তারাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে লন্ডভন্ড হওয়া তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাছে। অর্থের অভাবে হতদরিদ্র পরিবারগুলো এখনো নতুর করে বাড়িঘর তৈরি করতে পারেনি।১৩ এপ্রিল গভীর রাতে বৈশাখী ঝড়ে পাঁচটি ইউনিয়নের শত শত বাড়িঘর, গাছপালা ও শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডভন্ড হয়। শিলাবৃষ্টির কারণে বোরো খেতেরও ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইকরচালী ও হাড়িয়ার কুঠি ইউনিয়নে। ওই দুই ইউনিয়নের লক্ষ্মীপুর, মাঝেরহাট, প্রামাণিকপাড়া, ডাঙ্গাপাড়া, ফকিরপাড়া, কসাইপাড়া, বাড়াইপাড়া, শাহ্পাড়া, দক্ষিণ হাজীপুর, পয়াতুপাড়া, জানেরপার, সর্দারপাড়া, মাটিয়ালপাড়া, মেনানগর, ছুট ইকরচালী, বড়াতী, বানিয়াপাড়া, কাশিয়াবাড়ী, দোলাপাড়া, জুম্মাপাড়া, চাঁন্দেরপুকুর, ডাঙ্গীরহাট, মধ্যপাড়া প্রভৃতি গ্রাম ঘুরে দেখা গেছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুঃখ-দুর্দশায় জর্জরিত। অর্থের অভাবে ঝড়ের সাত দিন পরও অধিকাংশ পরিবার তাদের ঘর মেরামত করতে পারেনি। লক্ষ্মীপুর গ্রামের আবেদা খাতুন (৪২) বলেন, ‘ভাইজান হামার একটা ঘরও খাড়া নাই। ঝড়ে সউক পড়ি গেইছে। টাকা-পয়সার অভাবে ঠিক করিবার না পারায় খোলা আকাশের নিচত দিন-রাইত থাকিবার নাগোছে।’ সর্দারপাড়া গ্রামের দিনমজুর আকমল হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৬) বলেন, ‘কাম হইলে হামার খাবার জোটে, না হইলে উপাস থাকিবার নাগে। এখন ফির কোনটে থাকি টাকা পামু, যা দিয়া ঘরগুলা খাড়া করমু।’ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান আমেনা খাতুন জানান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৬ এপ্রিল শুধু লক্ষ্মীপুর গ্রামের ২৯ জনকে ২০ কেজি করে চাল বিতরণ করতে এসে ক্ষতিগ্রস্ত আরও শত শত মানুষের দুর্দশা স্বচোখে দেখে গেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে জমা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। একই কথা বলেন, হাড়িয়ার কুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী।কুর্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ‘আমার ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জর্দিপাড়া, অনন্তপুর, দোলাপাড়া, ঝাকুয়াপাড়া, রহিমাপুর ও পাটনীপাড়া গ্রামের লোকজন। এখন পর্যন্ত কোনো সাহায্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কষ্টে আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, ১৬ এপ্রিল তিন মেট্রিক টন চাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল আরও ১৫ মেট্রিক টন চালের বরাদ্দ পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে এ চাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।