তামিমের দিকেই তাকিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঞ্চের পর চা খাওয়ার সময়ও প্রায় হয়ে গেল। ঘুম-ঘুম ভাব আর যায় না। অ্যালিস্টার কুক-পল কলিংউডের ব্যাটিং-সৌন্দর্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশ ক্রিকেটের একটা প্রামাণ্যচিত্র তুলে ধরলেও সেটার দর্শক বাংলাদেশ হবে কেন? ইংল্যান্ডের ৬ উইকেটে করা ৫৯৯ রানের পর চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে তাই সবচেয়ে বেশি ঘটেছে সম্ভবত হাই তোলার ঘটনাই।চা-বিরতির পৌনে এক ঘণ্টা আগে অ্যালিস্টার কুকের ইনিংস ঘোষণা কিঞ্চিত্ চাঞ্চল্য আনল টেস্টে। এবার বাংলাদেশের ব্যাটিং, একটা কিছু তো হবেই...হয় দৃষ্টিসুখকর শট, নয়তো উইকেট পড়া। টেস্ট ক্রিকেটেও এর মাঝামাঝি কিছু করাটা যে এখনো পুরোপুরি রপ্ত হয়নি বাংলাদেশি ব্যাটসম্যানদের! ৩৯ ওভারের ব্যাটিংয়ে বাংলাদেশ সত্যি সত্যিই আর নিস্তরঙ্গ রাখেনি টেস্টের আবহ। তামিম ইকবাল-মাহমুদউল্লাহর ব্যাট বিনোদন দিয়েছে। ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, আফতাব আহমেদ আর সাকিব আল হাসানের আউট আসল ব্যবধানটাই তুলে ধরেছে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। দিন শেষে ফলোঅন এড়াতে আরও ২৪৬ রানের অপেক্ষা কিংবা স্কোরবোর্ডে জড়ো হওয়া ৫ উইকেটে ১৫৪ রানও বলছে সেটাই। ব্যতিক্রম কেবল তামিমের ৮১ রানে অপরাজিত থাকা। আজ তৃতীয় দিনের শুরুটা তাঁর সেঞ্চুরির আশা নিয়েই হবে।আশা অনেকই থাকে প্রতি ম্যাচের আগে, যার অন্যতম বলতে পারেন পুরোনো ভুলগুলো আর না করার আশা। কিন্তু মাঠে নামার পর সে আশার কথা কি কারও মনে থাকে? ফাঁকফোকরে দু-একটা ভালো ইনিংস থাকলেও মূল চিত্রনাট্য বদলায় না। সেই ভুল শট, সেই অধৈর্য ব্যাটিংয়ের প্রদর্শনী। ওপেনিং জুটিতে ১৩ রান করতেই ইমরুল কায়েস যেমন পুল হাঁকাতে গেলেন স্টুয়ার্ট ব্রডের বাউন্সারে। আকাশে উঠে যাওয়া ক্যাচ অনেকটা পথ দৌড়ে গ্লাভসে পুরলেন উইকেটকিপার ম্যাট প্রিয়র। একই বোলারের আরেকটা শর্ট বলে নাস্তানাবুদ হয়ে ক্যাচ দিলেন জুনায়েদ। ১৯ বলে ১ রান করে সাকিবও ধৈর্যহীনতার বলি। দিনের দ্বিতীয় শেষ ওভারে সর্বশক্তিতে ড্রাইভ করতে গিয়ে বোল্ড গ্রায়েম সোয়ানের বলে। এমন ভুলে ভরা ব্যাটিংয়ের মধ্যে আফতাব আহমেদের ভুল আউট নিয়ে চাইলেও বড় গলায় কিছু বলার থাকে না। সোয়ানকে প্যাডেল সুইপ করতে গিয়ে শর্ট লেগে ইয়ান বেলের হাতে ক্যাচ। বল ব্যাট বা গ্লাভসে না লাগার দাবিতে মাঠ ছাড়ার আগে আফতাব আম্পায়ারের চোখে চোখ রাখতে পারেন, টিভি রিপ্লেতে ওটা সত্যি সত্যি আউট না দেখে দিন শেষে কোচ জেমি সিডন্সও হতে পারেন অসন্তুষ্ট। বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস তার পরও আফতাবের বিতর্কিত আউট নয়, সাকিব-ইমরুলদের ব্যর্থতাই।