তামিল অধ্যুষিত অঞ্চলে বিদ্রোহী সমর্থক দলের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার স্থানীয় নির্বাচনে তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলে সাবেক তামিল বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজনৈতিক দল নিরঙ্কুশ জয় লাভ করেছে। আর প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ক্ষমতাসীন দল সেখানে শোচনীয়ভাবে হেরেছে।গতকাল রোববার প্রকাশিত ফলে দেখা যায়, সাবেক তামিল বিদ্রোহীদের সমর্থক ‘তামিল ন্যাশনাল অ্যালায়েন্স’ (টিএনএ) তামিল সংখ্যাগরিষ্ঠ উত্তরে ২০টি স্থানীয় কাউন্সিলের মধ্যে ১৫টিতে আর পূর্বে ছয়টির মধ্যে তিনটিতে জিতেছে। শ্রীলঙ্কার সেন্টার ফর সোশ্যাল ডেমোক্রেসির বিশ্লেষক কুসাল পেরেরা বলেন, ‘এর মাধ্যমে এটাই বোঝা গেছে যে তামিলেরা সামরিক শাসন থেকে স্বাধীনতা পছন্দ করে এবং সরকারি উন্নয়ন পরিকল্পনার বদলে রাজনৈতিক সমাধানের মাধ্যমে তারা তাদের সামাজিক-সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে চায়।’স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট রাজাপক্ষে ও তাঁর দল সেখানে ব্যাপক প্রচারণা চলিয়েছিল। সরকারি দল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের অর্থনীতিকে পুনর্জীবিত করতে আরও উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাতে সায় দেয়নি তামিল ভোটারেরা।তবে পরাজয় সত্ত্বেও সরকার বলছে, উত্তরাঞ্চলে গণতন্ত্র ফিরে আসায় তারা খুশি। স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা স্থানীয় রেডিওকে বলেন, ‘জনগণ বুলেটের পরিবর্তে ব্যালট ব্যবহার করেছে। এটাই আমাদের জন্য অনেক বড় একটি বিজয়।’ সাবেক তামিল বিদ্রোহীদের মূল ঘাঁটি জাফনাতে সরকারি দল মাত্র তিনটি কাউন্সিলে জয় লাভ করেছে। অনেক ভোটার বলেছেন, সরকারপন্থী দল সামরিক সহায়তায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় তারা তামিল পার্টিরকে ভোট দিয়েছেন। জাফনাতে ১৯৯৯ সালের পর এই প্রথম স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। আর তামিল বিদ্রোহীদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চিতে ২৯ বছর পর স্থানীয় নির্বাচন হয়েছে।২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কার সরকারি বাহিনীর হাতে চূড়ান্তভাবে তামিল টাইগার বিদ্রোহীরা পরাজিত হয়। এর ফলে দেশটিতে দীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান হয় । রয়টার্স।