তারা জানে না সরকার কীভাবে চালাতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাম দল হরতাল ডাকতে পারে। কারণ তারা তো জানে না, সরকার কীভাবে চালাতে হয়। তবে এতে আমি আশ্চর্য হইনি। কারণ তারা তত্ত্বের ওপর নির্ভরশীল।’ আজ বুধবার সচিবালয়ে অর্থনৈতিক ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বামপন্থী দুটি রাজনৈতিক জোটের সমালোচনা করেন তিনি। ১৬ জানুয়ারি বুধবার সারা দেশে আধা বেলা হরতালের ঘোষণা দিয়েছে বামপন্থী দুটি রাজনৈতিক জোট। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এ হরতাল ডেকেছে। অর্থমন্ত্রী বলেন, ‘বাম দলের হরতালে আমাদের কিছু বলার নেই। এ দেশের ভোটাররাই সেটা বলেন।’ একই বিষয়ে বিএনপির হরতালেরও সমালোচনা করেছেন আবুল মাল আবদুল মুহিত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বিএনপির হরতাল ডাকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি কীভাবে হরতাল করল? তারা তো জানে। আমি আগের মন্তব্য আবার করছি। এটা স্রেফ পাগলামি। উন্মাদ, উন্মাদ।’জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিরোধী দলের ডাকা হরতাল কর্মসূচিকে ‘উন্মাদের সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ বঙ্গবীর এম এ জি ওসমানী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আঞ্চলিক স্কাউট সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।তখন অর্থমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিএনপি হরতাল ডেকেছে। এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ উন্মাদের মতো। দাম বাড়ার পরও বিশ্ববাজারের তুলনায় আমাদের দেশে তেলের দাম এখনো কম। এটা (হরতাল ডাকা) কোনো দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।’ ওই দিন আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিএনপি এবং খালেদা জিয়া দেশ চালিয়েছেন, তাঁরা জানেন রাষ্ট্র কীভাবে চালাতে হয়। অথচ জেনে-বুঝে তাঁরা বিরোধিতা করছেন। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের বিরোধী দল খুবই দায়িত্বহীন বিরোধী দল।’