তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয়জন। আজ শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় তারাগঞ্জ উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কে জিগাতলা নেংটিছিড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহসিন আলী (৪০), সাদেকুল ইসলাম (৩০) ও মতলুবার রহমান (৪২)। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ওই স্থানে পৌঁছলে কুষ্টিয়া থেকে সৈয়দপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মহসিন আলী নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর একটার দিকে সাদেকুল ইসলাম ও মতলুবার রহমান নামের আরও দুইজন মারা যান। মাইক্রোবাসে ১২ জন যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি বদরগঞ্জ উপজেলার শেখেরহাট গ্রামে। তাঁরা দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তজিউ মন্দিরের মেলা থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ মাইক্রোবাস ও ট্রাকটি আটক করেছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।