সপ্তাহের প্রথম দিনে ঢাকা শেয়ারবাজার লেনদেন গেল সপ্তাহের মতোই চাঙা। আজ প্রথম ঘণ্টাতেই লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিনিয়োগকারীরা এ পরিমাণ লেনদেনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, বাজারে সন্তোষজনক তারল্যপ্রবাহের ফলেই লেনদেনে এই চাঙাভাব। ঢাকা শেয়ারবাজারে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই এক হাজার কোটি টাকার ওপর লেনদেন হয়েছে। তবে ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমার কারণে বিনিয়োগকারীরা কিছুটা চিন্তিত। তাঁরা বলছেন, ব্যাংকের শেয়ারের দাম কমে যাওয়ার কারণ তাঁর বুঝতে পারছেন না।এদিকে গত বৃহস্পতিবার গোল্ডেন সান নামের একটি প্রতিষ্ঠানের প্রাথমিক শেয়ারের টাকা না পেয়ে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিক্ষোভ করেছিলেন। আজ গোল্ডেন সান জানিয়েছে, তারা ইতিমধ্যেই প্রাথমিক শেয়ারের টাকা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দিয়েছে। আজ খাতওয়ারি ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে বিদ্যুত্, জ্বালানি ও বিমা খাতের শেয়ারের দাম। তবে আজও গ্রামীণফোনের শেয়ারের দাম নিম্নমুখী।