গত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের ঘটনা। মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকা থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের ভূগর্ভস্থ লাইন থেকে তার চুরি হয়। এর ফলে দিন পাঁচেক ৯০০ টেলিফোন বিকল থাকে। ওই সময়ের মধ্যে বিটিসিএল কর্তৃপক্ষ নতুন করে তার বসিয়েছে। নগরের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সময়ে চুরি যাওয়া লাইনে তার বসাতে গিয়ে ২০০৯ সালে বিটিসিএলের গাঁট থেকে খরচ হয়েছে এক কোটি ৬৪ লাখ টাকা। চুরি ও তার বসানোর মাঝের সময়ে টেলিফোন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার গ্রাহক। মুঠোফোন ও পিএসটিএন ফোন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় পড়ে এমনিতেই হিমশিম খেতে হচ্ছে বিটিসিএলকে (সাবেক বিটিটিবি)। বছর পাঁচেক ধরে আরেক উৎপাত হয়ে দেখা দিয়েছে এই তার চুরি। চুরি বন্ধে তারা ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’-এর ভূমিকা পালন করছে বলে গ্রাহকদের অভিযোগ।দুর্ভোগের পাশাপাশি হয়রানিতে গ্রাহকগত ৭ ফেব্রুয়ারি খিলগাঁও চৌধুরীপাড়ায় বিটিসিএলের ভূগর্ভস্থ তার চুরি হয়। এর ফলে শ পাঁচেক ল্যান্ডফোন বিকল হয়ে যায়। ওই এলাকায় তার বসিয়ে লাইন সচল করতে চার-পাঁচ দিন সময় লেগেছে বলে বিটিসিএল সূত্রে জানা যায়। ভূগর্ভস্থ তার চুরি হলে শত শত টেলিফোন বিকল হয়ে যায়। টেলিফোনসেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকেরা। তেমনই টেলিফোনের খুঁটি থেকে তার চুরি হলেও টেলিফোন অচল থাকার পাশাপাশি হয়রানির মুখে পড়তে হয় গ্রাহককে। এ প্রসঙ্গে ফরিদাবাদের বাসিন্দা মাহবুব উদ্দিন চৌধুরী জানান, কারও বাড়িতে আসা লাইনের তার চুরি হলে তা বিটিসিএলের লাইনম্যানদের লাগানোর কথা। তার লাগানোর কথা বললে তাঁরা বলেন, তাঁদের গুদামে তার নেই। এভাবে দিনের পর দিন লাইনম্যানদের কাছে ধরনা দিয়েও টেলিফোন সচল করতে পারেন না গ্রাহকেরা। বেশির ভাগ ক্ষেত্রেই টেলিফোন সচল করার জন্য তাঁদের দুই থেকে পাঁচ শ টাকা ধরিয়ে দিতে হয়। সেই টাকায় লাইনম্যানরা তার কিনে আনার কথা বললেও তারা বিটিসিএলের গুদামের তারই এনে লাগিয়ে দেন। এর মানে হচ্ছে গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা লাইনম্যানদের পকেটে যাচ্ছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একজন পরিচালক জানান, লাইনম্যানদের দ্বারা হয়রানি বন্ধে অভিযোগকেন্দ্রে গ্রাহকেরা অভিযোগ করতে পারেন। এই অভিযোগগুলো ব্যবস্থাপনা পরিচালক নিজে খতিয়ে দেখেন।পাহারায় ‘নিধিরাম সর্দার’গত অক্টোবরের এক রাতে মগবাজারের সাফেনা জেনারেল হাসপাতালের পাশে বিটিসিএলের ভূগর্ভস্থ তার চুরি হচ্ছিল। চোরের দল তার নিয়ে যাওয়ার আগেই চলে আসে বিটিসিএলের পাহারাদারেরা। এভাবে চুরি প্রতিরোধ করা গেলেও চোর ধরতে পারেননি তাঁরা। তারা ট্রাক নিয়ে নিরাপদেই পালিয়ে যায়। চোরদের ধরা হলো না কেন? এমন প্রশ্নে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী (কেব্ল-পূর্ব, খিলগাঁও) নাজিম উদ্দিন প্রামাণিক জানান, চোরেরা ছিল ২০-২৫ জনের মতো। আর বিটিসিএলের পাহারাদার ছিলেন জনা চারেক। চোরের এত বড় দলকে ধরার মতো সামর্থ্য তাঁদের ছিল না। খোদ বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খাবীরুজ্জামান জানান, তাঁদের কর্মীরা চুরি প্রতিরোধ করতে গিয়ে চোরদের হাতে খুন পর্যন্ত হয়েছেন। পাহারাদারদের চেয়ে চোরেরা সংখ্যায় বেশি থাকার ফলেই এমন ঘটনা ঘটেছে।