তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে। রংপুর-সৈয়দপুর মহাসড়কের বালাবাড়ী এলাকায় আজ সোমবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চাপড়ারপাড় গ্রামের রহিমা খাতুন (২৮) এবং সদর উপজেলার পান্নারদিঘী শিরিনপার্ক এলাকার ট্রাকশ্রমিক কামরুল ইসলাম (৩৫) ও দীনেশ চন্দ্র রায় (২৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমা খাতুন বাড়ি থেকে ভ্যানে করে ইকরচালী বাজারে যাচ্ছিলেন। পথে বালাবাড়ী এলাকায় রংপুরগামী ইটবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রহিমা গুরুতর আহত হয়। এ দৃশ্য দেখে এলাকার লোকজন ট্রাকটিকে ধাওয়া করে। পরে ৫০০ গজ সামনে গিয়ে ট্রাকটির সঙ্গে সৈয়দপুরগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকশ্রমিক কামরুল ও দীনেশ ঘটনাস্থলে নিহত হন এবং মিনিবাসের ২০ জন যাত্রী আহত হয়। আহত লোকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে রহিমা খাতুনও মারা যায়।