বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গতকাল বুধবার বসেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আসর। চলচ্চিত্র অঙ্গনের তারকা কলাকুশলীসহ বিশিষ্ট ব্যক্তিদের এই মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১১ সালে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৫ জন শিল্পী ও কলাকুশলীকে পদক তুলে দেন। নায়করাজ রাজ্জাক পান আজীবন সম্মাননা পদক।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুন বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের অনেকেই এখন প্রত্যক্ষভাবে এই শিল্পের পাশাপাশি টেলিভিশন চ্যানেলেও কাজ করছেন। তিনি অন্য অনেক বিষয়ের পাশাপাশি শিশুদের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এফডিসির উন্নয়নে ৬০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও কলাকুশলীরা হলেন সেরা অভিনেতা ফেরদৌস আহমেদ (কুসুম কুসুম প্রেম), সেরা অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), সেরা সহ-অভিনেতা এম এ আলমগীর, সেরা সহ-অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা (কে আপন কে পর), সেরা প্রামাণ্য চলচ্চিত্র আলবদর, সেরা সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ (প্রজাপতি), সেরা খল চরিত্র শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), সেরা শিশু চরিত্র তারান্নুম ইলিয়াস খান সেমন্তী (খণ্ড গল্প-১৯৭১), সেরা গল্প লেখক মুহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সেরা নাট্যকার নাসির উদ্দীন ইউসুফ ও ইবাদুর রহমান (গেরিলা), সেরা সংগীতশিল্পী (পুরুষ) কুমার বিশ্বজিৎ (মা আমার চোখের মণি), সেরা সংগীতশিল্পী (মহিলা) নাজমুল মুনিরা ন্যান্সি (প্রজাপতি), সেরা গীতিকার শফিক তুহিন (প্রজাপতি), সেরা সংগীত পরিচালক ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সেরা ক্যামেরাম্যান এল অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), সেরা রেকর্ডিং রতন পাল (আমার বন্ধু রাশেদ), সেরা সম্পাদক সামির আহমেদ (গেরিলা), সেরা শিল্প পরিচালক অনিমেশ আইচ (গেরিলা), সেরা মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল (গেরিলা), সেরা পোশাক ডিজাইনার শিমুল ইউসুফ (গেরিলা)।