তার পরও হাততালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ রানে হারলে সবচেয়ে বেশি দুষতে হয় ভাগ্যকে। কাল ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উপচে পড়া গ্যালারির সঙ্গে ভাগ্যকে পাশে না পাওয়ার হাহাকার উঠল পুরো বাংলাদেশে। সেই সঙ্গে থাকল কিছু টুকরো টুকরো আক্ষেপ: ‘ইশ্, শাহাদাত যদি শেষ ওভারে...। নাজিমউদ্দিন-নাসির যদি আরেকটু মেরে খেলতেন...।শেষের দিকে প্যাডে লেগেও একটা চার যদি পেত বাংলাদেশ, যেমন পেয়েছে পাকিস্তান... ।’ হতাশা থেকে কান্নার জন্ম। আবার হতাশার ধুলো ঝেড়ে নতুন প্রত্যয়ে মাথা তুলে দাঁড়ানোর নামও প্রত্যয়। মানুষ শেষ পর্যন্ত আশাতেই বসত গড়ে। এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল যে নতুন আশার গান শুনিয়েছে, তাতেই উজ্জ্বল এক ভবিষ্যতের প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। শেষটা হার দিয়ে, কিন্তু এই পরাজয়ে কোনো ক্লেদ নেই। টুর্নামেন্টজুড়ে ভালো খেলায় মুশফিকের দলের তাই হাততালিই প্রাপ্য। সেটা সবাই দিচ্ছেনও।