তারাগঞ্জে নিম্নমানের সেমাই ও খেজুরে বাজার সয়লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অবাধে বিক্রি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই ও খেজুর। অথচ এসব প্রতিরোধে এখন পর্যন্ত প্রশাসনের কোনো উদ্যোগ নেই।উপজেলার পাঁচটি ইউনিয়নে ছোট-বড় মিলে প্রায় ২৫টি হাটবাজার রয়েছে। এসব হাটবাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় ভেজাল দ্রব্যসামগ্রী বেচা-কেনা করছেন। এসব ভেজাল খাদ্যদ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে রং মেশানো নিম্নমানের লাচ্ছা সেমাই ও পচা খেজুর। উপজেলার ভেজালবিরোধী অভিযান ঝিমিয়ে পড়ায় অসাধু ব্যবসায়ীরা নির্বিঘ্নে এসব দ্রব্য বিক্রি করছেন।উপজেলার তারাগঞ্জ, ইকরচালী, বালাবাড়ী, চিকলী, বুড়িরহাট, ডাঙ্গীর, (মাঝেরহাট) বিড়াবাড়ী বাজারসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, নিম্নমানের এসব লাচ্ছা সেমাই ও খেজুর দেদারছে বিক্রি হচ্ছে। প্রতি কেজি লাচ্ছা সেমাই ৪৮ থেকে ৫০ টাকা এবং খেজুর প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইকরচালী বাজারের ব্যবসায়ী বিসাদু মিয়া জানান, কম দামের ও বেশি দামের দুই ধরনের লাচ্ছা সেমাই তাঁর দোকানে আছে। ক্রেতা যেটা চায়, সেটাই বিক্রি করছেন।বালাবাড়ী বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের দোষ ধরেন ক্যান। ক্রেতা কম দামের সেমাই চায় বলেই তো আমরা বিক্রি করি।’ডাঙ্গীরহাট বাজারের ব্যবসায়ী আশরাফুল বলেন, ‘ভাই, কোনটা আসল আর কোনটা ভেজাল সেমাই, তা তো আমরাও জানি না। কম দামের সেমাইয়ে যদি ভেজাল বেশিও থাকে, কিন্তু ক্রেতারা ওই সেমাই ছাড়া বেশি দামের সেমাই নিতেই চায় না।’ মাঝেরহাটের ব্যবসায়ী আনছার আলী বলেন, ‘আমরা তো সেমাই তৈরি করি না। সৈয়দপুর-রংপুর থেকে এনে বিক্রি করি। আসল না ভেজাল সেটা বুঝব কী করে।’ইকরচালী বাজারে কথা হয় সেমাই ক্রেতা আবদুল ছাত্তারের সঙ্গে। তিনি জানান, ভেজাল ছাড়া আসল জিনিসপত্র পাওয়া বড়ই কঠিন। ভেজালের ভিড়ে আসল এখন উধাও হয়ে গেছে।আরেক ক্রেতা মকবুল হোসেন জানান, এক শ্রেণীর অর্থলোভী ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছেন। তাঁরা লাচ্ছা সেমাই ছাড়াও নানান পণ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। প্রশাসনের লোক বিশেষ সুবিধা পাওয়ায় তারা এঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, এসব ভেজাল খাদ্যদ্রব্য খেলে মানুষ জটিল রোগে আক্রান্ত হবে এবং কিডনিরও মারাত্মক সমস্যা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘খোঁজ নিয়ে দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’