তারা ভরা রাতে জাঁকালো অনুষ্ঠান
সারা বছর যাঁরা মানুষের গত্বাঁধা জীবনে আনন্দ-বিনোদন জুগিয়ে জীবনযাত্রাকে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলেছেন, তাঁদের নিয়েই অনুষ্ঠান। কাজেই এ অনুষ্ঠানও হবে আকর্ষণীয় আর আনন্দঘন, সে প্রত্যাশা ছিল স্বাভাবিক। গতকাল শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৯ প্রদানের জাঁকালো আয়োজন সেই প্রত্যাশা পূর্ণ করেছে কানায় কানায়।সবই অতিচেনা মুখ, অতিপ্রিয়। কে নেই সেখানে— ফেরদৌসী রহমান, সুচন্দা, ফারুক, কবরী, আলমগীর, রুনা লায়লা, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা থেকে শুরু করে সদ্য বিনোদনজগতে আসা তরুণ প্রতিভাবান সবাই। রীতিমতো তারায় তারায় ভরা মিলনায়তন। তাঁদের মধ্য থেকে দেশের অগণিত অনুরাগী সেরা হিসেবে নির্বাচন করেছেন প্রিয় তারকাদের। তারই স্বীকৃতি হিসেবে এই বর্ণাঢ্য আয়োজনে সেরাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে জয়ের স্মারক। বিকেল থেকেই আমন্ত্রিত অতিথি ও তারকাদের আগমন শুরু হয়েছিল অনুষ্ঠানে। এসেছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তন পূর্ণ।বাঘের পেট থেকে জন্ম নিলেন দুই মনুষ্যসন্তান। চমক লাগানো দৃশ্যটির অবতারণা হয়েছিল সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মঞ্চে। মঞ্চটিও সাজানো হয়েছিল তারায় ভরা আকাশের পটভূমিতে। ব্যাঘ্রশাবকরূপী জননন্দিত দুই তারকা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর কাঁধে অনুষ্ঠান চালিয়ে নেওয়ার দায়িত্ব তুলে দিয়ে মঞ্চ ছাড়লেন গত দুই আসরের সঞ্চালক এবং এবারের সূচনাকারী আরেক নন্দিত তারকা ফেরদৌস। দর্শক করতালিতে সাদর সম্ভাষণ জানালেন সেই বাঘের দুই বাচ্চাকে। তাঁদের একজনের কিন্তু বাঘ পরিচয়ে ঘোর আপত্তি। তিনি হলেন মোশাররফ করিম। সঙ্গী ব্যাঘ্রশাবক চঞ্চল চৌধুরীকে আপত্তির কারণটা জানিয়ে বললেন, তিনি এখন বাঘ নন, ইঁদুর। আগে বাঘ ছিলেন, বিয়ের পর ইঁদুর হয়ে গেছেন। এরপর রামগরুড়ের ছানার পক্ষেও হাসি চেপে রাখা মুশকিল। কাজেই হাস্যরসপ্রিয় দর্শক দিলখোলা হাসিতে উদ্ভাসিত করে তুলেছিলেন মিলনায়তন। দুই উপস্থাপককে সহায়তা করতে এলেন লাক্স-চ্যানেল আই তারকা অর্ষা ও ঈশানা।এর আগে জমকালো এই অনুষ্ঠান শুরু হয়েছিল প্রথম আলোর পাঠকদের তৈরি করা পাঁচটি খুদে চলচ্চিত্র দিয়ে। লালবাতি, বিদ্যাসাগর, তৃষ্ণা, দেয়ালের ঐ পাশে ও কট বিহাইন্ড নামের এই খুদে চলচ্চিত্রগুলোতে সমাজের নানা অসংগতির পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরেছেন মেধাবী নির্মাতারা।এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সমবেত দর্শকদের অনুষ্ঠানে স্বাগত জানান। তিনি বলেন, ‘মেরিলের সঙ্গে প্রথম আলো ১২ বছর একসঙ্গে কাজ করছে। এক যুগে আমরা চেষ্টা করেছি সবাই মিলে এই আয়োজনকে আরও সর্বাঙ্গীণ-সুন্দর করে উপস্থাপন করতে।’ তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো একটি আলোকিত দেশ গড়ে তোলা।স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, যাঁরা শ্রমে-মেধায় নিজেদের ক্ষেত্রে ভালো কাজ করেছেন, এই পুরস্কার যেমন তাঁদের কাজের স্বীকৃতি, তেমনি যাঁরা পুরস্কার পাননি, তাঁদের জন্যও ভবিষ্যতে ভালো কাজের প্রেরণা জোগাবে।