তার আসল নাম ‘বোম্বাই বেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগের কথা। চামেলী হাউসের ছবি তুলতে গিয়ে সেখানকার বাগানে একটি গাছে বিশাল দুটি ডুকডুকি ফল ঝুলে থাকতে দেখে এগিয়ে যাই। এর কিছুদিন পর বলধা গার্ডেনে আবার দেখা ডুকডুকি ফলের সঙ্গে। যেন সেই প্রবাদটির মতো, ‘একবার পরিচয় হলো, তারপর চোখে পড়তেই থাকল।’ বলধা গার্ডেনের ডুকডুকি ফলগুলো চামেলী হাউসের ফলের চেয়ে বেশি সুন্দর। দেখতে একেবারে বেলের মতো। শঙ্খনাদ পুকুরঘাটের পাশে মাঝারি আকারের গাছটির গায়ে সাইনবোর্ড গাঁথা আর তাতে লেখা ‘ডুকডুকি’। এরপর বহুবার দেখা হয়েছে ডুকডুকির সঙ্গে। ফলের দেখা পেলেও ফুলের দেখা কখনো পাইনি।দিন কয়েক আগে হাতে কোনো কাজ ছিল না। রমনা উদ্যান থেকে বাড়ি ফেরার পথে ঢুঁ মারি বলধায়। সেখানকার সিবিলি ভাগে ঢুকেই দেখি, হাতের বাঁ দিকে লাইন করা গার্ডেনিয়ায় নানা বর্ণের ফুল ফুটেছে। ছবি তুলতে তুলতে সহজচাঁপার কাছে চলে যাই। তারপর কাঠচম্পার কাছে গিয়ে পাশের গাছটিতে দৃষ্টি পড়তেই অবাক বিস্ময় নিয়ে তাকাই। ফুল ফুটেছে ডুকডুকি গাছে। একেবারে অন্য রকম, ঘিয়ে রঙের ফুল। মাঝারি আকারের গাছটির ফুল গাছের পাতায় আড়াল করা। একটা ডাল ধরে টেনে নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি। ফুলে গন্ধ নেই, তবে দেখতে সুন্দর।কারও কারও কাছে ডুকডুকি হলো ডুগডুগি। উদ্ভিদবিদ্যার শিক্ষক ও নিসর্গী দ্বিজেন শর্মা এ সম্পর্কে বলেন, ডুকডুকির আসল নাম ‘বোম্বাই বেল’। এর কোনো উপকারিতা নেই, খাওয়াও যায় না। সম্ভবত এর ফল থেকে বাদ্যযন্ত্র ডুগডুগি বানানো হয় বলে লোকমুখে এর নাম হয়েছে ডুগডুগি বা ডুকডুকি।ডুকডুকি মাঝারি আকারের চিরসবুজ গাছ। হালকা সবুজ পাতার মাথার দিকে গোলাকার, আর গোড়ার দিকে সুচালো। পাতা একেবারে ঝুঁকে থাকে কাণ্ডের সঙ্গে। সে পাতা আবার বের হয় থোকায় থোকায়। একেক থোকায় প্রায় পাঁচ-ছয়টি পাতার সমাহার। ডুকডুকির ঘিয়ে রঙের ফুল গাছের কাণ্ড ফুঁড়ে বের হয়। ফুল থেকে হয় ফল। ফুল ফোটে জ্যৈষ্ঠ মাসে। Calabash tree-এর প্রচলিত ইংরেজি নাম। একে আবার ইংরেজিতে Ayale নামেও ডাকা হয়। এটি Bignoniaceae পরিবারভুক্ত। এর উদ্ভিদবিজ্ঞানীয় নাম Crescentia Cujete।ভারতীয় উপমহাদেশে ডুকডুকির প্রসার প্রকৃতিগতভাবে হলেও এটি মূলত কিউবার গাছ। ঢাকার চামেলী হাউসে একটি এবং বলধা গার্ডেনে একটি ডুকডুকি গাছ রয়েছে। আরও মাস খানেক গাছে গাছে ফুল থাকবে। তারপর ফল ধরবে। ডুকডুকির ফুল ও ফল দেখতে হলে চামেলী হাউস বা বলধা গার্ডেনে যেতে হবে।