তামিমের মুখেও আশার গান
৯০তম ওয়ানডেতে এসে একটা সত্য আবিষ্কার করলেন তামিম ইকবাল। বাংলাদেশের দর্শকেরা খুব ভালো। দর্শকেরা যে ক্রিকেটারদের জন্য বড় শক্তি সেটা তিনি আগে থেকেই জানতেন। পরশু নতুন করে জানলেন, এই দর্শকেরাই বিপদে ক্রিকেটারদের প্রকৃত বন্ধু।‘আমি ৯০টা ওয়ানডে খেলে ফেলেছি। দর্শকদের এত সমর্থন আগে কোনো ম্যাচে পাইনি। যখন আমাদের বোলিং খারাপ হচ্ছিল, তখনো গ্যালারি থেকে কেউ একটা খারাপ কথা বলেনি। এই সমর্থনই দরকার’—বাংলাদেশ-ভারত ম্যাচে গ্যালারি-ভর্তি দর্শক এতটাই মন জয় করেছে তামিমের।বিশ্বকাপ নিয়ে দর্শক-সমর্থকদের আবেগের শেষ নেই। আবেগ থেকেই আশার জাল বুনেছিলেন সবাই, ভারতকে হারিয়ে ঘরের মাঠের বিশ্বকাপে নতুন রং দেবে বাংলাদেশ। সেটা না হলেও তামিম শোনাচ্ছেন নতুন আশার কথা, ‘আমাদের পক্ষে যতটুকু করার আমরা করেছি। হতাশ হওয়ার কিছু নেই। এবার গ্রুপ পর্বে আমরা অনেক ম্যাচ খেলব। কাজেই টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। সবাই ধৈর্য ধরুন, পরের ম্যাচটা জিতলেই বিশ্বকাপে আমাদের অন্য রকম চেহারা দেখতে পাবেন।’অন্য একটা চেহারা অবশ্য প্রথম ম্যাচেই দেখে ফেলেছেন দর্শকেরা—সেই চেহারা তামিমের নিজেরই। সঙ্গে ইমরুল কায়েসেরও কি নয়! তামিম ধুমধাড়াক্কা মারবেন, আর ইমরুল এক প্রান্ত আগলে টুক টুক করে খেলবেন, বাংলাদেশের ওপেনিং জুটির এই চরিত্রটাই সবাই দেখেছে এত দিন। পরশু ঘটল উল্টো। বাংলাদেশের প্রথম ৫০ রানে ইমরুলেরই ৩৬, তামিমের মাত্র ৬! খুব যে পরিকল্পনা করে এটা হয়েছে তা নয়। দুই ওপেনারের চরিত্র বদলে যাওয়ার মূল কারণটা খুলে বলেছেন তামিম, ‘প্রত্যেক দিনই ব্যাটে বল লাগবে এমন নয়। কাল (পরশু) ব্যাটে বল পাচ্ছিলাম না। তখন ড্রেসিংরুম থেকেই জানানো হয় আমি যেন মারতে না যাই, উইকেটে থাকি। আমিও জানতাম উইকেটে থাকতে পারলে পরে পুষিয়ে দেওয়া যাবে। সেটা তো কিছুটা করেছিও শেষ পর্যন্ত।’ দুজনের রূপ বদলানোর কারণ হিসেবে ইমরুলও বললেন একই কথা, ‘আমি তো আগেও বলেছি, প্রয়োজনে আমি মারতে পারি। তামিম অ্যাটাকিং খেলে বলে আমাকে ডিফেন্সিভ হতে হয়। কাল (পরশু) তামিমের লাগছিল না আর আমার লাগছিল। আমি তাই চার্জ করেছি।’অন্যকে ‘চার্জ’ করার দায়িত্ব দিয়ে তামিম যে খুব বেশিক্ষণ চুপচাপ থাকতে পারেন না, সেটাও দেখা গেছে এই ম্যাচে। ইমরুল আউট হওয়ার পর তামিমের ব্যাটেও ঝলক দেখেছে ভারত। তবে তার আগ পর্যন্ত উইকেটে তামিমকে বেশ কষ্টকর সময়ই পার করতে হয়েছে, ‘আমি স্ট্রাইক নিতে পছন্দ করি। স্ট্রাইক না নিলে আমার হাত ঠান্ডা হয়ে যায়। কাল (পরশু) আমি যখন মাত্র ১০ বল খেললাম, ইমরুল ততক্ষণে ৩০ বল খেলে ফেলেছে। তখনই আমি কিছুটা ঠান্ডা হয়ে যাই। কী আর করা, প্রত্যেক দিন তো আর আমি মারতে পারব না!’তার পরও যেটুকু মেরেছেন, কিংবা অন্য ব্যাটসম্যানরা যা খেলেছেন তাতে ভারতের রানটা আরেকটু কম হলে ম্যাচের শেষ দৃশ্যটা অন্য রকমও হতে পারত বলে মনে করেন তামিম, ‘বোলিংয়ে আমরা হতাশ করলেও দলের ব্যাটিং নিয়ে আমি অন্তত খুশি। ভারতের রানটা ৩৭০ না হয়ে ৩২০-৩৩০ হলেও আমাদের সুযোগ ছিল। আমি আরেকটু থাকলেই তো ৩০০ রান হয়ে যেত। এরপর সাকিবও যদি আরেকটু থাকত...।’ দুই ওপেনারের কেউই ভারতের বোলিং আক্রমণ খুব ভালো মানতে রাজি নন। ইমরুল তো এটাও বললেন, ‘ভারতের যা বোলিং তাতে ওদের বিপক্ষে ৩০০ রান তাড়া করেও জেতা সম্ভব।’প্রথম ম্যাচের ব্যাটিংও সেটাই বলছে। অবশ্য এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা আলোচিত নয়, আলোচিত টস এবং টসে জিতে আগে বোলিং করাটা। সহ-অধিনায়ক তামিম অবশ্য এ প্রসঙ্গে পাশেই দাঁড়ালেন অধিনায়ক সাকিবের, ‘দেখুন, আমাদের মূল শক্তি স্পিন। রাতে শিশির পড়লে স্পিনাররা ঠিকমতো বল গ্রিপই করতে পারত না। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের বোলিংটা বাজে হয়েছে। কিন্তু টসে জিতে ফিল্ডিং সঠিক চিন্তা থেকেই নেওয়া হয়েছিল।’আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫ ফেব্রুয়ারির ম্যাচের আগে লম্বা বিরতি। গতকালের পর আজও তাই ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। ভারত ম্যাচে ভালো খেলার তৃপ্তির সঙ্গে না পাওয়ার যে হতাশাটুকু বুকের মধ্যে জমে আছে, দুই দিনের ছুটি সেটা বের করে দেওয়ার একটা জানালা হয়তো।