তামিমের পাঁচ ‘প্রথম’
পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল খেলতে গেছেন তামিম ইকবাল। কিন্তু এ দেশের ক্রিকেটামোদীদের অপেক্ষার পালা এখনো ফুরোয়নি। তামিমকে এখনো দেখা যায়নি আইপিএলের বর্ণালি মঞ্চে। গত এশিয়া কাপের চার ম্যাচে চারটি ফিফটি বাংলাদেশের এই ক্রিকেট তারকাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তিনি এখন আন্তর্জাতিক গণমাধ্যমেরও মনোযোগের কেন্দ্রে। আইপিএলে পুনের হয়ে সুযোগের অপেক্ষাতেই রয়েছেন তামিম। দাঁতে দাঁত কামড়ে প্রতীক্ষায় আছেন তাঁর প্রতি এই অবহেলার জবাব দিতে। অপেক্ষা কবে শেষ হবে, জানা নেই তাঁর। তবে এরই মধ্যে তামিমের মুখোমুখি হয়েছিল বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। সাংবাদিক নাগরাজ গোল্লাপুদিকে তিনি বলেছেন তাঁর জীবনের পাঁচটি ‘প্রথমে’র কথা। প্রথম আলো ডটকমের পাঠকদের জন্য সেই সাক্ষাত্কারের অনুদিত অংশ তুলে ধরা হলো... প্রথমবারের তারকা দর্শনতখন আমার বয়স সাত কি আট হবে। শহীদ আফ্রিদি ঢাকায় এসেছিলেন আবাহনী লিমিটেডের হয়ে খেলার জন্য। আমার চাচা আকরাম খান আফ্রিদিকে বাংলাদেশে এনেছিলেন। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সে সময় এত ছোট আর লাজুক ছিলাম যে আমি তাঁকে কিছু বলতেও পারিনি। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিটি করার পর তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার। আর সেই আফ্রিদিই আমার সামনে। আমি তাঁর চুলের স্টাইল খুবই পছন্দ করতাম। কিছুদিন নিজের চুলটাও সে রকম করার চেষ্টা করেছিলাম। আমি মাঠেও তাঁর মতো করে যত দূরে বল পাঠানো যায়, সে রকমভাবে মারার চেষ্টা করতাম। তাঁকে ধন্যবাদ যে আমি এখন মাঠের বাইরে বল পাঠানোর মতো অনেক লম্বা শট খেলতে পারি।প্রথমবারের স্লেজিংএটা ঘটেছিল ২০০৭ বিশ্বকাপে। সেবার বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে তাদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। আমরা খুবই ছোট একটা লক্ষ্য তাড়া করছিলাম। মুনাফ প্যাটেল তাঁর দ্বিতীয় ওভার করছিল। প্রথম পাঁচ বলে আমি কোনো রান নিতে পারিনি। শেষ বলটা তিনি অফ স্ট্যাম্পের বাইরে ফেলেছিলেন। আমি একটু এগিয়ে গিয়ে ব্যাট ঘুরিয়েছিলাম। আর ব্যাটের ওপরে লেগে বলটা চলে গিয়েছিল থার্ড ম্যানে। মুনাফ খুবই অসন্তুষ্ট হয়েছিল আর বলেছিল যে আমার কিছু সত্যিকারের ক্রিকেটীয় শট খেলা শুরু করা উচিত। আমার মনে হয়েছিল যে আমার অবশ্যই ভালো কিছু করে দেখাতে হবে। এটা ভালো অনুভূতি ছিল।ক্রিকেট থেকে প্রথম শিক্ষাএটাও ২০০৭ বিশ্বকাপের ঘটনা। ভারতের বিপক্ষে আমার ম্যাচ-জেতানো অর্ধশতকটির পর আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। হয়তো আত্মবিশ্বাসের মাত্রাটা একটু বেশিই চড়া হয়ে গিয়েছিল। পরে গ্রুপ পর্বের আরেক ম্যাচে বারমুডার বিপক্ষে ম্যাচের সময় আমি ভাবলাম, আমি অনেক ভালো বোলারদের মুখোমুখি হয়েছি, কাজেই এখানে কোনো সমস্যা হবে না। আমি অন্ধের মতো ব্যাট চালালাম বারমুডার ফাস্ট বোলার সালিম মুকাদ্দামের বলে। কয়েক পা এগিয়ে এসে ব্যাট চালালাম যত জোড়ে সম্ভব। কিন্তু ব্যাটের কোনায় লেগে বল চলে গেল থার্ড ম্যানে। আর আমি ফিরলাম সাজঘরে। এই ঘটনাটা আমাকে শিখিয়েছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকেই ছোটভাবে নেওয়া যাবে না।কোচের কাছে প্রথমবারের শাস্তিএটা ছিল ঘরোয়া ক্রিকেটে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের একটা ম্যাচ। আমরা প্রথম দিনে ব্যাট করেছিলাম। পরের দিন আমি ঘুম থেকে উঠেছিলাম দেরি করে—নয়টায়। এরপর খুবই তাড়াহুড়া করে আমি মাঠের দিকে ছুটেছিলাম। কিন্তু যখন আমি সেখানে পৌঁছালাম, তখন ম্যাচের এক ওভার বল করা শেষ হয়ে গেছে। চট্টগ্রামের কোচ মিনহাজুল আবেদিন আমার দিকে খুবই বিস্ময় নিয়ে তাকিয়েছিলেন। আমি অজুহাত দিয়েছিলাম যে আমি সারা রাত অসুস্থ ছিলাম। কিন্তু তাতেও আমি নিস্তার পাইনি। সারা দিন ফিল্ডিং করার পর আমাকে শাস্তিস্বরূপ ২০টি চক্কর দিতে হয়েছিল মাঠে।প্রথমবারের ডানহাতি ব্যাটিংঠাট্টাচ্ছলে পেসার রুবেল হোসেনের সঙ্গে আমার প্রায়ই মৌখিক দ্বন্দ্ব হতো। সে হয়তো আমাকে বলতো যে আমাকে সে প্রথম ওভারেই আউট করে দিতে পারে। আর আমি হয়তো তাকে বলতাম যে আমি তাকে মাঠের বাইরে উড়িয়ে মারতে পারি। ২০০৯ সালে আমি খেলছিলাম আবাহনীর হয়ে। রুবেলের দল গাজী ট্যাঙ্কের বিপক্ষে। সেই ম্যাচে আমি ১৬০ রান করেছিলাম। আর আমার আত্মবিশ্বাসও খুব বেশি ছিল। তখন আমি ভাবলাম, এটাই রুবেলকে উত্ত্যক্ত করার সময়। তাকে তাক লাগিয়ে দেওয়ার জন্য আমি তার ওভারের কয়েকটি বল খেলেছিলাম ডানহাতে। ভেতরে ভেতরে অবশ্য খুবই ভয় লাগছিল। কারণ সে বল করছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে। আমার ভাগ্য ভালো ছিল যে, সেই দিন আহত না হয়েই মাঠ ছাড়তে পেরেছি।