তার চুরি প্রতিরোধে বিটিসিএলের উচ্চপর্যায়ের নির্দেশে নগরের প্রতিটি বিভাগে (কেব্ল) রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রতিটি বিভাগেই গুটি কয়েক লোক দিয়ে ভ্রাম্যমাণ প্রহরা দল করা হয়েছে, যাঁদের পক্ষে সব এলাকায় পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। পাহারার কাজে আনসার সদস্য যুক্ত করার কথা থাকলেও সব বিভাগে এখনো তা করা হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।বিটিসিএলের পূর্ব (কেব্ল, খিলগাঁও) বিভাগে রাতভর তার পাহারায় থাকছেন তিনজন আনসার ও জনা দুয়েক বিটিসিএলের কর্মী। তারা মাইক্রোবাস নিয়ে খিলগাঁও, কাকরাইল, মগবাজার, সায়েদাবাদ এলাকায় পাহারা দিচ্ছে। লোকবলের অভাবে পূর্ব (কেব্ল, খিলগাঁও) বিভাগের ডেমরায় প্রহরার ব্যবস্থা করা যাচ্ছে না বলে জানান এখানকার প্রকৌশলী। এদিকে পশ্চিম (কেব্ল, শেরেবাংলা নগর) বিভাগে দুজন কর্মী ও একজন চালক, মোট তিনজন মাইক্রোবাস নিয়ে পাহারার কাজ করছেন। তাঁরা পুুরো বিভাগের একেক এলাকায় সামান্য সময় দিতে পারছেন। বিটিসিএলের একাধিক প্রকৌশলী জানান, এখন যেভাবে পাহারার কাজ চলছে, তাতে চুরি বন্ধ করা যাবে না। এ জন্য প্রতিটি বিভাগে একাধিক দল তৈরি করে পাহারার ব্যবস্থা করা দরকার। বিটিসিএলের তার পাহারার জন্য ঢাকা মহানগর পুলিশকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান একজন প্রকৌশলী।এদিকে বিটিসিএলের একজন পরিচালক জানান, তার চুরি প্রতিরোধে করণীয় জানার জন্য একটি কমিটি করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী ভূগর্ভস্থ তার চুরি প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারের চিন্তাভাবনা চলছে। সে ক্ষেত্রে তারের সঙ্গে এমন কোনো ‘ডিভাইস’ যুক্ত করা হবে, যাতে কেউ তার কাটতে এলে নিয়ন্ত্রণকক্ষে অ্যালার্ম জ্বলে উঠবে। এ ছাড়া তামার তারের ব্যবহার কমিয়ে অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক বাড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।তার চুরি রোধ করতে গ্রাহকের মুখাপেক্ষী হয়েছে বিটিসিএল। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেছে, রাতে বিটিসিএল কর্তৃপক্ষ টেলিফোন তারের কোনো কাজ করে না। রাতে কাউকে টেলিফোন লাইনে কাজ করতে দেখলেই তাদের পরিচয় নিশ্চিত হতে হবে; তাদের কার্যক্রম সম্পর্কে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে তথ্য দিতে হবে; কিংবা তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরিয়ে দিতে হবে।চোরাই তার যেখানে যায়বিটিসিএল সূত্রে জানা যায়, তাদের তারে থাকা তামার (কপার) জন্য মূলত তার চুরি হয়। তার আগুনে পুড়িয়ে প্লাস্টিক গলিয়ে ফেলে দেওয়া হয়। তারপর চোরেরা তামার তার নগরের ভাঙ্গারি দোকানে বিক্রি করে। সেখান থেকে তামা চলে যায় তামার উপকরণ তৈরির কারখানায়। পুরান ঢাকার একাধিক বাসিন্দা জানান, চোরাই তারের ওপর ভিত্তি করে চলছে মহল্লার অনেক ভাঙ্গারি দোকান। অনেক ব্যবসায়ী ভাড়াটে চোর দিয়ে তার চুরি করাচ্ছে। চোরাই তার বেচাবিক্রির মূল আখড়া হচ্ছে বেচারাম দেউড়ি ও নিমতলী। এ দুই এলাকার অনেক ভাঙ্গারি ব্যবসায়ী চোরাই তার বেচাবিক্রির সঙ্গে জড়িত। এ প্রসঙ্গে বিটিসিএলের একাধিক কর্মকর্তা জানান, এ পর্যন্ত বেশ কয়েকবার নগরের বিভিন্ন ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে তার উদ্ধারও করা হয়েছে।