একটু কি ভুল বলা হলো? তামিম-মাহমুদউল্লাহর চেষ্টার কি তাহলে কোনো দামই নেই! দাম অবশ্যই আছে এবং আছে বলেই দিন শেষে একেবারে বিধ্বস্ত নয় বাংলাদেশ। ৫১ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে তাঁদের ৯৪ রানের জুটিতেই এখনো টিকে আছে ফলোঅন এড়ানোর আশা। ১৭০ মিনিট উইকেটে থেকে ৮১ রানে অপরাজিত তামিম ৬০তম রানটি নিয়ে করেছেন টেস্টে বাংলাদেশের পক্ষে দ্রুততম (টেস্ট ও ইনিংস দুই ক্ষেত্রেই) হাজার রানের রেকর্ড। মাহমুদউল্লাহর সামনে সে রকম কোনো মাইলফলক না থাকলেও নিজেকে ধরে রাখার কাজটা ঠিকই করেছেন। আগের চার টেস্টে ৬০ ও ২০, অপরাজিত ৯৬ ও ০, ১১৫ ও ৪২ রানের পর এই টেস্টের প্রথম ইনিংসে ৫১।কিন্তু এর আগে কুক, কলিংউড, কেভিন পিটারসেন আর বেল মিলে ইংল্যান্ডকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অতিক্রম দূরের কথা, শুধু তামিম-মাহমুদউল্লাহর লড়াইয়ে তার ধারেকাছে যাওয়াও কঠিন। ইনিংস ঘোষণার আগে ৬ উইকেটে ৫৯৯—বাংলাদেশের বিপক্ষে তো সর্বোচ্চই, উপমহাদেশেই ইংল্যান্ড এর চেয়ে বেশি রান করেছে কেবল একবার। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ৬৫২ রান করেছিল তারা ১৯৮৫ সালে। আগের দিনের ৩ উইকেটে ৩৭৪ রান নিয়ে খেলতে নেমে কাল দলীয় ৪১২ রানে মাহমুদউল্লাহর বলে ফিরতি ক্যাচ দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক কুক; নিজের ইনিংসে যোগ করেছেন আর মাত্র ১৫ রান। তবে আগের দিন ৩২ রানে অপরাজিত পল কলিংউড রাজ্জাকের বলে লং অফে তামিমের ক্যাচ হওয়ার আগে করে নিয়েছেন দশম টেস্ট সেঞ্চুরি। ৮৪ রানে অপরাজিত বেলের সঙ্গে পঞ্চম উইকেটে ১৮৪ রানের জুটি। কুক আউট হওয়ার পর লাঞ্চের আগেই দুজন যোগ করেছেন ১১৩ রান।অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত এদিনও বন্ধুতা দিয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। তবে ইংল্যান্ডের ইনিংস ঘোষণায় বড় বিপদের কারণ হয়নি সেগুলো। রাজ্জাকের বলে শূন্য রানে মুশফিকুরের হাত থেকে বেঁচে যাওয়া প্রিয়র শূন্য রানেই অপরাজিত শেষ পর্যন্ত। আর সাকিবের বলে লং অনে রুবেল যখন ক্যাচ ফেলেন, বেলের রান তখন ৮২। সর্বনাশ যা হওয়ার, তা তো তাঁর আগেই হয়ে গেছে। কেউ বলতে পারেন, টসে জিতে ইংল্যান্ডের হাতে ব্যাট তুলে দেওয়ার সময়ই!