শুরুতেই ছিল প্রাচ্য ও পাশ্চাত্য যন্ত্রসংগীতের সঙ্গে জমকালো নৃত্য। এতে ফেরদৌসের সঙ্গে অংশ নেন মোনালিসা, মম, বাঁধন, মুনমুন ও প্রভা। এই নৃত্যের বিশেষ আকর্ষণ ছিল বিদেশি চার নৃত্যশিল্পী সোফি, অ্যাডউইনা, জেসিকা ও দিয়ানার অংশগ্রহণ। তাঁদের সঙ্গে দুটি বাঘও ছিল। এ দুই বাঘের পেট থেকেই মঞ্চে আবির্ভূত হয়েছিলেন উপস্থাপকদ্বয়।নৃত্যের পর পুুরস্কার দেওয়ার পালা। প্রথমেই জানানো হয় প্রবীণ নজরুলসংগীতশিল্পী সুধীন দাশকে আজীবন সম্মাননা। এরপর আবার গান ও নাচ। চমক ছিল এবার পরিবেশনায়ও। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘এসো শ্যামল সুন্দর...’ ও ফাতেমা-তুজ-জোহরার কণ্ঠে ‘শুকনো পাতার নূপুর পায়ে...’ গান দুটির সঙ্গে নৃত্য পরিবেশন করলেন অপি করিম। নৃত্যের পরই শুরু হয়েছিল বহুল প্রতীক্ষিত সেই পর্ব—সেরা তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা।পাঠকদের সরাসরি ভোটের ভিত্তিতে তারকা জরিপ এবং জুরি বোর্ডের রায়ে টিভি সমালোচক ও চলচ্চিত্র সমালোচক—এই তিনটি বিভাগে ১৫টি সেরা পুরস্কার দেওয়া হয়েছে।প্রথমেই ছিল তারকা জরিপ পুরস্কার। এই ফাঁকে আবার পর্দায় দর্শকদের সামনে উপস্থাপন করা হলো সিটিবাস নামের আরও একটি খুদে ছবি। ঢাকার নিয়মিত বাসযাত্রীদের অনিবার্য বিড়ম্বনার এক ঝলক বিশেষভাবে তুলে ধরা হলো।উপস্থাপকেরা অনুষ্ঠান জমিয়ে তুলেছিলেন জনপ্রিয় অনেক অভিনেতার কণ্ঠ নকল করে হাস্যরসাত্মক নানা ঘটনায়। একপর্যায়ে দুই উপস্থাপক স্বনামখ্যাত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের টেলি-কথোপকথনের দৃশ্যের অবতারণা করে দর্শকদের জানালেন, এই পুরস্কার দেওয়া-নেওয়ায় মূল অনুষ্ঠান ঝুলে যাচ্ছে। অতএব দ্রুত অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে আয়োজন করা হচ্ছে শাকিব খানের নৃত্য। তিনি মঞ্চ কাঁপিয়ে দিলেন বিন্দু, মীম ও শখকে নিয়ে তিন পর্বের তিন আঙ্গিকের নৃত্যে।আবার পুরস্কারের পালা। বিজ্ঞাপনের বদলে খুদে চলচ্চিত্রের প্রদর্শনী—অনুষ্ঠান এগিয়েছে এভাবেই। দুই উপস্থাপকের হাস্যকৌতুকের মাঝে সাজু খাদেমের হঠাৎ উপস্থিতি দর্শকদের আরও আনন্দ দিয়েছে। বিদ্যুৎ-পানি-গ্যাসের সমস্যায় নাকাল জনজীবন, খাদ্যে ভেজাল ও ফরমালিন মেশানোর মতো বিষয়গুলোও তুলে ধরেছিলেন মোশাররফ-চঞ্চল।পথে একটি ইট পড়ে আছে। হনহন করে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। ইটে হোঁচট খেয়ে দাঁত-মুখ খিঁচিয়ে বিড়বিড় করতে করতে চলে গেলেন। সেই পথেই আসছিলেন এক খঞ্জ। দুই হাতে ভর দিয়ে তাঁর চলা। ইটটির কাছে এসে তিনি থেমে গেলেন। পা নেই। বহু কষ্টে হাত দিয়ে ঠেলে ইটটি পথ থেকে সরিয়ে দিয়ে তিনি চলে গেলেন। ছবিটি এটুকুই। কেন যেন সেই দৃশ্যে চোখ বাষ্পাকুল হয়ে ওঠে। এমনই সব খুদে ছবি বানিয়েছেন প্রথম আলোর পাঠক, এই অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দিতে।অনুষ্ঠানের চতুর্থ পরিবেশনাটি ছিল হাবিব ও ন্যান্সির গাওয়া ‘বাহির বলে দূরে থাকুক...’ গানের সঙ্গে নওশীন-ফারদিন, সজল-সারিকা ও তিশা-তপুর নৃত্য।জয়ের স্বপ্ন জাগানো গান দিয়ে শেষ হয়েছিল অনুষ্ঠান। মঞ্চে এলেন নন্দিত শিল্পী কুমার বিশ্বজিত্। গাইলেন ‘এখনই সময় যেখানে বিজয় যেতে হবে সেখানে...।’ সব পুরস্কারজয়ী শিল্পী, খুদে একদল নৃত্যশিল্পী আর জাতীয় দলের ক্রিকেটাররা সঙ্গ দিতে এলেন তাঁকে।