তারকা-নির্ভরতার দিন শেষ
এক-দুজন তারকা দিয়ে বা তারকার ওপর নির্ভর করে ফল পাওয়ার দিন শেষ। এখন পুরো একাদশকেই খেলতে হবে একটা ইউনিট হিসেবেআমি কি একটু বিস্মিত? দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালেই বিদায় নেবে, কে ভেবেছিল বলুন! শেষ কবে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া কোপার সেমিফাইনাল দেখেছি, মনেই পড়ে না। এবারের কোপা আমেরিকা তাই দারুণ নাটক জমিয়ে তুলেছে। প্যারাগুয়ের ফাইনালে উঠে আসাও কি কম অপ্রত্যাশিত?ভেনেজুয়েলার দুর্ভাগ্যই আমি বলব। তিনটা শট ওদের গোলপোস্টে গিয়ে লাগল। একটা গোল বাতিলও করা হয়েছে অফসাইডের কারণে। যদিও সাদা চোখে দেখে আমার কাছে কিন্তু মনে হয়নি ওটা অফসাইড ছিল। যাহোক, শেষ পর্যন্ত প্যারাগুয়ে ফাইনালে এসেছে এটাই শেষ কথা। তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এবারের আসরে এই দুই দলই যোগ্যতম হিসেবে ফাইনালে উঠে এসেছে কি না, এ নিয়ে অনেক বিতর্ক হতে পারে। তবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, এবারের আসরের দুই সেরা কোচের দুই দলই উঠে এসেছে ফাইনালে। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ আর প্যারাগুয়ের জেরার্ডো মার্টিনো—দুজনকেই গত বিশ্বকাপ থেকে দেখছি। শুধু দেখছি বলা ভুল হবে, মুগ্ধ হয়ে দেখছি তাদের ট্যাকটিকস।আর্জেন্টিনাকে উরুগুয়ে যে বিদায় করে দিল, ম্যাচটার নায়ক তাদের গোলরক্ষক ছিল যেমন; নেপথ্য নায়ক কিন্তু ছিলেন কোচই। এবারের কোপায় উরুগুয়ে সবচেয়ে সার্থক দল হিসেবে খেলেছে। ব্রাজিল যেমন নির্ভর করে ছিল পাতো, নেইমার, রবিনহোদের ওপর। আর্জেন্টিনার ভার একাই বয়েছে লিওনেল মেসি। কিন্তু উরুগুয়ে কোনো এক-দুজনের ওপর নির্ভর করেনি। ফোরলান আর সুয়ারেজ ওদের দুই বড় তারকা। কিন্তু খেয়াল করে দেখেছেন কি না, ফোরলান যতবারই ফ্রি-কিক নিয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে, ততবার কিন্তু ওদের অধিনায়ক লুগানো আর্জেন্টিনার বক্সে ত্রাস ছড়িয়েছে।তাবারেজের আরেকটা জিনিস আমার খুব চোখে পড়েছে। ফোরলানকে মিনিমাম টাচে রাখা। বল নিয়ে ফোরলান বেশি কারিকুরি করেনি। পাওয়া মাত্রই পাস দিয়েছে। আরেকটা ব্যাপার, ও কিন্তু নির্দিষ্ট একটা পজিশনে খেলেনি। কখনো মাঝমাঠে, কখনো ওপরে। কখনো বাঁয়ে, কখনো ডানে। ফলে ওকে মার্ক করে রাখতে গিয়ে প্রতিপক্ষ কোচদের হিমশিম খেয়ে যেতে হয়েছে।প্যারাগুয়েও এক-দুজনের ওপর নির্ভর না করে পুরো দল হিসেবে খেলেছে। সেই দুই দল মুখোমুখি হচ্ছে আজকের ফাইনালে। ফুটবলের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা এমনিতেই ঝুঁকির। তার পরও আমি আজ উরুগুয়েকেই এগিয়ে রাখব।আশা করি, এই দুদল মন ভরানো ফুটবল উপহার দিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার অনুপস্থিতি অনেকখানি ভুলিয়ে দেবে। তবে এই প্রশ্নটা কিন্তু থাকছেই, কেন পারল না দুই ফেবারিট। আমার কাছে দুদলের একটা অভিন্ন সমস্যা চোখে পড়েছে। সেটা হলো নির্দিষ্ট কোনো তারকার ওপর নির্ভর করা। