন মরগানের একটা কট বিহাইন্ড না দিয়ে অবশ্য ইংল্যান্ডকে সেটা পুষিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকার। কুকের অনাকাঙ্ক্ষিত বিদায়টাকে ‘খেলার অংশ’ ধরে নিয়েই পল কলিংউড আর মরগান চতুর্থ উইকেটে গড়েছেন ৮৮ রানের জুটি। ম্যাচের গন্তব্যও তাতেই ফুটে ওঠে মোটামুটি। বাকিটা তো আনুষ্ঠানিকতা।ইংল্যান্ডের সাবলীল জয়ে চাইলে বাংলাদেশের আতিথেয়তার গুণাগুণও খুঁজতে পারেন। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশ দল যেখানে বিনা প্র্যাকটিস ম্যাচে তিন ওয়ানডে ও এক টেস্টের সিরিজ খেলে আসে, সেখানে ঢাকায় ওয়ানডে সিরিজ খেলতে নামার আগেই ইংলিশরা বাংলাদেশের জল-হাওয়ায় বেশ অভ্যস্ত। ফতুল্লা স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে জিতে এসেছে তারা। তার আগে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও উপমহাদেশীয় কন্ডিশনের সঙ্গে কিছুটা পরিচয় করিয়েছে তাদের। কাল আসল জায়গায় সে কারণেই হয়তো এতটা সাবলীল কুকের দল। আর গ্যালারি-ভর্তি সমর্থক পেয়েও বাংলাদেশের সঙ্গী কেবলই আফসোস।এই আফসোস ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও ছিল। কিসওয়েটার রানের খাতা খোলার আগেই সাকিবের বলে জীবন পেয়েছেন উইকেটকিপার মুশফিকুরের হাতে। মুশফিক জীবন ‘উপহার’ দিয়েছেন এউইন মরগানকেও। ব্যক্তিগত ২০ রানে মাহমুদউল্লাহকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে নিশ্চিত স্টাম্পিং হতে গিয়েছিলেন তিনি, কিন্তু বল ধরতে মাটিতে গড়াগড়ি খেয়েও মুশফিকুর আসল কাজটি করতে ব্যর্থ।হার দিয়ে সিরিজ শুরুর ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল তামিমের সেঞ্চুরি নয়, উইকেট না পেলেও এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা একেবারে খারাপ হয়নি মাশরাফির। নতুন বলে প্রথম তিন ওভারে ২৩ রান দিলেও ৩ ওভারের পরের স্পেলে দিয়েছেন ১৪ রান।আর একজন ব্যাটসম্যানের রান না পাওয়ার মতো এটাও বোধহয় বাংলাদেশের নিয়তি—খারাপের মধ্যেও ভালো খুঁজতে হয়।