তারা কখনো অতীত থেকে শিক্ষা নেয়নি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তারা কখনো অতীত থেকে শিক্ষা নেয়নি। এ কারণে তাদের পরিণতি হয়েছে ভয়াবহ।গত বৃহস্পতিবার ঢাকায় বিএনপির প্রতিবাদ কর্মসূচির দিন পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তারের প্রতিবাদে এক বিবৃতিতে গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন।বিবৃতিতে বিরোধীদলীয় নেত্রী বলেন, জনগণকে তারা অবজ্ঞা করেছে। তাঁর অভিযোগ, বিরোধী দলকে ভয় দেখাতেই সরকার ‘অপকৌশলের’ আশ্রয় নিয়েছে। খালেদা জিয়া পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তারের নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃত বিএনপির নেতা-কর্মীদের মুক্তি ও আহতদের সুচিকিত্সার ব্যবস্থা করার দাবি জানান।শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ক্ষমতাকে স্থায়ী ও পাকাপোক্ত করতে এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকারের নির্দেশে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে। জিয়াউর রহমানের নাম বিভিন্ন স্থাপনা থেকে মুছে ফেলে সরকার জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচির পর বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশের বক্তব্য, মিছিলকারীরা রাজপথে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়িতে হামলা করার পরই কেবল তারা লাঠিপেটা করে।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও এক বিবৃতিতে বিএনপির সমাবেশে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।