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে একটা ম্যাচেই ভালো খেলেছে—কোস্টারিকার বিপক্ষে। কেন? কারণ মেসি জ্বলে উঠেছিল বলে। ব্রাজিলও তেমনি ইকুয়েডরের বিপক্ষে পাতো-নেইমারে ভর করে বড় ব্যবধানে জিতেছিল। কিন্তু সত্যি বলতে কি, এবার টুর্নামেন্টে পাতোর খেলা আমার ভালো লাগেনি। নেইমারের খেলা এই প্রথম দেখলাম। হ্যাঁ, ওর মধ্যে আগামীর বড় তারকা হওয়ার সব উপাদানই আছে। খুবই স্কিলড। কিন্তু মাত্র ১৯ বছর বয়স বলে একটু অপরিণত মনে হয়েছে ওকে। স্বাস্থ্যগত দিক দিয়েও যথেষ্ট ভালো নয়। হালকা-পাতলা গড়নের। ব্রাজিল কোচ যেহেতু ২০১৪ বিশ্বকাপকেই চূড়ান্ত লক্ষ্য হিসেবে নিয়েছেন, নিশ্চয়ই এই দিকগুলোতে নজর দেবেন।মেসি কেন পারল না? উত্তর পরিষ্কার, আর্জেন্টিনার এই একাদশের সঙ্গে খেলার খুব বেশি অভিজ্ঞতা মেসির নেই। দেখুন, ওর খেলার যে ধরন, তাতে সতীর্থের সঙ্গে বোঝাপড়া অনেক ভালো থাকতে হবে। এবার ওয়ান-টাচে বিল্ডআপ করার সময় বেশ কবার দেখলাম মেসি ব্যাক হিল করে এগিয়ে গেছে, কিন্তু পেছনে কেউ নেই। মানে পরিষ্কার, মেসির প্রত্যাশা ছিল ওকে ব্যাকআপ দিচ্ছে কেউ। কিন্তু সেখানে কেউ ছিল না। বার্সেলোনায় জাভি-ইনিয়েস্তার সঙ্গে ওর যে বোঝাপড়া সেটা আর্জেন্টিনায় গড়ে তুলতে অনেক ম্যাচ খেলতে হবে। কিন্তু এখন ক্লাব ফুটবলের যে ব্যস্ততা, জাতীয় দলগুলো সেভাবে সময়ই তো পায় না। ব্রাজিল-আর্জেন্টিনার দুদলের রক্ষণও কিন্তু ভালো ছিল না। আর্জেন্টিনার রক্ষণে তো একটু চাপ দিতেই ভেঙে পড়ার নজির দেখা গেছে। ব্রাজিল দলে লুসি ও বাদ বাকিরা ডিফেন্সে ততটা সুদৃঢ় ছিল না। এবারের কোপা আমেরিকা আমাদের নতুন কিছু কি দিয়েছে? ট্যাকটিক বা টেকনিকের দিক দিয়ে নতুন কিছু নেই। তবে হ্যাঁ, ভেনেজুয়েলার মতো দলের উত্থান, চিলির দুর্দান্ত খেলা, প্যারাগুয়ের এত দূর উঠে আসা—এসবই বলছে দক্ষিণ আমেরিকার ফুটবলে, বাকি দলগুলোও অনেক উন্নতি করেছে। আসলে এই দলের খেলোয়াড়েরা ক্লাব ফুটবলে ইউরোপে তুলনামূলক কম খেলে বলে আমরা সেভাবে চিনি না। কিন্তু এবার তো দেখা গেল, শক্তিতে ওরাও খুব একটা পিছিয়ে নেই।এবারের কোপা আমেরিকা তাই ২০১৪ বিশ্বকাপে লাতিন শক্তিগুলোর জন্যও প্রেরণা হয়ে থাকবে। পরের বিশ্বকাপ ব্রাজিলেই। আমি বলছি না কে চ্যাম্পিয়ন হবে। তবে ইউরোপের আধিপত্য খর্ব হবে, লাতিন দলগুলো উঠে আসবে আগামী বিশ্বকাপে। সব মিলে এবারের কোপা আমেরিকায় খেলার গুণগত মানে আমি সন্তুষ্ট নই। আসলে খেলার মধ্যে আগের সেই লাতিন সুবাস আর নেই। একেবারেই যে নেই তা বলব না। তবে আসলে ইউরোপের ঘরানার সঙ্গে লাতিন ঘরানা মিশে গিয়ে আলাদা স্বাতন্ত্র্য এখন আর সেভাবে কিছু চোখে পড়েনি। হ্যাঁ, ব্রাজিল-আর্জেন্টিনার বেশ কিছু মুভে লাতিন সুরটা পাওয়া গেছে, কিন্তু সব মিলে ফুটবল আসলে এখন অনেক বেশি ফলনির্ভর। এখানে ফলাফলটাই শেষ কথা। আর এ কারণে কোচেরাও ঝুঁকছেন কার্যকর ফুটবলের দিকে। এক-দুজন তারকা দিয়ে বা তারকার ওপর নির্ভর করে ফল পাওয়ার দিন শেষ। এখন পুরো একাদশকেই খেলতে হবে একটা ইউনিট হিসেবে। এবারের কোপা আমেরিকা আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল।