তারুণ্যের শপথ, লড়াই চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ উদ্ধার হয়েছিল রায়েরবাজার বধ্যভূমি থেকে। স্বাধীনতার ৪২ বছর পর সেই রায়েরবাজার বধ্যভূমিতে দাঁড়িয়ে রাজপথে থাকার শপথ নিয়েছে তরুণ প্রজন্ম। তরুণেরা বলেছেন, মানবতা-বিরোধী অপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে আজ রোববারের হরতাল প্রত্যাহারের ডাকও দিয়েছেন তরুণেরা। ৫ ফেব্রুয়ারি যে আন্দোলন শুরু হয়েছিল, গতকাল শনিবার ছিল সেই আন্দোলনের ১৯তম দিন। তবে শাহবাগের বাইরে গতকালই ছিল গণজাগরণ মঞ্চের প্রথম মহাসমাবেশ। বেলা সাড়ে তিনটায় এ মহাসমাবেশ শুরু হয়। জাতীয় পতাকা হাতে নানা শ্রেণী-পেশার মানুষ এ অনুষ্ঠানে যোগ দেন। বিকেল পাঁচটা ২০ মিনিটে উপস্থিত জনতাকে নিয়ে শপথ করেন ব্লগারস অ্যান্ড অনলাইন নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এ সময় হাজার হাজার কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হয়, ‘আমরা শপথ করছি যে, কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দেশবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী ও তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবেই। আমরা শপথ করছি যুদ্ধাপরাধীদের সব অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বয়কট করব। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যুদ্ধাপরাধীদের প্রতিহত করব, তাদের সব গণমাধ্যম বয়কট করব।’ রোববারের হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়ে ইমরান সরকার বলেন, ‘একাত্তরে যে শক্তি বিরোধিতা করেছিল, বাংলাদেশে আজ ৪২ বছর পর সেই অপশক্তি তাদের হিংস্র নখর দিয়ে ক্ষতবিক্ষত করছে বাংলাদেশকে। তারা আজ শহীদ মিনারে হামলা চালিয়েছে। জাতীয় পতাকা ছিঁড়ে পদদলিত করেছে। এসব দেখে আজ মনে হচ্ছে, জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরোনো শকুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শকুনদের পরাজিত করব। রোববার জামায়াত-শিবির যে হরতাল ডেকেছে, প্রতিটি গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ও পাড়া-মহল্লায় আপনারা জামায়াত-শিবিরের সেই হরতালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের পবিত্র এই দেশের এক ইঞ্চি জায়গাও জামায়াত-শিবিরকে ছাড়বেন না।’জামায়াত-শিবিরের হামলায় পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা তুলে ধরে সমাবেশ থেকে বলা হয়, ‘হানাদার বাহিনীর বিরুদ্ধে ২৫ মার্চ রাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই দেশের সাহসী পুলিশ সদস্যরা। আপনারা এখনো সেই সাহসী ভূমিকায় উত্তীর্ণ হয়ে দেশের শত্রু জামায়াত-শিবিরের বিরুদ্ধে সাহসী ভূমিকায় নামুন। সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে।’গণমাধ্যমের কর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার নিন্দা জানিয়ে সমাবেশ থেকে বলা হয়, ‘২০১৩ সালের এই গণ-আন্দোলন যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তাহলে সাংবাদিকেরা সেই এই যুদ্ধের সারথি। আপনারা শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কয়সারের উত্তরসূরি। আপনারা ভয় পাবেন না। সারা বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে আছেন। এ লড়াই আমাদের সবার। আমাদের বিজয় সুনিশ্চিত।’এর আগে দুপুর থেকেই জাতীয় পতাকা হাতে দলে দলে মানুষ জড়ো হন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। হাজার হাজার মানুষে ভরে ওঠে সমাবেশস্থল। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট কলেজ, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাইস্কুল, জিগাতলা বিকাশ কেন্দ্র, কিশলয় বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী মিছিল করে সমাবেশে যোগ দেয়। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রায়েরবাজার স্মৃতিসৌধ। মঞ্চে চলে প্রতিবাদী গান। বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমাবেশ শুরু হয়। জাতীয় সংগীতের পর এ আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রনেতারা বক্তব্য দেন। ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, যে জামায়াত-শিবির চক্র জুমার নামাজ না পড়ে মসজিদে বোমাবাজি করেছে, ইমামকে লাঞ্ছিত করেছে, তাদের শরিয়াহ আইনে বিচার করতে হবে। ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। তারা ধার্মিক নয়, ধর্মব্যবসায়ী। জামায়াতের রাজনীতি হত্যার রাজনীতি।’ বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক হিল্লোল রায় বলেন, ‘একটা পতাকা ছিঁড়েছেন। ১৬ কোটি বাঙালির হূদয়ে আজ ১৬ কোটি পতাকা উড়ছে। সেগুলো কীভাবে পোড়াবেন? সামনে আসেন, আমরা দেখতে চাই।’ সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিপ্লবী ছাত্র সংহতির সভাপতি রাশিদুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রমৈত্রীর সভাপতি সালমান রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ ও ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সামিয়া রহমান।সমাবেশ পরিচালনা করেন ব্লগার মারুফ রসুল। নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাংবাদিক অঞ্জন রায় ও যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান সমাবেশে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ ফজলে নূর তাপস, সিপিবির নেতা আহসান হাবিব ও জাসদের নেত্রী শিরীন আখতার সমাবেশে সংহতি জানিয়েছেন। প্রতিবাদের একই ভাষা, একই দাবি: শাহবাগ ও রায়েরবাজার। রাজধানীর ভিন্ন দুটি এলাকা। প্রায় তিন সপ্তাহ ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তরুণদের অভূতপূর্ব আন্দোলন শাহবাগকে দিয়েছে নতুন পরিচিতি। আর রায়েরবাজারের সঙ্গে বাংলাদেশের অভ্যুদয়ের সময়ের করুণ ইতিহাস জড়িয়ে আছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে এর বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল। নতুন ইতিহাসের নির্মাতারা সেই পুণ্যভূমিতে গিয়েই করুণ স্মৃতি স্মরণ করলেন গতকাল শনিবার। তাঁরা বললেন, ‘চেতনাকে শাণিত করার জন্যই এ আয়োজন। বুদ্ধিজীবীদের মহান স্মৃতি নতুন লড়াইয়ে জোগাবে প্রেরণা।’ রায়েরবাজারে কাছের আজিজ খাঁ রোডের বস্তি থেকে এসেছেন গৃহবধূ তানিয়া খাতুন। সঙ্গে তিন বছরের ছেলে জাকির হোসেন। শাহবাগের আন্দোলনের কথা শুনেছেন লোক মুখে, দেখেছেন টিভিতে। সেই শাহবাগের মানুষ আসবে, এই সংবাদে ছুটে এসেছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বললেন, ‘হেগো (আন্দোলনকারীরা) কথার মধ্যে তো কোনো ভুল নাই। যারা যুদ্ধে মানুষ মারছে, শাস্তি তো তাগো হওয়াই দরকার।’ স্মৃতিসৌধের কাছাকাছি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ গতকালের সমাবেশে ছিল চোখে পড়ার মতো। মোহাম্মদপুরের তাজমহল রোডের কিশলয় গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রায় আট শ শিক্ষার্থী এসেছিল সমাবেশে। সৌধের এক পাশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে মত্ত তারা। শিক্ষার্থীদের একজন দশম শ্রেণীর ছাত্রী আইভি আকতার শাহবাগেও গিয়েছিল। বইয়ে পড়া আর নাটক-সিনেমায় দেখা যুদ্ধদিনের সময়টা এখন জীবন্ত মনে হয়, জানায় আইভি। রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র ওবায়দুল ইসলাম বললেন, ‘শুনেছি, একাত্তরেও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা ছড়ানো হতো। সময় ভিন্ন হলেও পরিস্থিতি একই।’