তারাগঞ্জ খালেক হিমাগারে আলু পচে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাগঞ্জ খালেক হিমাগারে রাখা আলু পচে যাচ্ছে। এর ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। তাঁরা পচে যাওয়া আলুর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। জানা গেছে, রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার মোড় এলাকায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন খালেক হিমাগারে ধারণক্ষমতা ৩১ হাজার বস্তা আলু। কিন্তু সেখানে চারটি প্রকোষ্ঠে (চেম্বারে) এ বছর আলু মজুদ রাখা হয়েছে ধারণক্ষমতার অতিরিক্ত।কৃষক ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, হিমাগারটিতে এবার আলু রাখা হয়েছে ৪০-৪৫ হাজার বস্তা। বেশি মুনাফা লাভের আশায় হিমাগার কর্তৃপক্ষ অতিরিক্ত এই আলু রেখেছেন। হিমাগারে বিকল্প বিদ্যুতের (জেনারেটর) ব্যবস্থা থাকলেও সেটি ঠিকমতো চালানো হয় না। এ কারণে সংরক্ষণ করা আলু পচে যাচ্ছে। আলু পচে যাওয়ার ঘটনা ধামাচাপা দিতে হিমাগার কর্তৃপক্ষ রাতের আঁধারে পচা আলু হিমাগার থেকে ট্রাকে অন্যত্র সরিয়ে ফেলছে।মেনানগর গ্রামের কৃষক আকমল হোসেন বলেন, আলুর দাম কম ছিল বলে স্ত্রীর গহনা বন্ধক রেখে ৫০ বস্তা আলু মজুদ করেছিলাম। কিন্তু আলু পচে যাওয়ার খবর শুনে চোখের ঘুম হারাম হয়ে গেছে।রহিমাপুর গ্রামের আলুচাষি মোজাম্মেল হোসেন বলেন, হিমাগারের অব্যবস্থাপনায় আলু পচে যাচ্ছে।ঘনিরামপুর গ্রামের কৃষক বাদশা মিয়া বলেন, হিমাগারে দালালে ভরে গেছে। আলু ঢোকানোর সময় এরা কৃষকদের কাছ থেকে বস্তাপ্রতি ১০-১৫ টাকা করে ঘুষ নিয়েছিলেন। তাঁরাই ধারণক্ষমতার বেশি আলোগুলো ঢোকানোর ব্যবস্থা করেন।কুশা ইউনিয়নের ইউপি মেম্বার আমজাদ হোসেন বলেন, হিমাগারে দালালেরা কৃষকদের নানাভাবে নাজেহাল করে। তাই হিমাগারটি দালালমুক্ত করার জন্য পোস্টারিং করা হয়েছে। পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ ও বাকি আলু ভালোভাবে সংরক্ষণের জন্য কৃষকেরা ৬ মে মিছিল করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘কৃষকেরা আমাকে অভিযোগ করেছে। আলু পচনের ঘটনা তদন্তের জন্য কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াজেদ বলেন, প্রকৃত ঘটনা জানার জন্য হিমাগারটি দুই-একদিনের মধ্যেই পরিদর্শন করা হবে।হিমাগারের পরিচালক কাজী মোস্তাক আহম্মেদ বলেন, ‘ধারণক্ষমতা যতটুকু, হিমাগারে আলু রাখা হয়েছে ততটুকুই। বিদ্যুৎ চলে যাওয়ার পর ঠিকমতো জেনারেটরও চালানো হচ্ছে। কয়েকজন চাষি দূষিত আলু রাখায় সেগুলো পচে গেছে। তবে তার পরিমাণ তিন-চার শ বস্তার বেশি নয়। বাকি আলু রক্ষার জন্য পচন ধরা আলুগুলো হিমাগার থেকে বের করে বাইরে রাখা হয়েছিল। এ ঘটনাকে পুঁজি করে কিছু সংখ্যক লোক আমার নিকট বিশেষ সুবিধা চায়। এটা না পেয়ে তারা এসব করছে।’