বুয়েনস এইরেসের মনুমেন্টালে যা থাকে, বার্সেলোনার ন্যু ক্যাম্প কিংবা রিয়াল মাদ্রিদের বার্নাব্যুতে যা থাকে, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তা কেমন করে থাকবে? মুখে দলীয় সংগীতের সুরে লক্ষ ভ্রমরের গুঞ্জন মোহবিষ্ট করে দেয় মনুমেন্টাল, বার্নাব্যু, ন্যু ক্যাম্প। কিন্তু মেসিদের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামেরও তো কিছু দেওয়ার থাকে, দেওয়া হলো মেক্সিকান তরঙ্গের নৈবেদ্য। কিছু হুল্লোড় তোলা ভালোবাসা। দেওয়া হলো গোটা ম্যাচটাকেই। আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়াও তাতে প্রাপ্তির প্রান্তে। কিন্তু কাল এই স্টেডিয়ামের ঐতিহাসিক লগ্নে ওটা যদি শুধু মেসি নামের এক জাদুকরকে দেওয়া হতো, ভুল হতো না।গত ১ জুন এই নাইজেরিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ বলুন, কিংবা ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বের চড়াই উতরানোর জন্য আত্মবিশ্বাসের জ্বালানি, আর্জেন্টিনা তা এ ম্যাচ থেকে তুলে নিল ৩-১ গোলের জয়ে। গোল পাননি মেসি। খুদে জাদুকরের গোল-খরা সময়ের ফিতেয় চড়ে আরও লম্বা। সেই ফেব্রুয়ারিতে পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে একটা পেনাল্টি গোলের পর থেকে তাঁর খতিয়ানে শুধু শূন্যতা। এ ম্যাচে হিগুয়েইন গোল করলেন দুটি, ডি মারিয়া গোল পেলেন। ২৪ ও ২৬ মিনিটে রিয়ালের দুই ফলা গোল করলেন বার্সার বর্শার পাস থেকেই। পাস থেকে কি? এ তো থালায় সাজিয়ে দেওয়া যে, এসো, মুখে তুলে নাও!৬৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেতে পেতেও পাননি হিগুয়েইন। গোলটি লেখা হয়েছে প্রতিপক্ষ খেলোয়াড়ের নামে, আত্মঘাতী। হিগুয়েইনের শট গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। নাইজেরিয়ার ডিফেন্ডার এলডারসনের পায়ে লেগে তা ঢুকে যায় তাঁদেরই জালে। এই বলটা বাড়িয়ে দিয়েছিলেন ডি মারিয়া। এ ছাড়া আর্জেন্টিনার আর সব আক্রমণেই তো ওই মেসির নাম। কখনো কখনো চুপচাপ প্রতিপক্ষের কাণ্ডকীর্তি দেখেন, কিন্তু আক্রমণের ঠিকানা লেখা বলগুলো কীভাবে যেন ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝে ফেলেন পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চির মানুষটি। ঠিক যেন মাছির মতো। লা পুলগা (মক্ষিকা) নামটি কেন মেসির আরেক পরিচয়, হাজার তেইশেক দর্শক সেটি বুঝল কাল। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এ দেশের মানুষের মন জিততে পারলেন কি পারলেন না, সে কথা থাক। তবে একই দিনে বাংলাদেশ মাঠে দেখেছে সত্যিকারের মনমোহনকে। যাঁর নাম লিওনেল আন্দ্রেস মেসি। যদিও পুরো ৯০ মিনিটে মাত্রই কয়েকটি জাদুকরি মুহূর্ত তিনি উপহার দিয়েছেন।তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম মেসির গোল খতিয়ানে উজ্জ্বল হয়েই আলো ছড়াতে পারত। ডি মারিয়ার গোলটির আশি ভাগ তো আলবিসেলেস্তির নতুন অধিনায়কেরই অবদান। প্রায় মাঝমাঠ থেকে প্রতিপক্ষের একজনের পা থেকে বল কেড়ে নিয়ে সর্পিল গতিতে কাটালেন আরও তিন ডিফেন্ডারকে। তারপর বাঁ পায়ে নিলেন শট। একটা গোলকে ইতিহাসের মুখ থেকে সরিয়ে দিলেন নাইজেরিয়া গোলরক্ষক আইয়েনুগবা। তবে ওই ফিরতি বলেই গোলের ঠিকানা লিখে দিলেন ডি মারিয়া। ৪৫ মিনিটে মেসিরই বাঁ পায়ের শট কর্নার করে বাঁচিয়ে আইয়েনুগবা যেন ভিনসেন্ট এনিয়েমাকেই মনে করিয়ে দিলেন। গত বিশ্বকাপে এলিস পার্কে আইয়েনুগবার পূর্বসূরি এভাবে অন্তত তিনটি গোল থেকে বঞ্চিত করেছিলেন মেসিকে।আক্রমণের প্রাণ ছিলেন, আক্রমণ বুকে পেতে নিয়েও তিনি মহিমান্বিত করলেন রাতটিকে। মেসিকে আটকাতে নাইজেরিয়ার ডিফেন্ডাররা হয়ে উঠলেন ক্রুর। ইচিজিলে এলডারসন প্রথমার্ধের মাঝামাঝি পায়ে মেরে ফেলেই দিলেন তাঁকে। যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মেসির শরীর তখন গ্যালারির দীর্ঘশ্বাস। স্ট্রেচারটা তৈরি ছিল। কিন্তু একি! নায়ক ঠিকই মাটি থেকে উঠে দাঁড়িয়ে আবারও মাঠের সবুজে বুনতে লাগলেন তাঁর পায়ের কারুকাজ।দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় ওবাসি চিনেডু গোল করে অন্য রকম ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফল যা হওয়ার তা-ই হয়েছে, আর্জেন্টিনা জিতেছে বড় ব্যবধানে। জুনের অঘটনটা বাদ দেন, এ ফল ম্যাচটা মাঠে গড়ানোর আগেই হয়তো আপনারা অনুমান করেছিলেন। আবুজার সেই ম্যাচে মেসি ছিলেন না, আর মেসি থাকলে নাইজেরিয়ার কপালে পরাজয়ই লেখা হয়।আলেসান্দ্রো সাবেলা ঢাকায় আসা ইস্তক বলছেন, মেসিকে তিনি সুখী রাখতে চান। তা দায়িত্ব নেওয়ার দ্বিতীয় ম্যাচে এসেও দেখা গেল মেসি সুখী। আসলে সুখের উপকরণ তো ছড়িয়ে দিচ্ছেন বিশ্বসেরা খেলোয়াড়টিই। নিজে গোল পাচ্ছেন না, অন্যকে দিয়ে করাচ্ছেন। ঠিক সেই বাতিওয়ালার মতো, যে পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ যার নিজের ঘরেই জমে থাকে অন্ধকার। এই বাতিওয়ালা দেখালেন নেতা হলে সুখটা ভাগাভাগি করতে হয়। তাই রূপসী বাংলা হোটেলে গত ৩৬ ঘণ্টায় যে মেসিকে দেখা গেছে তিনি সবার নেতা। ঘুরলে একসঙ্গে ঘুরেছেন, খেতে গেলেও সবাইকে ডেকে নিয়ে টেবিলে বসেছেন। আর্জেন্টিনাকে কেমন যেন সুখ উপচে পড়া গৃহকোণ মনে হচ্ছে।কিন্তু সাবেলার মনের মধ্যে তার পরও অসুখের লক্ষণ। রক্ষণটা এখনো এলোমেলো। ওভারল্যাপ করে দ্রুত পাল্টা আক্রমণে ওঠার মতো উইং ব্যাক নেই। দুই উইং দিয়ে আক্রমণে বিঁধে ফেলার মতো দ্রুততা নেই। আছেন শুধু মেসি। সতীর্থরা সবাই তাঁর দিকে তাকিয়ে থাকেন, জাদুকরই কিছু একটা করবেন!বঙ্গবন্ধু স্টেডিয়াম কাল রাতের আলোয় একটু মুখ ভার করেও থাকল। আনন্দের মধ্যেও কোথায় যেন একটু বিষণ্নতা। পুলিশ তাদের আত্মীয়স্বজনদের যেভাবে পারে ধরে ধরে ঢুকিয়েছে, তার পরও গ্যালারির এখানে-ওখানে কত ন্যাড়া জায়গা থাকল! মনের মধ্যে এমন ন্যাড়া অনুভূতি নিয়ে তো বাঙালি এই ইতিহাসের সামনে দাঁড়াতে চায়নি।দুই দলে খেলেছেনআর্জেন্টিনা: রোমেরো, ডেমিকেলিস, জাবালেতা (ফার্নান্দেজ), বুর্দিসো, রোজো (গুতিয়েরেজ), ওটামেন্ডি, ডি মারিয়া (বানেগা), হিগুয়েইন (আগুয়েরো), মেসি, মাচেরানো, সোসা (আলভারেজ)।নাইজেরিয়া: আইয়েনুগবা, অ্যাডিলেয়ি, ইচিজিলে, ওবি (ইমেনিকে), ওবি জোয়েল (মুসা), অ্যামব্রোস, ওকোঙ্কো, ওবি মিকেল (একপো), ইডেয়ি, ওগুডে, ওবিন্না (উচে ইকেচুকু)।