তারায় তারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপটি নিজের রঙে রাঙিয়ে দেবেন কে? ১৪ দলের হয়ে অংশ নেবেন মোট ২১০ জন ক্রিকেটার। তাই এখনই এই প্রশ্নের উত্তর দেওয়া বা পাওয়া সম্ভব নয়। তাই বলে এই আলোচনা কোনো অন্ধকার গলিতে মাথা ঠুকে মরবে না। কল্পরাজ্যে প্রিয় ক্রিকেটারকে বসিয়ে বরং তুমুলভাবেই চলবে হিসাব-নিকাশ। চলবে কি? বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত ক্রিকেটামোদীরা তো জ্যোতিষির খাতায় নাম লিখিয়ে ফেলেছেন।একতরফাভাবে আমদর্শককে দোষ দেওয়াটা অন্যায়। ভবিষ্যৎ-দ্রষ্টার ভূমিকায় আসলে পাকাপাকিভাবে নেমেছেন বোদ্ধাজনেরা। ২১০ জন ক্রিকেটারের প্রত্যেকেই উপমহাদেশের এই মহাযজ্ঞে অংশ নেবেন চোখ দুটো স্বপ্নতারা করে। কিন্তু বোদ্ধাদের সরস গবেষণার ফসল হিসেবে একটা নামই উচ্চারিত হচ্ছে বেশি করে—শচীন টেন্ডুলকার। এমনকি বিশ্বকাপ মাতানোর স্বপ্ন দেখছেন এমন ক্রিকেটারদেরও কেউ কেউ বলে ফিরছেন টেন্ডুলকারের নাম। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন তো সরাসরিই বলে দিয়েছেন, এবারের বিশ্বকাপ হবে শচীন টেন্ডুলকারের।এই বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের বয়স বিবেচনায় বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেন্ডুলকারই সবার সিনিয়র। মুরব্বির আসন তিনি পাচ্ছেন শুধু বিশ্বকাপ বিবেচনায়ও। ১৯৯২ থেকে ২০০৭—২১০ জনের মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে বিশ্বমঞ্চ কাঁপাতে নামছেন একমাত্র তিনিই।আরও তিন মহাতারকা মুত্তিয়া মুরালিধরন, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস নামছেন টানা চার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সঙ্গী করে। বয়স বলছে, টেন্ডুলকারের মতো মুরালিধরন, পন্টিং, ক্যালিসেরও এটাই শেষ বিশ্বকাপ। মুরালিধরন তো ‘শেষের’ ঘোষণা দিয়েই ফেলেছেন। এই বিশ্বকাপটা খেলবেন বলেই তো তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার ‘শেষ হয়েও হইল না শেষ’ হয়ে আছে। শেষ ধরে নিয়ে নামছেন ব্রেট লি, শন টেইট, শোয়েব আখতারও। এই তিন গতিতারকার ওপর বিশেষ দৃষ্টি থাকবে সবারই। লি, টেইট, শোয়েব আখতার—এই তিনজন তো বিশ্বকাপে আসছেন অনেকটা ভাগ্যের চাকায় চড়ে। অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক টেইট ক্রিকেটকে একবার ‘বিদায়’ই বলে দিয়েছিলেন। দীর্ঘদিন পর ফিরে এলেও পিছু ছাড়ছিল না চোট। ব্রেট লির অবস্থাও প্রায় একই। টেস্টকে ‘বিদায়’ বলে দিলেও বিশ্বকাপ খেলার আশায় প্রাণ রেখেছিলেন ওয়ানডে ক্যারিয়ারে। কিন্তু চোট এক বছরেরও বেশি সময় তাঁকে বেঁধে রেখেছিল মাঠের বাইরে। তবু বিশ্বকাপ খেলার স্বপ্নটা বিসর্জন দেননি তাঁরা। তাঁদের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে জায়গা নেওয়া তরুণদের বাজে পারফরম্যান্স ঠিক বিশ্বকাপের দোরগোড়ায় এসে খুলে দিয়েছে লি-টেইটের ভাগ্য।