তামিল বন্দীদের ধর্ষণ, নির্যাতন করেছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হওয়ার প্রায় চার বছর পর দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্দেহভাজন তামিল বন্দীদের ধর্ষণ, নির্যাতন এবং জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।মানবাধিকার সংগঠনটি ৭৫টি ঘটনা নথিবদ্ধ করেছে। শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে বন্দী তামিল নারী-পুরুষের সঙ্গে কথা বলে সংগঠনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন, শ্রীলঙ্কার সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা আটক ব্যক্তিদের ধর্ষণ করেছে এবং তাঁদের ওপরে যৌন নিপীড়ন চালিয়েছে।ভুক্তভোগী ওইসব তামিল ব্যক্তিরা রাজনৈতিক আশ্রয়ে এখন ব্রিটেনে বাস করছেন। তাঁরা বলেছেন, নিজেদের তামিল বিদ্রোহী দলের সদস্য হিসেবে স্বীকার করে নিলে, নির্দিষ্ট অঙ্কের অর্থ ঘুষ দিয়ে মুক্তি পাওয়া যেত। পরে তাঁরা বিদেশে পাড়ি দেন।এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্বীকারোক্তি নেওয়ার একটি উপায় হিসেবে ধর্ষণ করা হতো। একই সঙ্গে শাস্তির রাজনৈতিক উপায় হিসেবেও ধর্ষণ করা হতো।’গাঙ্গুলি আরও বলেন, যৌন নিপীড়ন ছাড়াও বন্দীদের ওপরে নানা অত্যাচার চালানো হতো। সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া কিংবা মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখা হতো।এদিকে নয়াদিল্লিতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার বলেছেন, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত সংঘটিত এসব নির্যাতনের অভিযোগের কোনো সত্যতা তাঁদের কাছে নেই।শ্রীলঙ্কার হাইকমিশনের দূত প্রাসাদ কারিয়াসাম বলেন, ৪১ জন নারী, ৩১ জন পুরুষ এবং তিনজন বালকের সাক্ষী অনেকটা বানোয়াট। আশ্রয় পেতে তারা এ গল্প ফেদেছে। তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করার আগ পর্যন্ত এটাকে বানানো গল্প বলব। কারণ উন্নত দেশে শরণার্থী হতে তারা এ ধরনের গল্প বানাতে পারে।’