‘তারা আমার কাছে এসে পানি চাইল। টিউবওয়েল থেকে পানি নিয়ে তাদের খাওয়ালাম। কিছুক্ষণ পর দেখি, বাড়ির পাশে খড়ের গাদায় আগুন দিচ্ছে তারা। দরজা-জানালা বন্ধ করে আমরা ঘরে ঢুকি। এসে ঘরেও আগুন দিল। আমি বের হতে চাইলাম। আমাকে মারল। মার খেয়ে স্ত্রী ও তিন বছরের ছেলেকে নিয়ে পালিয়ে গেলাম।’এই বর্ণনা চট্টগ্রামের বাঁশখালীর পৌর সদরের জলদী এলাকার বাসিন্দা সুনীল শীলের। গত বৃহস্পতিবার জলদীর ধোপাপাড়ায় আগুন দেয় জামায়াত-শিবির। তাঁর বাড়িসহ ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত করেছে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা। পুড়িয়ে দিয়েছে ছয় পরিবারের আঙিনার লোকনাথ মন্দিরটিও। ভাঙচুর ও আগুনের কারণে কিছুটা বিবর্ণ হয়েছে লোকনাথের মূর্তি।ছাইচাপা আগুনের ভস্ম চারদিকে। অর্ধদগ্ধ দুটি গরুর শরীর ও চোখেমুখে এখনো তাণ্ডবের চিহ্ন। গতকাল সোমবার সকালে পূজার ডালি নিয়ে মূর্তির সামনে হাজির হওয়া টকি শীল বলেন, ‘একাত্তরের যুদ্ধ দেখিনি। কিন্তু এর চেয়ে আর খারাপ কী হবে একাত্তর! আমরা তো কোনো দোষ করিনি। বরং আমরা তাদের পানি খাইয়েছি। কিছুক্ষণ পর তারাই আমাদের ঘরে আগুন দিল!’ওই দিন আগুন দেওয়া হয়েছে উপজেলা সদরের আদালত ভবন ও জলদী সদরের সংখ্যালঘুদের দোকানে।সুনীল পালাতে পেরেছিলেন, কিন্তু তাঁর গোয়ালের তিনটি গরুর মধ্যে একটি জীবন্ত দগ্ধ হয়েছে সেদিন। বাকি দুটি এখন মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছে পোড়া শূন্য উঠানে। সুনীল, পুলিনদের পাশাপাশি ওই দিন আগুন দিয়েছিল ভাগ্যবতীর ঘরেও। তাঁর বাবা দয়াল হরি (৫০) মেয়েকে দেখার জন্য ওদিনই এসেছিলেন। কিন্তু অগ্নিসংযোগকারীদের আক্রমণে লাশ হয়েই বাঁশখালীর নিজের বাড়িতে ফিরতে হয়েছে। মেয়ে ভাগ্যবতী তাঁর লাশ বহন করে নিয়ে গেছেন বাপের বাড়িতে। পুড়ে গেছে বাঁশখালী সদরের সংখ্যালঘুদের অন্তত আটটি দোকানও। লুটপাট হয়েছে আরও ১৫ দোকানে। দিলীপ স্টোরের মালিক অশোক দাশ বলেন, ‘এ তাণ্ডব একাত্তরকেও হার মানায়। উপজেলা সদরে যদি আমাদের জানমালের নিরাপত্তা না থাকে, তাহলে অন্যান্য ইউনিয়নে কী হয়েছে কে জানে?’