দুজনই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ঠাঁই পেয়েছেন। নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে বুঝিয়েও দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় অনেকটাই নির্ভর করছে তাঁদের ওপর। ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই শুধু অংশ নিয়েছিলেন লি। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে দলের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন মুখ্য ভূমিকা। চোটের কারণে চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে পারেননি লি। তাঁর জায়গায় এখনো পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি (৭১টি) গ্লেন ম্যাকগ্রার সঙ্গী হয়ে মঞ্চ মাতান টেইট—১১ ম্যাচে নেন ২৩ উইকেট; টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার চতুর্থ বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।এবারও অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে চাইছে গতির ঝড় তুলে। আর সেই ঝড় তোলার কাজটা করবেন লি-টেইট। শোয়েব আখতারের গল্পটা অন্য রকম। একের পর এক বিতর্কিত কাণ্ড ঘটিয়ে মাঠের চেয়ে মাঠের বাইরেই কাটিয়েছেন বেশি সময়। একটা সময় তো মনে হচ্ছিল, নিষেধাজ্ঞার খড়্গের নিচে থেকেই শেষ হয়ে যাবে তাঁর ক্যারিয়ার! পিসিবি নিষেধাজ্ঞা তুলে নিলেও সংশয় ছিলই। মুটিয়ে যাওয়া শোয়েব আখতারকে আবার দলে ফেরার সুযোগ করে দিয়েছে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া। তবে অগণনবারের মতো আবার ফিরে আসা শোয়েবকে মোটেই ‘পিন্ডি এক্সপ্রেস’-এর মতো লাগছে না। তবু গতি-ঝড়ের কারণে শোয়েবের দিকে দৃষ্টি থাকবেই। তা ছাড়া শোয়েব বড় আসরের বোলার। এর প্রমাণ তিনি আগেই দিয়েছেন। ১৯৯৯ ও ২০০৩—দুটি বিশ্বকাপে অংশ নিয়ে ১৬ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। এর মধ্যে ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপে রীতিমতো ঝড় তুলে বড় ভূমিকা রেখেছিলেন দলকে ফাইনালে তোলায়।পাঁচ, চার, তিন ও দুটি করে বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে অনেকেই খেলতে নামবেন ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ। ক্রিকেটীয় সামর্থ্য আর ধুন্ধুমার আধুনিক ক্রিকেটে মানানসই বলে বিশ্বকাপে নবীন অনেক ক্রিকেটারও থাকবেন আলোচনার কেন্দ্রে।টেস্টের এক নম্বর দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন, ভারতের অলরাউন্ডার ইউসুফ পাঠান, ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ানরা বর্তমান ক্রিকেটের আলোচিত নাম। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ-মঞ্চে তাঁরা কেমন করেন, সেটা দেখার কৌতূহলটা বড়ই হবে। বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের মোড় যেকোনো সময় ঘুরিয়ে দিতে জানেন; তাই বীরেন্দর শেবাগ, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসনরা বড় আকর্ষণ হয়েই থাকবেন, যদিও অতীত বলছে, বিশ্বকাপ ‘ছক্কার মাস্টার্স’ শেবাগ-আফ্রিদির জন্য হতাশার নাম। আফ্রিদির কাছে তো বিশ্বকাপ দুঃস্বপ্নের নামান্তর। ১৯৯৯, ২০০৩, ২০০৭—গত তিনটি বিশ্বকাপেই অংশ নিয়েছেন, অথচ ‘আফ্রিদীয়’ ইনিংসের দেখা মেলেনি একবারও। তিন বিশ্বকাপে ১২ ম্যাচে সংগ্রহ মোটে ১২৫ রান, গড় ১১.৩৬! বল হাতেও জ্বলে ওঠা হয়নি। ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। গত দুুটি বিশ্বকাপ খেলে শেবাগ ১৪ ম্যাচে করেছেন ৩৩.০৭ গড়ে ৪৬৩ রান। সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি দুটি। শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা দুটি বিশ্বকাপের ২১ ম্যাচে করেছেন ৫২৬ রান, গড় ৩০.৯৪। পরিসংখ্যানই বিচার্য হলে শেন ওয়াটসনও পড়ে থাকেন আলোকিত বৃত্তের বাইরেই। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ব্যাট হাতে নেমেছেন ৮ ম্যাচের ৬টিতেই, যদিও নেমেছেন নিচের দিকে। তাই ব্যাটে রানের বান ছোটানোর সুযোগ সেভাবে পাননি। করেছেন মাত্র ১৪৫ রান। একবার মাত্র আউট হওয়ায় গড়ও ১৪৫। সঙ্গে উইকেট ছিল ৪টি। তবে এই পরিসংখ্যানের সাধ্য নেই বর্তমানের ওয়াটসনকে বোঝায়। বছর তিনেক ধরেই ওয়াটসন অস্ট্রেলিয়ার বড় ভরসার নাম। ব্যাটে না পারলে বলে, কখনো কখনো সমান কার্যকর দুই ভূমিকাতেই। অস্ট্রেলিয়ার টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নে ওয়াটসনই হবেন অধিনায়ক পন্টিংয়ের অন্যতম প্রধান অস্ত্র। বাংলাদেশের সাকিব-তামিম-আশরাফুলরাও কি আলো কাড়বেন না? কাড়বেন নিশ্চয়। সাকিব ওয়ানডের সেরা অলরাউন্ডার, বিশ্ববাসীর দৃষ্টি তাঁর ওপর না পড়ে পারেই না। সহজাত ব্যাটিং করে ক্রিকেট-বিশ্বে গত বিশ্বকাপেই একটা বার্তা দিয়ে রেখেছেন তামিম। আশরাফুলের প্রতিভার ঝলকও ক্রিকেট-দুনিয়ার অজানা নয়। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক আশরাফুল। বাংলাদেশ দলে আগের দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও একমাত্র তাঁরই। গত বিশ্বকাপে বাংলাদেশের তিন জয়ের দুটিতেই ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। আশরাফুলকে আবারও জাগিয়ে তুলতে বিশ্বকাপ হয়তো জীয়নকাঠি হয়েই আসছে।তবে যত নামই আসুক, বিশ্বকাপে আসল আলোটা থাকবে বয়সের ভারে বিদায়পথের যাত্রী টেন্ডুলকার, পন্টিং, ক্যালিসদের ওপরই। যত বয়স বাড়ছে, ততই যেন খোলতাই হচ্ছে ব্যাটসম্যান টেন্ডুলকারের রূপ। সাইত্রিশে পৌঁছে টেন্ডুলকার যেন ফিরে পেয়েছেন ভরা যৌবন। ওয়ানডে বেছে বেছে খেললেও টেস্টে গত বছরে ছিলেন সর্বোচ্চ রানের মালিক। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রিকেটে বলতে গেলে অপ্রাপ্তি নেই কিছুই। টেস্ট-ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকের অতৃপ্তি একটাই—বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি কখনো। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে এই অপূর্ণতাটা পূরণ করতে মরিয়া টেন্ডুলকার। কতটা, সেটা ফুটে উঠেছে আধুনিক ব্র্যাডম্যানের সাম্প্রতিক কথাবার্তাতেই। অন্য অনেকবারের মতো এই সেদিনও এক পুরস্কার নিতে গিয়ে বলেছেন, ‘আমি একটা কিছু জিততে চাই। সবাই জানে সেটা কী।’ সেটা বিশ্বকাপ। জীবনে স্মরণীয় ইনিংস অনেক খেলেছেন। আজন্মলালিত সাধ পূরণে এবারও যে স্মরণীয় কিছু করার চেষ্টা টেন্ডুলকার করবেন, তা নিশ্চিত করেই বলা যায়। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান তাঁর (৩৬ ম্যাচে ৫৭.৯৩ গড়ে ১৭৯৬, ৪ সেঞ্চুরি, ১৩ হাফ সেঞ্চুরি)। ধারেকাছে আছেন শুধু অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (৩৯ ম্যাচে ৪৮.০৩ গড়ে ১৫৩৭, ৪ সেঞ্চুরির পাশে ৬ হাফ সেঞ্চুরি)। দুজনের ব্যাটের যে ছন্দ, তাতে বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ডটি শেষ পর্যন্ত টেন্ডুলকারের দখলেই হয়তো থেকে যাবে। তবে এটি নিয়ে ভাবার সময় কোথায় পন্টিংয়ের! অস্ট্রেলীয় অধিনায়কের জন্য এই বিশ্বকাপ বড় এক চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি অ্যাশেজ হারের লজ্জার রেকর্ড গড়েছেন। এবার অধিনায়ক হিসেবে টানা তিনটি বিশ্বকাপ জিতে পন্টিংয়ের সামনে সেই লজ্জা নিবারণের সুযোগ। পন্টিং চেষ্টা চালাবেন অবশ্যই। কিন্তু সেই স্বপ্ন পূরণের স্বপ্ন দেখা বাদ দিয়ে পন্টিংকে গত কিছুদিন ব্যস্ত থাকতে হয়েছে চোটমুক্তির চেষ্টায়। ব্যাট হাতে খারাপ সময়। অধিনায়কত্ব নিয়ে আগেই উঠে গেছে প্রশ্ন। এর মধ্যে চোটের কারণে খেলার বাইরে আছেন বেশ কিছুদিন। এর পরও বিশ্বকাপটি পন্টিংয়ের হয়ে যেতে পারে। বড় ম্যাচে বড় ইনিংস খেলাটা তাঁর সহজাত গুণ। এই গুণের নমুনা অতীতে অনেকবার মিলেছে।সব সংশয় ঠেলে তাই বিশ্বকাপ পন্টিংয়ের রঙে রঙিন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অবাক হওয়ার কিছু থাকবে না বিশ্বকাপটি শেষ পর্যন্ত জ্যাক ক্যালিসের হলেও। বিশ্বকাপ মানেই দক্ষিণ আফ্রিকার হতাশার নিয়তি। বড় মঞ্চে বারবার ব্যর্থ হওয়ায় জুটেছে ‘চোকার’ অপবাদ। ক্যালিসের ব্যাট অবশ্য ব্যর্থতার সাক্ষ্য বহন করে না। চার বিশ্বকাপে ২৯ ম্যাচে তাঁর রান ৫১.২৭ গড়ে ৯২৩। কদিন আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে আগুনের স্ফুলিঙ্গ ঝরিয়েছেন ক্যালিস। বিশ্বকাপে সতেজ ক্যালিসকে পেতে ওয়ানডে সিরিজে তাঁকে দেওয়া হয় বিশ্রাম। শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে ক্যালিসও নিশ্চয় মরিয়া চেষ্টাই চালাবেন।বিশ্বকাপ কখনো কখনো বড় রহস্যময় আচরণ করে। এত নাম ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার পরও যেমন দেখা যেতে পারে, হিসাবের বাইরের কেউ এসে কাঁপিয়ে দিলেন চারপাশ! ১৯৯৯ বিশ্বকাপে যেমন দিয়েছিলেন ল্যান্স ক্লুজনার। এবারও টেন্ডুলকার-পন্টিং-মুরালিধরনকে নিয়ে মাতামাতি দেখে কোনো ‘ক্লুজনার’ অলক্ষ্যে হাসছেন কি না কে জানে!