তারা বাংলাদেশকে বিশ্বাস করে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াত যুদ্ধাপরাধী। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এ দেশটাকে তারা ধ্বংসের চেষ্টা করছে। অবশ্যই জামায়াত-শিবির বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণ সমস্ত শক্তি দিয়ে তাদের এই বদমায়েশি কর্মকাণ্ড বন্ধ করবে।আজ শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নতুন রেফ্রিজারেটর কারখানার উদ্বোধনের পর সাংবাদিকদের অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, যে সহিংস অবস্থা চলছে, তা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বর্তমান অবস্থা চলতে থাকলে শিল্পক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, ‘যারা সহিংসতার সঙ্গে জড়িত, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আমার বিশ্বাস, আগামী দুই-চার দিনের মধ্যেই এটা শেষ হবে।’ তিনি বলেন, এটা বন্ধ করার জন্য আদালতে একটা রিটও রয়েছে। এটা ব্যান্ড হওয়া উচিত, কারণ একটা হিংস্র দলের দেশে থাকার অধিকার নেই।অর্থমন্ত্রী ওয়ালটনের মুঠোফোন ও ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজের নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব খুশি। শিল্পক্ষেত্রে ওয়ালটনের বড় বিকাশ হয়েছে। যেভাবে পরিকল্পনা করেছে, ওয়ালটন সেভাবেই এগোচ্ছে। তাদের ব্যবস্থাপনা ভালো। রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিংয়ে তারা বড় সফলতা পেয়েছে। তারা মোল্ড বানাতে পারে। মোটরসাইকেল, টিভি, এয়ারকন্ডিশনার বানাচ্ছে। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম প্রমুখ।