তারা এখন পুলিশের ওপর হামলা শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ‘ক্ষমতায় থাকার সময় এই বিরোধী দলই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এখন তারা পুলিশের ওপর হামলা চালানো শুরু করেছে।’তিনি দাবি করেন, বিরোধী দল বিএনপি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। সম্প্রতি সারা দেশে পুলিশের ওপর যে হামলা চালানো হয়েছে, তার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ শনিবার গণভবনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মানবতাবিরোধীদের বিচারকাজ বানচাল করতে দেশে নানা ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, ‘বিরোধী দল যত ষড়যন্ত্রই করুক না কেন, মানবতাবিরোধীদের বিচার হবেই। আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছে, তাই তারা কোনোভাবেই এ ক্ষেত্রে সফল হতে পারবে না।’শেখ হাসিনা আরও বলেন, ‘১৯৭২ সালেই মানবতাবিরোধীদের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে জিয়াউর রহমান বিচারকাজ বন্ধ করে দেন। জিয়াউর রহমান মানবতাবিরোধীদের পুনর্বাসন করেছিলেন।’ বিএনপির শাসনামলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় পুরো দেশ জঙ্গিবাদের অন্ধকারে ছেয়ে গিয়েছিল। একই সঙ্গে সারা দেশের ৫০০ জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা কি কল্পনা করা যায়!’ এ সময় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।