তামিমের ব্যাট যেন ম্যাচের জিয়নকাঠি
১ উইকেটে ২১৯! আহা, স্কোরবোর্ড এত সুন্দরও হয়!শীতের বিকেলের ম্লান আলো হলদেটে রং ছড়াতে শুরু করেছে মাঠের ঘাসে। সেই আলোতে শ্বেতশুভ্র পোশাকের ক্রিকেটের কেমন যেন মায়াবী রূপ। মায়াবী মনে হচ্ছে তামিম ইকবালের উদ্ধত ব্যাটকেও। তাঁর পাশে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জুনায়েদ সিদ্দিকের চোয়ালবদ্ধ লড়াই। চলুক, এভাবেই চলতে থাকুক না! দিনের বাকিটা সময়, কালকের সকাল, দুপুর...তা কি আর হয় নাকি! দীর্ঘতম স্বপ্নের স্থায়িত্বও নাকি মাত্র কয়েক সেকেন্ড! আর তামিম-জুনায়েদের স্বপ্নযাত্রা তো ২০১ মিনিট ধরে চলল। তারপর স্বপ্নযাত্রার শেষ...১০ বলের মধ্যে দুজনই ড্রেসিংরুমে ফেরত। স্কোরবোর্ডটা হঠাৎই ম্লান—৩ উইকেটে ২২২!ম্লান—কারণ কিন্তু দ্বিতীয় উইকেটে তামিম-জুনায়েদের ওই ২০০ রানের জুটি। নইলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতে দিন শেষের স্কোরবোর্ডে ৩ উইকেটে ২২৮ রান দেখার স্বপ্ন সাকিব আল হাসানও কি দেখেছিলেন! যা পাওয়া হয়ে গেছে, তা তো হয়েছেই। যা হয়নি, সেটিই তখন বড়। তৃতীয় দিনের শেষটা আরও ভালো করে বুঝিয়ে দিল তা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ২০০ রানের জুটি। মাত্র দ্বিতীয়বারের মতো কোনো ব্যাটসম্যানের দেড় শ পেরোনো ইনিংস। তার পরও আক্ষেপ—আহা, দিনটা তো আরও ভালোভাবে শেষ হতে পারত!দুর্বিনীত স্ট্রোক প্লেতে মাঠ আলো করা তামিম ইকবালের ১৫১। যখন আউট হলেন, দলের রানের ৬৮ শতাংশেরও বেশি তাঁর ব্যাট থেকে। মাত্র ১০১ বলে সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম। অথচ তাঁরও সব আনন্দ হারিয়ে যাচ্ছে অপরাজিত থেকে বেরিয়ে আসতে না পারার দুঃখে।ভারতের বিপক্ষে একটি ইনিংসেই তাঁকে চিনেছিল ক্রিকেট বিশ্ব। সেই থেকে ভারত প্রিয় প্রতিপক্ষ। ২০০৭ বিশ্বকাপের ওই ইনিংসে তামিমকে সবচেয়ে বেশি চিনেছিলেন জহির খান। কাল আবার চিনলেন।দিন শেষে রিভার্স সুইংয়ের জাদুতে বাঁহাতি পেসারই ফিরিয়েছেন বাঁহাতি ওপেনারকে। এর আগে তাঁর ৩৫ বল খেলে তামিম নিয়েছেন ৩৬ রান, যার ২৪-ই চারে। ইনিংসের ১৩তম চারটি মেরে সেঞ্চুরিও জহির খানের বলেই। সেঞ্চুরি হয়ে যাওয়ার পরপরই তামিম তাঁকে ‘উপহার’ দিলেন ফাস্ট বোলারের জন্য সবচেয়ে বড় অপমান—পরপর দুই বলে রাজকীয় দুটি স্ট্রেট ড্রাইভ।তামিম-ঝড় অবশ্য জহিরের চেয়েও বেশি বয়ে গেল প্রজ্ঞান ওঝার ওপর দিয়ে। বাঁহাতি স্পিনারের ৩৪ বল খেলে ৪০ রান, ৫টি চার ও ১টি ছয়। ইনিংসের বাকি দুটি ছয় হরভজনকে। ৫৯ বলে ৩৮ রান দিয়েও সর্দার বলতে পারেন, ‘আমাকেই তো কম মারল!’