তার পরও ক্লার্কের ফেবারিট ভারত
ইংল্যান্ডের সঙ্গে টাই, আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে কোনো রকমে জয়। বিশ্বকাপের প্রাক-ফেবারিট ভারত খেলতে পারছে না ফেবারিটের মতো। প্রশ্ন উঠেছে তাদের বোলিং সামর্থ্য নিয়েও। অনেকে বলে দিয়েছেন এই বোলিং দিয়ে হবে না। তবে এত কিছুর পরও মাইকেল ক্লার্কের কাছে বিশ্বকাপ জয়ে ভারতই ফেবারিট।ভারত ও অস্ট্রেলিয়া খেলছে আলাদা দুই গ্রুপে। তার পরও ক্লার্ক সতর্ক দৃষ্টি রেখেছেন ভারতের ওপর। ভারত দেশের মাটিতে সব সময়ই ফেবারিট উল্লেখ করে বলেছেন, ‘দেশের মাটিতে খেলছে বলে ভারত এখনো ফেবারিট, আমি মনে করি, তারা খুব ভালো একটি দল পেয়েছে।’টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। তবে ১৯৯৯ বিশ্বকাপ থেকে অপরাজিত দলটির পক্ষে কত দিন এই ধারা ধরে রাখা সম্ভব, তা নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। তবে নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট ক্লার্ক, ‘আমরা যেভাবে খেলছি, তাতে আমি খুশি, কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে।’মাইক হাসিকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ক্লার্ক বলেছেন, ‘দলে একজন বাঁহাতি থাকাটা অবশ্যই কাজে আসবে। উপমহাদেশে খেলার ভালো অভিজ্ঞতা তার আছে, সে বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে যাচ্ছে।’