আদম ব্যবসায়ী জহুরুল হকের প্রতারণার ফাঁদে পা দিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার আরও পাঁচ যুবক নিঃস্ব হয়ে পথে বসেছে। প্রতারিত ব্যক্তিরা জহুরুল হক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন। আদালতের নির্দেশে পুলিশ জহুরুল হকের বাড়ির মালামাল ক্রোক করেছে। জহুরুল হক পলাতক রয়েছেন। অভিযোগে জানা যায়, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে জহুরুল হক কুর্শা পুরাতন চৌপথী গ্রামের সুলতান আহম্মেদ, তারাগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বকুল হোসেন ও রাসেল মণ্ডল, খাতা মধুপুর গ্রামের পাইলট ইসলাম বাবু এবং মিন্টু মিয়াকে সিঙ্গাপুরে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বেতনের চাকরির প্রস্তাব দেন। জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে প্রত্যেকে চার লাখ ৫০ হাজার করে টাকা দিলে জহুরুল ওই পাঁচ যুবককে সিঙ্গাপুরে পাঠান। সেখানে গিয়ে এই পাঁচ যুবক বিভিন্ন কোম্পানিতে নয় থেকে ১০ হাজার টাকা বেতনের লেবারের কাজ পায়। আট মাস পর কোম্পানির মালিকেরা এ যুবকদের দেশে পাঠিয়ে দেয়। এখন এই পাঁচ যুবক একেবারে নিঃস্ব। তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি স্থানীয় সাংসদকেও তাঁরা জানিয়েছেন। গত ৮ ডিসেম্বর জহুরুল হকের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় অভিযোগ করেছেন। এর আগে কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের রাজা মিয়া, কুর্শা দর্জি পাড়া গ্রামের শরিফুল ইসলাম জমি-জমা বিক্রি করে জহুরুল হককে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। রাজা ও শরিফুলকে সিঙ্গাপুরে পাঠানো হলেও তাঁরা সেখান থেকে প্রতারিত হয়ে দেশে ফিরেছেন। তাঁরা জহুরুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন। পুলিশ আদালতের নির্দেশে জহুরুল হকের বাড়ির মালামাল ক্রোক করেছে। জহুরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী লিপি বেগম বলেন, ‘সব ষড়যন্ত্র। আমার স্বামীকে হয়রানি করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এরা কেউ আমার স্বামীর মাধ্যমে বিদেশে যায়নি। অন্য লোক ধরে বিদেশে গিয়েছিল।’ ৬ ডিসেম্বর প্রথম আলোর আলোকিত উত্তরের পাতায় ‘তারাগঞ্জের আদম ব্যবসায়ীদের থাবা, নিঃস্ব হচ্ছে যুবকেরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর পুলিশ ও স্থানীয় প্রশাসন আদম ব্যবসায়ীদের সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্তও নিয়েছি। বিষয়টি ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে অবহিত করেছি। আর যাতে কোনো যুবক আদম ব্যবসায়ীর হাতে প্রতারিত না হয় সে জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সজাগ দৃষ্টি রাখতে বলেছি।