৪৯ বলে প্রথম ফিফটি, ৫২ বলে দ্বিতীয়। দিনের শেষ পর্যন্ত খেলার প্রতিজ্ঞা থেকেই তৃতীয় ফিফটি করতে ৭৯ বল খেলার ‘ধৈর্য’ দেখানো। টেস্ট ক্রিকেটে তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি মাত্র দুই টেস্ট আগে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্ট সেঞ্চুরিটি উইকেটে টিকে থাকার পুরস্কারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল তামিমকে। দ্বিতীয়টি তাঁকে বলছে—উইকেটে তেমন কিছু না থাকলে চালিয়ে খেলো। ওটাই তোমার সহজাত খেলা। হোঁচট খেলে ভাবো বীরেন্দর শেবাগের কথা। না, তাঁর ওই ‘অর্ডিনারি’ মন্তব্য নয়। দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে সহজাত খেলা খেলে যাওয়া। কাল তা খেলে সফল হলেন বলেই চতুর্থ দিনেও টেস্ট ম্যাচটা বেঁচে থাকল। না, ফলাফল নিয়ে খুব একটা সংশয় নেই। দু দিন এখনো বাকি, বাংলাদেশ এখনো ৮৩ রানে পিছিয়ে। বাংলাদেশের ব্যাটিংয়ের হুড়মুড় করে ভেঙে পড়তেও সময় লাগে না। তার পরও ২ রানে অপরাজিত মোহাম্মদ আশরাফুল যে ভারতকে ‘ভালো একটা চ্যালেঞ্জ ছুড়ে’ দেওয়ার কথা ঘোষণা করতে পারছেন, সেটির মূলে তামিম-জুনায়েদের ওই জুটি। রানের কথা তো স্কোরকার্ডেই লেখা আছে। যা লেখা নেই, তা হলো ‘ওরা পারলে আমরা পারব না কেন’—এই সাহস।পরশু শাহাদাতের বাউন্সারে হাসপাতালে রাত কাটাতে হয়েছে রাহুল দ্রাবিড়কে। কব্জির চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাটিংই করতে পারলেন না যুবরাজ। ভারতের দুজন ব্যাটসম্যান কম। ভালো একটা লিড নিয়ে যদি শেষ হয় বাংলাদেশের ইনিংস...হয়তো মিছে আশায় বসতি। ভারতের সামনে ২০০ রানের লক্ষ্য ছুড়ে দিতেও করতে হবে আরও ২৮২। তাতে বাংলাদেশের ইনিংসটা হতে হবে ৫১০ রানের। ধুর, বাংলাদেশ কোনো দিন তা করেছে নাকি!এখন পর্যন্ত যতটুকু করেছে, কাল লাঞ্চের পর ইনিংস ঘোষণা করে দেওয়ার সময় সেটিও হয়তো ভাবেননি মহেন্দ্র সিং ধোনি। ৩১১ রানের লিড, ইনিংসে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তিন শই তো করেছে মাত্র একবার (চট্টগ্রামে এর আগের টেস্টে ৩০১)। আগের দিনের স্কোরের সঙ্গে ৮৫ রান যোগ হয়েছে কাল সকালে, যার ৬৭-ই ধোনির। সেঞ্চুরি পেলেন না ১১ রানের জন্য। পেতে দিল না রকিবুলের লেগ স্পিনে মুশফিকুরের দুর্দান্ত এক স্টাম্পিং। ইনিংসে পঞ্চম এই ডিসমিসাল রেকর্ড বইয়েও নাম তুলে দিল মুশফিকুরের। এত দিন রেকর্ডটা ছিল খালেদ মাসুদের—পাঁচবার ইনিংসে ৪টি করে ডিসমিসালের কৃতিত্ব আছে যাঁর।মুশফিকুর ছাড়িয়ে গেছেন নিজেকে। এরপর তামিমও তা-ই। আজ বাংলাদেশের আর দু-একজন এমন করতে পারলেই তো হয়! কী হয়? টেস্টটা তা হলে অন্তত পঞ্চম দিনের মুখ দেখে!