তামিমের সেঞ্চুরি বৃথা, ইংল্যান্ডের সহজ জয়
অধিনায়ক কুকের ৬৪ ও কলিংউডের অপরাজিত ৭৫ রানে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২২৮ রানকে সহজে টপকেছে ইংল্যান্ড। ৪৬ ওভারে চার উইকেটে লক্ষ্য পৌছায় সফরকারিরা। এছাড়া মরগ্যান করেন ৩৩। নাইম ইসলাম ৪৯ রানে তিনটি ও সাকিব ৪২ রানে নেন একটি উইকেট। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ড এগিয়ে ১-০ তে। পরবর্তী ম্যাচ ২ মার্চ।এর আগে আজ রোববার দুপুরে টসে হেরে সাকিব আল হাসান খুশিই হয়েছিলেন। গত জানুয়ারির আইডিয়া কাপে শেরেবাংলা স্টেডিয়ামে পরে ব্যাটিং করা দল শিশিরের সহায়তায় বড় বড় রান তাড়া করে ম্যাচ জিতেছিল। সেটা জানা ছিল ইংলিশ থিংক ট্যাংকের। তাই অ্যালিস্টার কুক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। সাকিবের খুশিটা তাই আগে ব্যাটিং করার। এ রকম প্লাসিড উইকেটে টসে হেরেও আগে ব্যাটিং করার সুযোগটা যে ‘আকাশের চাঁদ’ হাতে পাওয়ার মতোই।কিন্তু বাংলাদেশের ব্যাটিং চিত্রটা আগের মতোই। সেই একই গল্পের পুনরাবৃত্তি। শেয়ারবাজারের দরপতনের মতো বাংলাদেশের ব্যাটিং গ্রাফ যে ওঠা-নামা করে! তামিম ইকবাল আর ইমরুল কায়েসের কল্যাণে চমত্কার এক শুরুর পর একের পর এক উইকেট ‘বিলিয়ে’ দিয়ে শেষ পর্যন্ত সংগ্রহ ২২৮। ধন্যবাদ তামিম ইকবাল ছাড়া আর কাকে দেওয়া যায়? এই ২২৮ রানের ১২৫-ই যে এই বাঁ-হাতির।ইংলিশ বোলার সাইডবটম, ব্রড, ব্রেসনানকে স্টেডিয়ামের চারদিক আছড়ে ফেলে তামিম ইকবাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের একটি বড় সংগ্রহের স্বপ্ন দেখাতে থাকেন। ৬৩ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটির পর ব্রেসনানের একটি স্লোয়ারের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। এরপর জুনায়েদ কোনো রান না করে ব্রডের বলে আউট হলে সুন্দর সূচনার পর প্রথম চাপে পড়ে বাংলাদেশ। ড্যাশিং আফতাব নিজের নির্বুদ্ধিতায় আজও রান আউটের ফাঁদে পড়েন। ৬৩ রানে উইকেটবিহীন অবস্থা থেকে চোখের পলকে ৮২/৩-এ পরিণত হয় বাংলাদেশ।অধিনায়ক সাকিব আল হাসান এরপর এসে জুটি গড়েন তামিম ইকবালের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের সেঞ্চুরি করা ফর্ম ঢাকাতেও তিনি অব্যাহত রাখবেন—এমন এক প্রত্যাশার মুখে সোয়ানের বলে হঠাত্ই তাঁর উইকেট নেই। সোয়ানকে নিয়ে বাংলাদেশ শিবিরে একটা আলোচনা ছিল, বাংলাদেশের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি, সেই শঙ্কা থেকেই কিনা, আরও দুজন ব্যাটসম্যান সাকিবের পথ অনুসরণ করলেন, মাহমুদউল্লাহ আর অনেক দিন পর দলে ফেরা মাশরাফি বিন মর্তুজা। মাহমুদউল্লাহ গত কয়েক মাসে বাংলাদেশকে অনেকবারই বিপদের হাত থেকে বাঁচিয়েছেন নিজে ভালো খেলে। আজ সোয়ানের একটি বলে গোলকধাঁধায় পড়ে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন তিনি। মুশফিকুর রহিমের ব্যক্তিগত ২২ রানে ‘যাব-যাচ্ছি’ করে নিজের সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি ঘটান বাজেভাবে। পিটারসেনের আরও একটি রান আউটের শিকারে পরিণত হন তিনি।তামিম ওয়ানডেতে আরও একটি শতরান পূরণ করে ফেলার পর যে পাওয়ার প্লের জন্য সবাই চাতক পাখির মতো বসে ছিল, সেই দর্শকদের অনেকটা বোকা বানিয়েই বাংলাদেশ দল ৪৩ ওভারের দিকে পাওয়ার প্লের দিকে হাঁটলই না, বরং এক এক করে বাকি উইকেটগুলো হারিয়ে ‘আম ছালা’—দুই-ই হারানোর মতো বাংলাদেশের ইনিংস শেষ ২২৮ রানেই। তামিম ইকবাল বোল্ড হন ব্রডের বলে। এর মধ্যে নাঈম ইসলাম ২৫ রান করে নিঃসঙ্গ পারফরমার তামিমকে কিছুক্ষণের জন্য সঙ্গ দিয়েছিলেন। একটা জুটিও গড়ে উঠেছিল। ওই জুটিটা না হলে বাংলাদেশের সংগ্রহ ২০০ পার হয় না।ইংল্যান্ডের পক্ষে সেরা বোলার সোয়ান। তিনি ৩২ রানে ৩টি উইকেট দখল করেন। এ ছাড়া ক্রিস ব্রড ৪৬ রানে দুটি এবং ব্রেসনান ও সাইডবটম ১টি করে উইকেট দখল করেন।১২৫ রানের জন্য ম্যাচ সেরা তামিম ইকবাল। ওয়েবসাইট।