তারাগঞ্জে নৈশ কোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৩
রংপুরের তারাগঞ্জ উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কে আজ শুক্রবার ভোরে নৈশ কোচ ও ট্রাকের সংঘর্ষে তিনজন বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯ জন।নিহত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার আসরামপুর গ্রামের চন্দন কুমার (৩৬) ও বুলবুল আহমেদ (৩০)। অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে ঢাকা থেকে বুশরা নামের একটি নৈশ কোচ সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়। রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছার পর বাসটি ওই হাসপাতালের সামনে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চন্দন ও বুলবুল নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিও মারা যান। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। তাঁদের প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।